জয়ের খোলা চিঠি নিয়ে ফ্রেন্ডস অব গ্রামীণের উদ্বেগ
প্যারিসভিত্তিক সংগঠন ফ্রেন্ডস অব গ্রামীণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের খোলা চিঠির বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। প্যারিস থেকে ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে ফ্রেন্ডস অব গ্রামীণ বলেছে, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে তাঁর ছেলে সই করে ওই চিঠিটি লিখেছেন। তিনি (সজীব ওয়াজেদ) দাবি করছেন, তাঁর ভাষ্য ইউনূস প্রসঙ্গে সরকারের মতামতের প্রতিফলন। বিষয়টি আমাদের অত্যন্ত বিচলিত করছে। পাশাপাশি এটি অবমাননাকরও বটে।’ এদিকে যুক্তরাষ্ট্র আশা করছে, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে মুহাম্মদ ইউনূসকে অব্যাহতির বিষয়টির একটি সম্মানজনক সমাধান হবে। অব্যাহতির আদেশ চ্যালেঞ্জ করে আদালতে মুহাম্মদ ইউনূসের রিট আবেদন খারিজের পর ঢাকার মার্কিন দূতাবাস ওই মন্তব্য করেছে। দূতাবাসের এক মুখপাত্র গতকাল মঙ্গলবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। মার্কিন সরকার আশা করে, আলোচনার মাধ্যমে বিষয়টির একটি সম্মানজনক সমাধান হবে।ফ্রেন্ডস অব গ্রামীণ বিবৃতিতে বলেছে, তারা মুহাম্মদ ইউনূসের রিট আবেদন খারিজের সিদ্ধান্তকে গ্রামীণের অন্য সমর্থকদের মতো ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছে। জয়ের চিঠির ব্যাপারে বলা হয়েছে, ‘চিঠিতে তিনি (জয়) অবৈধ কর্মকাণ্ড, ফৌজদারি অপরাধ, অন্যায়, জালিয়াতি, চুরি, তহবিল তছরুপসহ নানা রকম কটূক্তি ও দৃশ্যত আইনি ভাষা ব্যবহার করেছেন।’ ফ্রেন্ডস অব গ্রামীণের মতে, ওই চিঠির সবচেয়ে উদ্বেগজনক অংশটি হচ্ছে, সজীব ওয়াজেদ দাবি করছেন মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেননি, বাংলাদেশ সরকার ব্যাংকটি প্রতিষ্ঠা করেছে। সজীব ওয়াজেদ মনে করেন, ব্যাপক প্রচারণা চালালেও এমন কোনো প্রমাণ নেই যাতে বলা যাবে বাংলাদেশে দারিদ্র্য কমানোর ক্ষেত্রে অবদান রাখছে ক্ষুদ্রঋণ। গ্রামীণ ব্যাংক ৩০ বছর ধরে ক্ষুদ্রঋণের ব্যবসা করছে অথচ বাংলাদেশ এখনো বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি।সজীব ওয়াজেদ বলছেন, মুহাম্মদ ইউনূস একজন নোবেল বিজয়ী, এ কারণে ওই সব ঘটনা সত্ত্বেও গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ নীরবে ছেড়ে দিতে তাঁকে অনুরোধ করেছিল বাংলাদেশ সরকার। তিনি ওই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। আমাদের সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর (ইউনূস) বিরুদ্ধে রাজনৈতিক প্রতিশোধ নিয়েছেন—এ রকম অভিযোগ প্রচারে আন্তর্জাতিক তদবিরকারীদের