জয়ী অথবা শহীদ হওয়ার অঙ্গীকার গাদ্দাফির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আগ্রাসনের’ বিরুদ্ধে জয়ী বা শহীদ হওয়ার অঙ্গীকার করেছেন লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি। বিদ্রোহীরা ত্রিপোলিতে তাঁর বাসভবন চত্বর দখলে নেওয়ার পর আজ বুধবার তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।গাদ্দাফিপন্থী আল-উরুবাহ টেলিভিশনে প্রচারিত এক অডিও বক্তৃতায় গাদ্দাফি বলেন, বাব আল আজিজিয়া ছেড়ে যাওয়াটা হচ্ছে তাঁর ‘কৌশলগত পদক্ষেপ’। তবে তিনি তাঁর বাসভবন ছেড়ে কোথায় অবস্থান করছেন, তা এখনো অস্পষ্ট রয়ে গেছে। আল-উরুবাহ জানায়, গাদ্দাফি আজ ত্রিপোলির স্থানীয় একটি রেডিও স্টেশনে দেওয়া ওই বক্তৃতায় ন্যাটো ও লিবিয়ার বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান যুদ্ধে জয়ী বা শহীদ হওয়ার অঙ্গীকার করেন।গাদ্দাফি দাবি করেন, ন্যাটোর বিমান হামলায় তাঁর বাসভবন চত্বর ধ্বংস হয়ে গেছে।বিবিসি জানায়, আল-উরুবাহ টেলিভিশন গাদ্দাফি সরকারের মুখপাত্র মুসা ইব্রাহীমের সরাসরি টেলিফোন সাক্ষাত্কার সম্প্রচার করে। এতে তিনি বলেন, অনুপ্রবেশকারীদের পদচারণে লিবিয়ায় আগুন জ্বলবে। মুসা ইব্রাহীম দাবি করেন, গাদ্দাফির পক্ষে যুদ্ধ করার জন্য ছয় হাজার স্বেচ্ছাসেবক লিবিয়ায় এসেছে। তবে তাঁর এ দাবি নিরপেক্ষভাবে যাচাই করেতে পারেনি বিবিসি।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহীরা আবু সালিম, আল-হাদবা জেলা ও হোটেল রিক্সেস এলাকাসহ ত্রিপোলির বেশ কিছু জায়গা থেকে এখনো গাদ্দাফি বাহিনীর প্রতিরোধের সম্মুখীন হচ্ছেন। ওই হোটেলে বিদেশি সাংবাদিকেরা অবস্থান করছেন।