জয়াবর্ধনে-মুগ্ধ সাঙ্গাকারা
ইঙ্গিত দিয়েছেন, এটাই হতে পারে তাঁর শেষ বিশ্বকাপ। এমনকি আন্তর্জাতিক ক্রিকেটই ছেড়ে দিতে পারেন। তবে শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনের ২০১১ বিশ্বকাপ শুরু হলো অসাধারণ এক সেঞ্চুরি দিয়ে। অধিনায়ক কুমার সাঙ্গাকারা কানাডার বিপক্ষে জয়ে জয়াবর্ধনের এই অবদানকে দেখছেন খুব বড় করে। তাঁকে বর্ণনা করেছেন ‘সত্যিকারের তারকা’ অভিধায়।ম্যাচে দিগ্ভ্রান্ত না হলে ছোট দলের বিপক্ষে এমন বিশাল জয়েই ভাসার কথা ক্রিকেট পরাশক্তি শ্রীলঙ্কার। কানাডাকে ২১০ রানে হারিয়েছে তারা। বিশ্বকাপের ইতিহাসে যেটি সপ্তম বৃহত্তম জয়। জয়াবর্ধনে করেছেন বিশ্বকাপে শ্রীলঙ্কার পক্ষে দ্রুততম সেঞ্চুরি। ভেঙেছেন গত বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে জয়াসুরিয়ার ৮৫ বলে করা সেঞ্চুরির রেকর্ড। মাত্র ৮০ বলে করা এই সেঞ্চুরির পথে সাঙ্গাকারার সঙ্গে তৃতীয় উইকেটে গড়েছেন ১৭৯ রানের জুটি।প্রায় নিখুঁত পারফরম্যান্স, সব বিভাগে ভালো করেছে দল। তবে অধিনায়ক সাঙ্গাকারা ব্যাটিংকেই বেশি নম্বর দিয়েছেন। বলেছেন ব্যাটিংটাই তাঁদের এত বড় জয় এনে দিয়েছে। ‘উদ্বোধনী ব্যাটসম্যানরাই সব ঠিক করে দিয়েছেন। তাঁরা খুব ভালো ব্যাটিং করেছে এবং ভালো সূচনা এনে দিয়েছে। দিলশান হাফ সেঞ্চুরি করলে দুর্ভাগ্যজনকভাবে বেশিক্ষণ চালিয়ে যেতে পারেননি।’ বলেছেন সাঙ্গাকারা। ব্যাটিং প্রসঙ্গে অন্যদের কথা বলেছেন আগে। আসল প্রশংসা যেন জমিয়ে রেখেছিলেন জয়াবর্ধনের জন্য।বলেছেন, ‘মাহেলা জয়াবর্ধনেই ছিল আসল তারকা। তাঁর সঙ্গে ব্যাট করা খুব সহজ ব্যাপার। একটা ভালো ভিত্তি ও দারুণ অবস্থান পাওয়ার কারণেই আমরা ৩০০ রান ছাড়িয়ে যেতে পেরেছি।’ নতুন স্টেডিয়াম হাম্বানটোটা। শ্রীলঙ্কাই আগে কখনো ম্যাচ খেলেনি এখানে। এ নিয়ে উদ্বিগ্ন ছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত সব দুশ্চিন্তা, সব অনিশ্চয়তা উড়িয়ে বিশাল জয়ই পেল দল। সাঙ্গাকারা বলেছেন, ‘এ রকম উইকেটে যেখানে আপনি আগে কখনো খেলেননি, সেখানে কী ঘটতে যাচ্ছে ধারণা করতে পারা দারুণ ব্যাপার। কোন জায়গা থেকে এবং কোন বোলারের কাছ থেকে রান নেওয়া যায়, সেটা বুঝতে হয়। তাই আমি আমার ইনিংসে কিছুটা সময় নিয়েছি। এরপর মাহেলা এল এবং আমরা গতি ফিরে পেলাম।’জয়াবর্ধনের প্রশংসা করেছেন সাঙ্গাকারা। কিন্তু জয়াবর্ধনের প্রশংসা পেয়েছে কানাডা দল। কানাডাকে বেশ ‘কঠিন দল’ বলে প্রশংসা করেছেন শ্রীলঙ্কার গত বিশ্বকাপ অধিনায়ক, ‘কানাডার মতো দলের বিপক্ষে খেলাটা কিন্তু সহজ নয়, আপনাকে প্রস্তুত হয়েই নামতে হবে। আমাদের শুরুটা ভালো হলো, তবে অন্য দলের বিপক্ষে ভালো করতে হলে কঠোর পরিশ্রমই করতে হবে আমাদের।’প্রথম ম্যাচেই শ্রীলঙ্কা দেখাল তাদের দুর্দান্ত ব্যাটিংয়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে জানে তাদের বোলিংটাও। তার ওপর এদিন খেলেননি লাসিথ মালিঙ্গা। সামান্য পিঠের ব্যথার করণেই তাঁকে নামিয়ে ঝুঁকি নিতে চায়নি শ্রীলঙ্কা। তবে ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত দলের সেরা পেসার। এএফপি।