যুক্ত করেছেন ইউনূস।” জয় চিঠিতে বলেন, এটা সত্যের অপলাপ যে, বাংলাদেশে ইউনূসের কোনো রাজনৈতিক অবস্থান নেই। ২০০৭-০৮ সালের সামরিক শাসনের সময়, জরুরি অবস্থায় যখন সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এবং প্রায় সব রাজনৈতিক নেতারা কারাগারে, তখন এমনকি সামরিক বাহিনীর সাহায্য নিয়েও কোনো রাজনৈতিক দল গড়তে এবং জনসমর্থন তৈরি করতে পারেননি তিনি। রাজনৈতিক ক্ষেত্রে তাঁর কোনো অস্তিত্বই নেই বাংলাদেশে এবং তিনি কোনো রাজনৈতিক নেতার জন্য হুমকি নন।” ফ্রেন্ডস অব গ্রামীণ এসব অভিযোগে মর্মাহত হয়েছে জানিয়ে বলেছে, চিঠির (জয়) বক্তব্যে এটা স্পষ্ট, এর পেছনে গ্রামীণ ব্যাংক ও মুহাম্মদ ইউনূসকে আক্রমণ করাই মূল লক্ষ্য, যেখানে কঠোর ব্যক্তিগত অভিমতের মাধ্যমে গ্রামীণ ব্যাংক ও মুহাম্মদ ইউনূসকে হেয়প্রতিপন্ন করা হয়েছে। বলা হচ্ছে, গ্রামীণ ব্যাংক সরকারের হাতে গড়া এবং এটি সরকারেরই অংশ। এটাও বলা হচ্ছে, গ্রামীণ ব্যাংক এমন একটি অপ্রয়োজনীয় প্রতিষ্ঠান, যা দারিদ্র্যের জন্য সুখবর বয়ে আনেনি। সংগঠনটি আশা করছে, সজীব ওয়াজেদ জয় মুহাম্মদ ইউনূস সম্পর্কে যে মতামত প্রকাশ করেছেন সেটি সরকারের অবস্থান নয়। এদিকে ফ্রেন্ডস অব গ্রামীণে যোগ দিয়েছেন কোস্টারিকার প্রেসিডেন্ট অসকার আরিয়েস। তিনি ১৯৯৭ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। বিনায়ক সেনের প্রতিক্রিয়া: অর্থনীতিবিদ ও প্রাবন্ধিক বিনায়ক সেন বলেছেন, এই মুহূর্তে পাশ্চাত্যকে মুহাম্মদ ইউনূসের যতটা প্রয়োজন, তার চেয়ে পাশ্চাত্যের বেশি প্রয়োজন ইউনূসকে। তিনি এশিয়ার এমন একজন বিশ্বব্যক্তিত্ব, যিনি বিশ্বফোরামে দরিদ্রদের কথা বলেন, দরিদ্রদের কথা তুলে ধরেন, দরিদ্রদের পক্ষে বলেন। বর্তমান বিশ্বব্যবস্থায় এমন একজন ব্যক্তিকেই পাশ্চাত্যের প্রয়োজন। কেননা, মুহাম্মদ ইউনূস বিশ্বব্যবস্থাকে একটি মানবিক চেহারা দিচ্ছেন। বিনায়ক সেন আরও বলেন, এই ঘটনার মাধ্যমে বর্তমান রাজনৈতিক নেতৃত্বের ভাবমূর্তি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হলো। এত বড় ঝুঁকি নেওয়ার প্রভাব অর্থনীতিসহ অন্যান্য ক্ষেত্রে কীভাবে পড়বে, সেটাই এখন দেখার বিষয়। বিনায়ক সেন বলেন, জালিওয়ানালাবাগ হত্যাকাণ্ডের পর রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড খেতাব ফিরিয়ে দিলেও সে সময়ের ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথকে কোনোভাবে হেয় করেনি, তাঁর বিশ্বভাবমূর্তির কারণে। অথচ স্বাধীন দেশে ড. ইউনূসকে সেটাই করা হলো। কাকতালীয় হলেও সেটি করা হলো বিশ্ব নারী দিবসের দিন। অথচ নারীর ক্ষমতায়ন ও অধিকার আদায়ে ড. ইউনূসই নিরলসভাবে কাজ করেছেন