জয়ী ৪৯ শতাংশ চেয়ারম্যান সরকারি দলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে সরকারি দলের সমর্থকেরাই বিজয়ী হয়েছেন বেশি। এ তথ্য পুলিশ কর্তৃপক্ষের। তাদের পরিসংখ্যান অনুযায়ী, নির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে ৪৯ দশমিক ৯৩ শতাংশ সরকারি দলের সঙ্গে যুক্ত। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বিষয়টি জানিয়ে প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য পুলিশ সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন গভীরভাবে পর্যবেক্ষণ করেছে। এ পর্যবেক্ষণের সময়ই প্রার্থীদের দলীয় পরিচয়ের বিষয়টি উঠে এসেছে। পুলিশের পরিসংখ্যানে দেখা গেছে, ঘোষিত ফলের মধ্যে সরকারদলীয় নেতা-কর্মীদের মধ্যে এক হাজার ৮৫৯ জন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। বিএনপির নেতা-কর্মীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এক হাজার ৩৮৪টি ইউপিতে। শতাংশের হিসাবে এর হার ৩৭ দশমিক ১৭। এ ছাড়া জাতীয় পার্টির (এরশাদ) কর্মীরা ১০৯, জামায়াতে ইসলামী ১২০, কমিউনিস্ট পার্টি তিন, জনসংহতি সমিতি নয়, ইউপিডিএফ ১২, জাসদ ১২ এবং কোনো দলের সঙ্গে যুক্ত নন বলে পরিচিতরা ১৯৬টি ইউপিতে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।সরকার সমর্থকদের বেশি জেতার সম্ভাব্য কারণ সম্পর্কে জানতে চাইলে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ভোটাররা উন্নয়নের প্রত্যাশায় সরকার-সমর্থিত প্রার্থীকে ভোট দিয়েছেন। তা ছাড়া বিএনপি মাঠ পর্যায়ে নিজেদের গুছিয়ে নিতে পারেনি।’পাশাপাশি এবারের নির্বাচনের মান নিয়ে কিছুটা হতাশা প্রকাশ করেন তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘নিকট অতীতে যে কয়টি নির্বাচন হয়েছে, তার তুলনায় এবারের ইউপি নির্বাচনে বিচ্যুতি হয়েছে অনেক বেশি। অতীতের বিশৃঙ্খলা ফিরে এসেছে। নির্বাচনে প্রার্থীদের রাজনৈতিক পরিচয় প্রাধান্য পেয়েছে। অনেক জায়গায় জবরদস্তি হয়েছে। এটি ভবিষ্যতের নির্বাচনের জন্য খারাপ ইঙ্গিত বহন করে।’৩১ মে থেকে ৭ জুলাই পর্যন্ত ৫৬টি জেলার প্রায় তিন হাজার ৮০০ ইউপিতে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এর মধ্যে আড়াই শতাধিক ইউপিতে সীমানাসংক্রান্ত জটিলতা এবং মামলার কারণে নির্বাচন স্থগিত করা হয়। তিন হাজার ৭৫৪টি ইউপির মধ্যে তিন হাজার ৭২৩টির ফল ঘোষণা করা হয়েছে। ফল স্থগিত করা হয়েছে ৫৮টির। দেশের ৬০টি জেলার ৪৩৪টি উপজেলায় নির্বাচন হয়েছে বলে পুলিশের পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে।পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা বলেছেন, ইউপি নির্বাচনে রাজনৈতিক পরিচয় মুখ্য না থাকলেও ভোটারদের কাছে প্রার্থীর দলীয় পরিচয়টি গুরুত্বপূর্ণ। এ কারণে নির্বাচনের আগে প্রার্থী তালিকা তৈরির সময় পুলিশ তাঁদের কাগজপত্রে দলীয় পরিচয়ের বিষয়টিও উল্লেখ করে। নির্বাচনের পরে সেই তালিকা ধরেই ফলের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে পুলিশ প্রশাসন।শুক্রবার এ ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু হয়েছে। অতীতের যেকোনো তৃণমূল পর্যায়ের নির্বাচনের চেয়ে সুষ্ঠু হয়েছে। নির্বাচনের সময় বা তার আগে কোনো সহিংস ঘটনা ঘটেনি। তবে নির্বাচনের পরে কিছু কিছু জায়গায় ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাই নিয়ে সহিংসতা ঘটেছে।’সরকারি প্রভাব বিস্তারের ব্যাপারে বিরোধীদের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে হানিফ বলেন, ‘স্থানীয় পর্যায়ের এই নির্বাচনকে দলীয়ভাবে বিশ্লেষণের সুযোগ নেই। সরকারের পক্ষ থেকে প্রভাব বিস্তারেরও প্রশ্ন আসে না।’তবে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকার এ নির্বাচনে ‘সর্বোচ্চ প্রভাব’ খাটিয়েছে। অনেক জায়গায় প্রতিপক্ষের বিজয়ী প্রার্থীকে জোর করে পরাজিত ঘোষণা করা হয়েছে। রিজভী বলেন, সার্বিক বিষয়ে জানার জন্য বিএনপি থেকে মাঠ পর্যায়ে চিঠি পাঠানো হয়েছে। এসব তথ্য আসতে দিন সাতেক সময় লাগবে। তার পরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি।