প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের আওয়ামী লীগে যোগদানকে স্বাগত জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। বিএনপি মনে করে, এর মধ্য দিয়ে আওয়ামী লীগে যে অপরাজনীতি চলছে, তা দূর হবে। গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসন ও সংসদে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার নিরাপত্তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) মোতায়েনের দাবিও জানানো হয়। গত বৃহস্পতিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক সম্পর্কে সাংবাদিকদের জানানোর জন্য এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের ঘটনাটিকে আড়াল করার জন্যই আওয়ামী লীগ বিএনপির ওপর দোষ চাপাচ্ছে। গত কয়েক দিনে খালেদা জিয়ার জীবননাশের জন্য দুবার বোমা হামলার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি।’ তিনি জানান, খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ রাখার এই দাবি বিএনপির স্থায়ী কমিটির। নজরুল ইসলাম বলেন, বিরোধীদলীয় নেতার জন্য এসএসএফ নিয়োগের বিধান না থাকলে প্রয়োজনে আইন করা হোক। আইন করে প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা বিধান করা হয়েছে। তাই তিন-তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা খালেদা জিয়ার জন্যও ওই বিশেষ নিরাপত্তার বিধান করতে হবে। তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা গভীরভাবে তদন্ত করে এর পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করতে হবে। সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রামের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। এ ছাড়া গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ এবং নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান বলেন, বৃহস্পতিবার রাতে স্থায়ী কমিটির বৈঠকে দলকে আরও সংগঠিত করতে সারা দেশকে ১৯টি অঞ্চলে ভাগ করে বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি অঞ্চলের নেতৃত্বে থাকবেন স্থায়ী কমিটির একজন সদস্য। অন্য কোনো দায়িত্ব পালন অথবা অসুস্থতার কারণে কেউ নির্ধারিত অঞ্চলের নেতৃত্ব দিতে না পারলে দলের সহসভাপতি অথবা জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবকে দায়িত্ব দেওয়া হবে। তিনি জানান, বৈঠকে বিএনপির চলমান মাসব্যাপী কর্মসূচি নিয়েও আলোচনা হয়। আগামী ৬ এপ্রিলের মধ্যে রাজধানীর পল্টন ময়দানে মহাসমাবেশ আয়োজনের মধ্য দিয়ে ওই কর্মসূচি শেষ করার ব্যাপারে বৈঠকে সিদ্ধান্ত হয়। এ ছাড়া গণসংযোগ কর্মসূচি অব্যাহত থাকবে। বৈঠকে ঢাকার বাইরের প্রতিটি বিভাগীয় শহরে সমাবেশ করার সিদ্ধান্ত হয়। এসব সমাবেশে দলের চেয়ারপারসন উপস্থিত থাকবেন। নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবারের বৈঠকে সদস্য সংগ্রহ অভিযান নিয়েও আলোচনা হয়। সদস্যদের বিষয়ে তথ্যভান্ডার (ডেটাবেইস) তৈরির সিদ্ধান্ত হয়েছে। দলের যেসব জেলা কমিটি এখনো হয়নি বা কমিটি নিয়ে কোন্দল রয়েছে, এমন সমস্যার দ্রুত অবসানে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের নেতৃত্বে যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদককে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খানের সঙ্গে ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।