জয়পুরহাটে সোমবার হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে আগামীকাল সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জয়পুরহাট ইসলামী ছাত্রশিবির জেলা কমিটি। ইসলামী ছাত্রশিবিরের কর্মী হত্যা এবং জামায়াত ও শিবিরের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে হরতালের ডাক দেয় জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠনটি। ৫ নভেম্বর জামায়াত ও ছাত্রশিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে মাদ্রাসার ছাত্র বদিউজ্জামান গুরুতর আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার ভোরে ঢাকা সিটি হাসপাতালে মারা যায় সে। বদিউজ্জামানকে ছাত্রশিবিরের কর্মী বলে দাবি করে জয়পুরহাট জেলা ছাত্রশিবির। তবে বদিউজ্জামানের পরিবার থেকে দাবি করা হয়, বদিউজ্জামান রাজনীতির সঙ্গে জড়িত নয়। বদিউজ্জামানের মা গতকাল রাতে শিবিরের দুই কর্মী আমিনুল ইসলাম ও এরফান আলীর নাম উল্লেখসহ অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে হরতালের সমর্থনে আজ শহরের পূর্ব বাজার মসজিদ রোড এলাকায় ইসলামী ছাত্রশিবির মিছিল করে।জয়পুরহাট জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আসলাম হোসেন প্রথম আলো ডটকমকে জানান, শিবিরকর্মী বদিউজ্জামান হত্যা ও জামায়াত-শিবিরের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সোমবার জয়পুরহাট জেলায় হরতাল ডাকা হয়েছে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হরতালের বিষয়টি তাঁর জানা নেই। তবে আইনশৃঙ্খলা রক্ষায় শহরে প্রচুর পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।