জয়ামণি জানে না যে তার মা আর ফিরে আসবে না। সাত বছরের জয়াকে পাড়াপ্রতিবেশীরা বুঝিয়েছেন, মা হাসপাতালে। জয়ার মতো ওর ছোট ভাই আকাশও মায়ের অপেক্ষায় আছে। কিন্তু ওদের বাবা জিয়ারুল ইসলাম ছোটদের মতো মিথ্যা আশ্বাসে বিশ্বাস স্থাপন করতে পারছেন না।তাজরীন ফ্যাশনসের কর্মী জিয়ারুলের স্ত্রী রোকসানা আখতার দুপুরেও বাসায় এসেছিলেন। তরকারি রান্না নিয়ে মনোমালিন্যের কারণে দুপুরে খাননি জিয়ারুল। ওঁর পেছন পেছন ঘুরে একটুখানি ভাত খাওয়ার জন্য মিনতি করেছিলেন রোকসানা। স্ত্রীর সঙ্গে জিয়ারুলের ওটাই শেষ দেখা। বাচ্চাদের ঘুম পাড়িয়ে বাজার করে আনেন তিনি। তারপর অনুশোচনা থেকে নিজেই রাতের রান্না করতে শুরু করেছিলেন। রান্নার একপর্যায়ে শুনতে পান, তাজরীনে আগুন লেগেছে।অগ্নিকাণ্ডের সময় স্ত্রীকে উদ্ধারের জন্য তাজরীনের পাশের নির্মীয়মাণ ভবনে ওঠে তিনি দেখেন, মানুষের বাঁচার আকুতি। কিন্তু নিজের স্ত্রী রোকসানার খোঁজ পাননি। এরপর কেটেছে মর্মন্তুদ অপেক্ষার পালা। না, মৃতদের মধ্যেও খুঁজে পাওয়া যায়নি রোকসানাকে।আশুলিয়ার নিশ্চিন্তপুরের এই পোশাক কারখানায় নারকীয় অগ্নিকাণ্ডের দুই দিন গড়িয়ে গেছে। এখনো হারিয়ে যাওয়া স্বজনদের খুঁজে ফিরছে উদ্ভ্রান্ত মানুষ। জমে থাকা ছাইভস্ম ঘেঁটে বের করে আনছে প্রিয়জনের স্মৃতিচিহ্ন।তাজরীন ফ্যাশনের এক কর্মী আফরোজা তিন তলায় খুঁজে পেলেন প্রিয় বান্ধবী ঝর্নার ওড়না। ওড়নাটি এমন জায়গায় পড়ে আছে, যেখানে আগুন যায়নি। আফরোজা জানালেন, ঝর্নার বাবার হাতে তুলে দেবেন ওড়নাটি। ঝর্নার বাবা রংপুরের মিঠাপুকুর থেকে এসেছেন মেয়ের খোঁজে। সকালেও ছিলেন তাজরীনে। তারপর গেছেন হাসপাতালগুলোতেও খুঁজে দেখবেন বলে।আফরোজার মতোই তাজরীনের আরেক কর্মী সৈয়দ কল্লোল খুঁজতে এসেছেন তাঁর চাচাতো ভাই রিপনকে। কল্লোল ও রিপন একসঙ্গে থাকতেন নিশ্চিন্তপুরের অদূরবর্তী গ্রাম ইয়ারপুরে। এই ইয়ারপুরেই তাজরীনের অনেক শ্রমিক-কর্মচারীর বাসাবাড়ি।তাজরীনের সুইং অপারেটর জাহিদুল ইসলামের সঙ্গে দেখা হলো তাঁর বাসায়। কান্নাভেজা কণ্ঠে জাহিদুল জানান, শনিবার রাতে তৃতীয় তলায় কাজ করছিলেন তিনি। আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পাঁচতলায় স্ত্রী লাভলী বেগমকে উদ্ধার করে আনার চেষ্টা করেছিলেন তিনি। রাজ্জাক নামের এক কর্মকর্তা (উৎপাদন ব্যবস্থাপক) বাধা দেওয়ায় তিনি ব্যর্থ হন। এরপর আবার তিনতলায় ফিরে এসে দক্ষিণ পাশের এগজস্ট ফ্যান ভেঙে নির্মাণকাজের জন্য বেঁধে রাখা বাঁশ বেয়ে নিচে নামেন।জাহিদুল তাঁর স্ত্রী লাভলীর সঙ্গে দুই বোন লাইলী ও পপিকেও খুঁজে পাচ্ছেন না বলে জানালেন। জাহিদুল ও কল্লোল জানান, প্রতিটি তলায় কলাপসিবল গেটে তালা লাগিয়ে দিয়েছিলেন দুই কর্মকর্তা রাজ্জাক ও মাননিয়ন্ত্রণ ব্যবস্থাপক দুলাল।ছয়তলার সুইং অপারেটর মোহাম্মদ মোমিন তাঁর স্ত্রী মুক্তা খাতুনকে নিয়ে লড়াই করে জীবিত বেরিয়ে আসতে পেরেছেন। মোমিন জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুন লাগলেও সতর্কসংকেত বাজানো হয় ছয়টা ৫৫ মিনিটের দিকে। তারপর ব্যবস্থাপকের দক্ষিণ পাশে থাকা কক্ষ থেকে জোরে গান বাজানো শুরু হয়। কলাপসিবল গেটেও তালা দিয়ে কর্মচারীদের যাঁর যাঁর তলায় আটকে দেওয়া হয়।মোমিন বলেন, ‘আগুন যেন আমাদের এখানে ছড়াতে না পারে, সে জন্য পাঁচটি এগজস্ট ফ্যান বন্ধ করে সবাইকে আমার কাছে আসতে বলি। অগ্নিনির্বাপক সিলিন্ডার দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। পরে মহাব্যবস্থাপকের কক্ষের জানালা ভেঙে বাঁশ ধরে তিনজন পুরুষ ও ১২ জন নারীকে নিচে নামিয়েছি।’