জয়া আহসানের বাবা মারা গেছেন
হূদরোগে আক্রান্ত হয়ে ২৫ ফেব্রুয়ারি রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি হাসপাতালে অভিনেত্রী জয়া আহসানের বাবা মো. আবু সাঈদ মাসউদ মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি মাস তিনেক যাবৎ হার্টের নানাবিধ সমস্যায় ভুগছিলেন। জয়া আহসানের ছোট বোন কান্তা মাসউদ প্রথম আলো অনলাইনকে জানান, আজ শনিবার সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাঁকে রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। তারপর সেখান থেকে তাঁকে হূদেরাগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।কান্তা আরও জানান, ছবির কাজে জয়া আহসান এখন কলকাতায়। সেখানে তিনি অরিন্দম শীলের পরিচালনায় ‘আবর্ত’ ছবির শুটিং করছেন। জয়া আহসানের সঙ্গে তাঁর মাও রয়েছেন। জয়া আহসানের পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল সকালে জয়া ও তাঁর মা ঢাকায় আসবেন। তাঁদের আসার পরই মরদেহের দাফন কাজ সম্পন্ন করা হবে। জয়া ও তাঁর মায়ের দেশে আসার আগ পর্যন্ত সাঈদ আহমেদের মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে।