জয়পুরহাটে রোববার ও সোমবার হরতাল
কাল রোববার ও পরশু সোমবার জয়পুরহাট জেলায় ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। জেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম অপহূত হওয়ার ঘটনার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করেছে তারা।জয়পুরহাট থানার পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ১১ এপ্রিল রাত ১২টার দিকে ১৫-২০ জন সাদা পোশাকধারী ব্যক্তি বাসায় ঢুকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে নজরুল ইসলামকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যান। এ ঘটনায় নজরুল ইসলামের স্ত্রী সালমা সুলতানা জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আট দিন পরও নজরুল ইসলামের খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় ১৮-দলীয় জোট জয়পুরহাট জেলায় ৩৬ ঘণ্টার হরতালের ডাক দেয়।১৮-দলীয় জোটের জয়পুরহাটের আহ্বায়ক জেলা বিএনপির সভাপতি ও জয়পুরহাট-১ আসনের সাংসদ মোজাহার আলী প্রধান এবং জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের আমির মামুনুর রশিদ জানান, নজরুল ইসলামকে উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনকে গত শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু প্রশাসন তাঁর কোনো খোঁজ দিতে পারেনি। জয়পুরহাটের পুলিশ সুপার হামিদুল আলম বলেন, নজরুল ইসলামের খুঁজে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।