জয়া আহসানের বাবার দাফন আজ বাদ এশা
হূদরোগে আক্রান্ত হয়ে ২৫ ফেব্রুয়ারি শনিবার মারা যান অভিনেত্রী জয়া আহসানের বাবা মো. আবু সাঈদ মাসউদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। জয়া ও তাঁর মা কলকাতায় অবস্থান করায় সাঈদ মাসউদের মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছিল। আজ ২৬ ফেব্রুয়ারি সকালে দেশে ফিরেছেন জয়া ও তাঁর মা। তাই আজ বাদ এশা গোপালগঞ্জের রাতুইল গ্রামে সাঈদ মাসউদের দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন জয়া আহসান।অরিন্দম শীলের পরিচালনায় ‘আবর্ত’ ছবির শুটিংয়ের কাজে কয়েক দিন আগে কলকাতায় গিয়েছিলেন জয়া আহসান। সঙ্গে তাঁর মাও গিয়েছিলেন। বাবার মৃত্যু খবর পেয়ে আজ রোববার সকালে মাকে নিয়ে দেশে ফিরে আসেন জয়া। বিকেল চারটায় তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বাবার মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছি। গোপালগঞ্জের রাতুইল গ্রামে আজ বাদ এশা তাঁর দাফন সম্পন্ন হবে। মুক্তিযোদ্ধা মো. আবু সাঈদ মাসউদ বাবলুর সন্তান হওয়ায় আমি অনেক বেশি গর্বিত। ১৯৭১ সালে ২ নম্বর সেক্টরের সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্ব পালন করেছেন আমার বাবা।’তিন মাস ধরেই হূদযন্ত্রের বিভিন্ন সমস্যায় ভুগছিলেন সাঈদ মাসউদ। শনিবার সকালে হঠাত্ বুকে ব্যথা অনুভব করলে তাঁকে রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তারপর সেখান থেকে তাঁকে হূদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।