জয়া নিটিংকে ২৬ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডায়িং কারখানার বর্জ্য পরিশোধন যন্ত্র বা প্লান্ট বন্ধ রেখে রাসায়নিক দ্রব্য মেশানো লাল দূষিত তরল বর্জ্য একটি চোরা (বাইপাস) পাইপলাইন দিয়ে সরাসরি শীতলক্ষ্যা নদীতে ফেলা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের অভিযানকারী দল আজ বুধবার এ ঘটনা উদঘাটন করেছে।শিল্পবর্জ্যের মাধ্যমে নদীদূষণের ঘটনা প্রতিরোধের লক্ষ্যে আজ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জয়া নিটিং লিমিটেড নামের একটি কারখানায় আকস্মিক অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে পরিবেশসংক্রান্ত অপরাধের আওতায় অভিযানটি পরিচালিত হয়।অভিযান পরিচালিত হয় প্রায় দুই ঘণ্টা। অভিযানকারী দলের অনুসন্ধানে দেখা যায়, জয়া নিটিং লিমিটেডের কারখানা থেকে চোরাপথে লাল রঙের দূষিত তরল বর্জ্য শীতলক্ষ্যা নদীতে পড়ায় কারখানার কাছাকাছি এলাকায় নদীর পানি রঙিন হয়ে পড়েছে। নদীদূষণ করে পরিবেশগত ক্ষতিসাধন করা হয়েছে—এই অপরাধে প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ বাবদ ২৫ লাখ ৯২ হাজার টাকা জরিমানা করা হয় এবং বর্জ্যের চোরাপথ বন্ধ করে দেওয়া হয়।অভিযানকারী দল জানতে পারে, কারখানাটিতে প্রতি মাসে ৭৫ মেট্রিক টন সুতা ডায়িং করা হয়। অভিযানকারী দলের উপস্থিতিতে তরল বর্জ্যের পানির নমুনা পরীক্ষা করা হয়। তাত্ক্ষণিক রাসায়নিক পরীক্ষায় দ্রবীভূত অক্সিজেন, ইলেকট্রোলাইটিক কনডাক্টিভিটি নির্ধারিত মাত্রার অনেক বেশি পাওয়া যায়, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। কারখানাটিতে বর্জ্য পরিশোধন প্লান্ট (ইটিপি) বসানো হলেও তা ব্যবহার করা হচ্ছে না।জয়া নিটিং গ্রুপ ইন্ডাস্ট্রির পরিচালক উত্তম প্রসাদের কাছে এ বিষয়ে জানাতে চাইলে প্রথম আলোকে তিনি দাবি করেন, ইটিপি বন্ধ ছিল না। তিনি বলেন, অভিযানকারী দলের বোঝার সমস্যা ছিল।মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, নিশ্চিত হয়েই অভিযানকারী দল কাজ করেছে। এর আগে কারখানা কর্তৃপক্ষকে ইটিপি ব্যবহারের জন্য সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছিল। নানা অনিয়মের কারণে কারখানাটির অনুকূলে পরিবেশগত ছাড়পত্র দেওয়া হয়নি।