প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রমাণ বিএনপির কাছে আছে বলে দাবি করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক। তিনি বলেছেন, সরকার চাইলে এ সংক্রান্ত তথ্য-প্রমাণ দেওয়া হবে।গতকাল শুক্রবার বিএনপির পক্ষে জয়নাল আবদিন রাজধানীর গুলশানে তাঁর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জয়ের জড়িত থাকার বিষয়ে আন্তর্জাতিক তদন্ত করে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রীর ছেলে জয় কানাডা ও যুক্তরাষ্ট্রে বসে এই অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণ করছেন। এর ফলে প্রতি বছর সরকার প্রায় দেড় হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। তিনি দাবি করেন, জয় এই অবৈধ ব্যবসা বিগত আওয়ামী লীগ সরকারের সময় থেকে শুরু করেন। স্পেকট্রা সলিউশন কোম্পানির মাধ্যমে তিনি এ ব্যবসায় আসেন। বর্তমানে প্রধানমন্ত্রীর এক আত্মীয় এ কোম্পানির মালিক।জয়নাল আবদিন বলেন, বর্তমান সরকারের মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ পাওয়া যাচ্ছে। নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান ও বাণিজ্যমন্ত্রী ফারুক খানের নাম উল্লেখ করে তিনি বলেন, এঁদের দুর্নীতির কথা পত্রিকায় প্রকাশ পাচ্ছে। সরকার নিজেদের দুর্নীতি ঢাকতে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। গত বৃহস্পতিবার জাতীয় সংসদে বিদ্যুত্ উত্পাদন বৃদ্ধিসংক্রান্ত প্রধানমন্ত্রীর বক্তব্যকে মিথ্যাচার অভিহিত করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, এ সরকার এক মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদনও বাড়াতে পারেনি। প্রসঙ্গত, সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনার বক্তব্যে প্রধানমন্ত্রী তাঁর সরকারের এক বছরে ৭০০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন বাড়ানোর কথা বলেন।জয়নাল আবদিন অভিযোগ করেন, বৃহস্পতিবার জয়ের অভিযোগ উত্থাপন করলে ডেপুটি স্পিকার তাঁর মাইক বন্ধ করে দেন। এর প্রতিবাদে বিএনপি সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করে। পরে আওয়ামী লীগের সাংসদদের দাবির মুখে তাঁর বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকেও বাদ দেওয়া হয়।সংবাদ সম্মেলনে বিএনপির সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী বলেন, জয়ের নানা অপকর্মের কথা পত্রপত্রিকায় প্রকাশ হচ্ছে। শেভরনকে বিনা টেন্ডারে কাজ পাইয়ে দিয়ে প্রতিষ্ঠানের কাছ থেকে জয় ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীর ঘুষ নেওয়ার খবর পত্রিকায় প্রকাশিত হয়েছে।আওয়ামী লীগের প্রতিক্রিয়া: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিরোধীদলীয় চিফ হুইপের এ ধরনের মিথ্যাচার নিন্দনীয়। মিথ্যাচার করে বিএনপি ইতিহাস বিকৃত করেছে। এখন উচ্চশিক্ষিত ও মার্জিত সজীব ওয়াজেদ জয়ের ভাবমূর্তিতে ভীত হয়ে নতুন করে মিথ্যাচার শুরু করেছে। মাহবুবুল আলম চ্যালেঞ্জ দিয়ে বলেন, জয়ের বিরুদ্ধে ভিওআইপি ব্যবসার কোনো রকম প্রমাণ থাকার কারণ নেই। যদি এ ধরনের কোনো তথ্যপ্রমাণ থাকে, তা সাংবাদিক বা সরকারের কাছে জমা দেওয়ার আহ্বান জানান তিনি।টেলিফোনে হুমকি: সংবাদ ব্রিফিংয়ের এক ঘণ্টা পর টেলিফোনে হুমকি পাওয়ার কথা জানিয়েছেন জয়নাল আবদিন ফারুক। ইউএনবি জানায়, দুপুর একটার দিকে তাঁকে প্রথমে ল্যান্ডফোন এবং রাত পৌনে আটটায় মুঠোফোনে তিনি হুমকি পান। তিনি জানান, অজ্ঞাত পরিচয়ধারী ওই ব্যক্তি জয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তোলায় তাঁকে ও তাঁর পরিবারকে দেখে নেওয়ার হুমকি দেয়। জয়নাল আবদিন এ বিষয়ে গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলে ইউএনবিকে জানিয়েছেন।