জয়পুরহাটের আলু চাষিদের মুখে হাসি
মৌসুমের শুরুতেই সাদা জাতের হল্যান্ড আগাম আলু চাষ করে জয়পুরহাটে কৃষকেরা এবার বেজায় খুশি। এক সপ্তাহ ধরে আগাম জাতের লাগানো সাদা হল্যান্ড আলু ও লাল গুটি আলু বাজারে উঠতে শুরু করেছে। হাটবাজারে দামও বেশ ভালো। প্রতি মণ আলু বিক্রি হচ্ছে প্রকারভেদে এক হাজার ১০০ থেকে এক হাজার ২০০ টাকা পর্যন্ত। এ বছর চরা দামে আলুর বীজ কিনে আলু রোপণ করতে গিয়ে খরচ কিছুটা বেশি হলেও বর্তমান বাজার দামে বিঘাপ্রতি ১০ হাজার টাকা থেকে ১৩ হাজার টাকা লাভ করছেন কৃষকেরা। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর জয়পুরহাট জেলার সদর, আক্কেলপুর, ক্ষেতলাল ও পাঁচবিবি উপজেলার পলি এলাকার ভিটেমাটিতে আগাম জাতের আলু চাষ করে বিঘা প্রতি ৪০ থেকে ৪৮ মণ আলু উত্পাদিত হচ্ছে। কৃষকেরা জানান, প্রতি বিঘা জমিতে আলুবীজ, সার, খৈল, কীটনাশক ওষুধ, সেচ ও মজুরি বাবদ ২০-২৫ হাজার টাকা বিঘাপ্রতি উত্পাদন খরচ হয়েছে। প্রতি বিঘা আলু বর্তমান বাজারে বিক্রি করে কৃষকদের ভালোই লাভ হচ্ছে। এ বছর রাসায়নিক সারের দাম কম হলেও প্রতি বস্তা ৮০ কেজি ওজনের আলুবীজ বিক্রি হয়েছে দুই হাজার ৮০০ টাকা থেকে তিন হাজার টাকা। জয়পুরহাট জেলার পলি এলাকার সাহাপুর, পালি, ধুলাতর, দাদড়াজন্তিগ্রাম, জামালপুর, চান্দা, মহব্বতপুর, আওয়ালগাড়ী, ইসমাইলপুর, মাতাপুর, পালসা, আমিড়া, জিয়াপুর, পুরানাপৈল, গতনশহর, আয়মাবাট্টাসহ বিভিন্ন পলি এলাকার ভিটেমাটিতে আগাম জাতের আলুর ব্যাপক চাষ হয়েছে।জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় চলতি মৌসুমে ৩৩ হাজার ৪০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পরিমাণ জমি থেকে সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন আলু উত্পাদিত হবে বলে কৃষি বিভাগ আশা করছে। জয়পুরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নুরুজ্জামান মণ্ডল জানান, জেলার সদর ও আক্কেলপুর উপজেলার পলি এলাকায় সাদা হল্যান্ড জাতের আগাম আলু বেশি চাষ হয়ে থাকে। এ বছর পাঁচ হাজার হেক্টর জমিতে শুধু আগাম জাতের আলু চাষ হয়েছে। বর্তমান বাজার দরে কৃষকেরাও লাভবান হচ্ছেন।