জয়পুরহাট ৩ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনে করা মামলায় ২০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আদালত সাজা পাওয়া প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেছেন। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার খেদাছড়া ২৯ রাইফেল ব্যাটালিয়নের মামলায় রায়ের তারিখ আগামী ১৩ জানুয়ারি এবং দিনাজপুরের ফুলবাড়ী ৪০ রাইফেল ব্যাটালিয়নের মামলায় রায়ের দিন ১৬ জানুয়ারি ধার্য করা হয়েছে।এ ছাড়া বিডিআর বিদ্রোহের ঘটনায় কুষ্টিয়া সেক্টর ৩২ ও ৩৫ রাইফেল ব্যাটালিয়নের ৭৩ জনের বিরুদ্ধে করা মামলার রায় আগামী ২ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।জয়পুরহাটে ২০ জনের কারাদণ্ড: জয়পুরহাট ৩ রাইফেল ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত ১৩-এর কার্যক্রম গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় শুরু হয়। বিচারকমণ্ডলীর সভাপতি বিডিআরের দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল মো. সালেহ আহমদ আসামিদের উপস্থিতিতে রায় পড়ে শোনান। ২০ আসামিকে চার মাস থেকে সর্বোচ্চ সাড়ে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড দেন আদালত। সেপাই ওহিদুল ইসলামকে সাড়ে পাঁচ বছরের সাজা, নায়েক ওবায়দুল ইসলামকে পাঁচ বছরের, সেপাই বিপ্লব হোসেনকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেপাই মফিজুল হক তিন বছর নয় মাস, সেপাই রবিউল ইসলাম তিন বছর তিন মাস, সেপাই ফিরোজ উদ্দীন ও সেপাই আবদুল মান্নানকে তিন বছরের সাজা দেওয়া হয়। দুই বছরের সাজা পেয়ছেন সেপাই আবদুল লতিফ, হাবিলদার সিদ্দিকুর রহমান ও ল্যান্সনায়েক আবদুল করিম। সেপাই আবদুর রাজ্জাক ও সেপাই আবদুল করিমকে এক বছর ছয় মাস এবং সেপাই আফজাল হোসেনকে এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। সেপাই মনিরুল ইসলামকে নয় মাস, সেপাই জামাল উদ্দীন, সেপাই আনিসুর রহমান, সিগন্যালম্যান আসাদুজ্জামান ও সেপাই হাফিজুর রহমানকে ছয় মাস এবং সেপাই জাবিরুল ইসলাম ও সেপাই আক্তারুজ্জামানকে চার মাসের সাজা দেওয়া হয়। রায় ঘোষণার পর এঁদের কড়া পুলিশ পাহারায় জয়পুরহাট জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনার সঙ্গে একাত্মতা ঘোষণা করে দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু জওয়ান বিদ্রোহ করেন। জয়পুরহাট ৩ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় ব্যাটালিয়নের সুবেদার মেজর শফিকুল ইসলাম বাদী হয়ে ওই ২০ জন বিডিআর সদস্যের বিরুদ্ধে বিডিআর আইনে মামলা করেন। খাগড়াছড়িতে রায় ১৩ জানুয়ারি: খাগড়াছড়ি সদর সেক্টরে স্থাপিত বিশেষ আদালত-১৫-এ গতকাল সকাল ১০টায় বিচারকাজ শুরু হয়। শুরুতে মামলার কৌঁসুলি (প্রসিকিউটর) লে. কর্নেল মেফতাউল করিম সাক্ষীদের সাক্ষ্য ও আসামিদের যুক্তি আদালতে পড়ে শোনান। এ সময় কৌঁসুলি বলেন, চারজন দোষ স্বীকার করে আদালতে অনুকম্পা চেয়েছেন। এতে প্রমাণিত হয়, আসামিরা বিডিআর বিদ্রোহে সরাসরি জড়িত। তিনি আসামিদের উপযুক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আবেদন করেন।এরপর আদালত অভিযুক্তদের আইনি সহায়তাকারী মেজর নাইমুল আলমের মাধ্যমে আসামিদের কোনো বক্তব্য আছে কি না জানতে চান। ৪৭ জন আসামির মধ্যে চারজন আদালতে তাঁদের বক্তব্য উপস্থাপন করেন। তাঁরা নিজেদের নির্দোষ দাবি করে আদালতে সুবিচার চান। বেলা দুইটায় আদালতের সভাপতি আগামী ১৩ জানুয়ারি রায়ের দিন ধার্য করেন।ফুলবাড়ীতে রায় ১৬ জানুয়ারি: ফুলবাড়ী ৪০ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৩-এ গতকাল দুপুর ১২টায় মামলার বাদী ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুরু হয়। আসামিরা প্রত্যেকে তাঁদের সাফাই বক্তব্য লিখিতভাবে আদালতে পেশ করেন। বিকেলে মামলার কৌঁসুলি (প্রসিকিউটর) ৪০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আমিরুল ইসলাম শিকদার আসামিদের যুক্তি খণ্ডন করে শাস্তি দাবি করেন। এরপর ১৬ জানুয়ারি রায়ের দিন ধার্য করে এদিন বেলা ১১টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়। আদালতে সভাপতিত্ব করেন বিডিআর দিনাজপুর সেক্টরের অধিনায়ক কর্নেল সালেহ আহমাদ। কুষ্টিয়ায় রায় ২ ফেব্রুয়ারি: কুষ্টিয়া সেক্টরে স্থাপিত বিশেষ আদালত-১৭-এ সভাপতিত্ব করেন বিডিআরের কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল নজরুল ইসলাম সরকার। সকাল সাড়ে আটটায় পর্যায়ক্রমে ৩২ রাইফেল ব্যাটালিয়নের ৪০ জন, কুষ্টিয়া সেক্টরের ১৫ ও চুয়াডাঙ্গা ৩৫ রাইফেল ব্যাটালিয়নের ১৮ জন আসামিকে আদালতে হাজির করা হয়। আদালতের কার্যক্রম শুরু হলে পর্যায়ক্রমে মামলার কৌঁসুলি (প্রসিকিউটর) ৩২ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল খোন্দকার আইনুল জামাল, সেক্টর সদরের পক্ষে মেজর শেখ আনোয়ারুল হক ও চুয়াডাঙ্গার ৩৫ রাইফেল ব্যাটালিয়নের পক্ষে লে. কর্নেল সুলতান আহমেদ বক্তব্য দেন। শোনা হয় আসামিদের বক্তব্যও। এরপর আদালত আগামী ২ ফেব্রুয়ারি রায় ঘোষণার তারিখ ধার্য করেন।[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন জয়পুরহাট, খাগড়াছড়ি ও ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি এবং কুষ্টিয়া অফিস]