জয়পুরহাটে ৫ শিবিরকর্মী গ্রেপ্তার
জয়পুরহাট শহরের একটি ছাত্রাবাস থেকে পাঁচ শিবিরকর্মীকে গ্রেপ্তার করে আজ শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে জয়পুরহাট সদর থানা পুলিশ তাঁদের শহরের দেওয়ানপাড়া জিএম ছাত্রাবাস থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া যুবকেরা হলেন, জয়পুরহাট সরকারি কলেজের ছাত্র আবু হানিফ (২০), ইব্রাহিম হোসেন (২১), আনিছুর রহমান (২৩), আমিনুল ইসলাম (১৯) ও ফারুক হোসেন (২১)। জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল জানান, গ্রেপ্তার ব্যক্তিরা কালাই থানার একটি মামলার সন্দেহভাজন আসামি। তাঁরা ইসলামী ছাত্রশিবিরের সক্রিয় নেতা-কর্মী। আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।ওই মামলার তদন্তকারী কর্মকর্তা কালাই থানার উপপরিদর্শক (এসআই) তাহসিন জামান জানান, মামলাটি তদন্ত করতে গিয়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। বিষয়টি জয়পুরহাট থানাকে অবহিত করলে ওই থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। তাহসিন জামান আরও জানান, গত ১৯ সেপ্টেম্বর কালাইয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দিলে কালাই থানা পুলিশ এ মামলা দায়ের করে। এদিকে জয়পুরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুল খালেক দাবি করেন, তাঁদের সংগঠনের পাঁচ নেতা-কর্মীকে অন্যায়ভাবে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁরা কালাইয়ের কথিত ওই মামলার সঙ্গে আদৌ জড়িত নন। এবং মামলার এজাহারেও তাঁদের নাম নেই।