জয়শূন্যই থাকল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ: ৫০ ওভারে ২৪৭/৬ভারত: ৪৩ ওভারে ২৪৯/৪ফল: ভারত ৬ উইকেটে জয়ীআনুষ্ঠানিকতা রক্ষার ম্যাচ থেকে কী পেতে পারত বাংলাদেশ? পেতে পারত একটা জয়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারির এক-চতুর্থাংশ ভরিয়ে তোলা দর্শকেরা তাতে আনন্দে উদ্বাহু হতো। ক্রিকেট নিয়ে যাদের আবেগ আছে, তারা সান্ত্বনা পেত—তবু তো হলো!কিন্তু হলো না। আইডিয়া কাপে নিজেদের শেষ ম্যাচেও আগের তিন ম্যাচের বাংলাদেশকেই দেখল সবাই। টসে হেরে প্রথমে ব্যাটিং। শুরুর বিপর্যয়ের পর কারও বুক চিতিয়ে দাঁড়িয়ে যাওয়া। ৯৫ রানে ৫ উইকেট হারানোর পর ৬ উইকেটে ২৪৭ রান—সেটাও তো আগের ম্যাচগুলোরই প্রতিচ্ছবি। এরপর শিশিরভেজা বল হাতে বোলারদের আরও একবার সংগ্রাম করা। যার শেষ দৃশ্যে ব্যাট উঁচিয়ে ধরলেন বিরাট কোহলি। ৭ ওভার বাকি থাকতে ভারতকে ৬ উইকেটে ম্যাচ জেতানোর আনন্দে তো বটেই, এই উদ্যাপন ম্যাচ জেতানোর নায়ক হওয়ার কিংবা ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করারও।আগের দুই ম্যাচে অপরাজিত ৭১ ও ৯১ রানের পর এই সিরিজে একটা সেঞ্চুরি পাওনাই হয়ে দাঁড়িয়েছিল কোহলির। সৈয়দ রাসেলের বলে ৮৩ রানে ডিপ মিড উইকেটে সহজ ক্যাচ ফেলে তাঁকে সেই ‘প্রাপ্য’ বুঝিয়ে দিয়েছেন মোহাম্মদ আশরাফুল। শিশির বল আর আশরাফুলের হাত দুটোকেই কাল একটু বেশি পিচ্ছিল বানিয়ে দিয়েছিল বোধ হয়। নইলে মাত্র ৩ বল পর সেই একই জায়গায় ঠিক একইভাবে আরেকটা ক্যাচ কীভাবে পড়ে আশরাফুলের হাত থেকে? উইকেট-বঞ্চিত বোলারের নাম এবার সাকিব আল হাসান, ব্যক্তিগত ১০ রানে বেঁচে যাওয়া ব্যাটসম্যান সুরেশ রায়না। সান্ত্বনা শুধু এই, শিশিরভেজা বল হাতেও ম্যাচ শেষে সেঞ্চুরিয়ান কোহলির প্রশংসা পেলেন বাংলাদেশের বোলাররা।অথচ শিশিরকে হারাতে সাকিবের পরিকল্পনা ছিল অন্য। ম্যাচের আগে বলেছিলেন টস জিতে বোলারদের আর শিশিরে ভিজতে দেবেন না। ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে তাদের হাতে তুলে দেবেন শুকনো বল। তারপর...তারপর কী হতো কে জানে, তবে টসটাই তো জেতা হলো না সাকিবের!ম্যাচের গতিপথ আঁকার সুযোগ ধোনিই পেলেন। শুকনো খটখটে নতুন বল তুলে দিলেন বোলারদের হাতে। বাংলাদেশের টপ-অর্ডার যাদের সামনে বিধ্বস্ত জনপদ। ১৫ রানে ২ উইকেট হারানোর পর ৯৫ রানের মধ্যে আরও ৩ উইকেট হারিয়ে যখন আগের তিন ম্যাচের ব্যাটিং-সাফল্য ভুলে যাওয়ার উপক্রম, সাকিবই দেখালেন আশার আলো। পারফরম্যান্সের দিক দিয়ে সিরিজে সবচেয়ে ধারাবাহিক মাহমুদউল্লাহর সঙ্গে ষষ্ঠ উইকেটে ১০৬ রানের জুটি গড়লেন। কিন্তু ৯৭ বলে ৮৫ রানের ইনিংসটা যখন সাকিবকে সেঞ্চুরির স্বপ্ন দেখাচ্ছিল, স্বপ্ন ভেঙে গেল তখনি। অতি আত্মবিশ্বাসী হয়ে আশীষ নেহরাকে স্কুপ মেরে বল তুলে দিলেন আকাশে। বলের নিচে গিয়ে গ্লাভস পাততে যথেষ্ট সময় পেলেন উইকেটকিপার ধোনি। সাকিবের দুর্ভাগ্যই বলতে হবে। আগের ম্যাচে আউট হয়েছিলেন ব্যাটিং ‘পাওয়ার প্লে’র প্রথম বলেই, কালও খুব বেশি সুযোগ পেলেন না ৩০ গজের ওপর দিয়ে তুলে মারার। আউট হয়ে গেলেন ব্যাটিং পাওয়ার প্লের দ্বিতীয় বলেই।তবে মাহমুদউল্লাহ এদিনও অপরাজেয়। সিরিজে টানা তৃতীয় ইনিংস অপরাজিত থাকলেন, কালকের অপরাজিত ৬৪ রানের সৌজন্যে করলেন আইডিয়া কাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৯৩ রান। ৪৫.২ ওভার পর্যন্ত সাকিব-মাহমুদউল্লাহ এবং এরপর ইনিংস শেষ হওয়া পর্যন্ত মাহমুদউল্লাহ-নাঈম ইসলাম (১৪ বলে ২২) মিলে শেষ ১০ ওভারে স্কোরবোর্ডে জড়ো করেছেন ৯৫ রান।তাতে কী? আইডিয়া কাপে বাংলাদেশের চেহারা তো বদলাল না! ভালো ব্যাটিংয়ের ধারাবাহিকতা বজায় রাখার আরেকটি ম্যাচেও দেখত হলো সেই বোলিং-ব্যর্থতা!