জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ৪১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রৌদ্রকরোজ্জ্বল চতুর্থ দিনটা ভারতীয় ব্যাটসম্যানদের জন্য পয়া হলেও শেষ বিকেলে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য তেমনটি ছিল না। ভারতের ৪১৫ রানের সুবিশাল লক্ষ্য তাড়া করতে নেমে এরই মধ্যে বাংলাদেশের দুটো উইকেট হাওয়া। প্যাভিলিয়নে ফেরত গেছেন ওপেনার ইমরুল কায়েস ও ওয়ান ডাউনের শাহরিয়ার নাফীস। দুই অপরাজিত ব্যাটসম্যান তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুলের ওপর চট্টগ্রাম টেস্টের বাংলাদেশের ‘ভবিষ্যত্’ অনেকটাই নির্ভর করছে। পুরো বাংলাদেশই চেয়ে আছে এই দুজনের দিকে। এখন তাঁরা এর বিনিময় দিলেই হয়!পুরো বাংলাদেশের মানুষের প্রার্থনা দেশের ব্যাটসম্যানদের জন্য। কিন্তু তাতে তাঁদের কি কিছু আসে যায়? আমাদের ব্যাটসম্যানরা খেলেই চলেছেন নিজেদের ব্যাকরণমতো। সমস্যা একটাই, তাঁদের ব্যাকরণে উইকেট কামড়িয়ে পড়ে থাকাটা নেই। সেখানে আছে অজস্র শট। যদিও সেই শটগুলো ওয়ানডে ম্যাচে আনন্দের হতে পারে, টি-টোয়েন্টিতে দর্শককে মাতিয়ে তুলতে পারে, কিন্তু টেস্ট ক্রিকেটে এসব শট দর্শকদের আতঙ্কিত করে, ভাবিয়ে তোলে। শাহরিয়ার নাফীসের কথাই ধরা যাক, তিনি ইমরুল কায়েসের বিদায়ের পর উইকেটে এলেন। শুরুটা ভালোই করলেন। তাঁর এই ইনিংসটির স্থায়িত্ব হলো মাত্র ২৭ বল। ২৭ বল খেলে ২১ রান করলেন, ৭৭.৭৭ স্ট্রাইক রেটে! চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের লক্ষ্যের সঙ্গে একেবারেই অসামঞ্জস্য তাঁর ব্যাটিং। সেই তুলনায় তামিম ইকবালের ইনিংসটি অনেকটাই চাহিদানুকূল। ৫৬ বলে সাজানো ২৩ রানের ইনিংসটি কত দূর টেনে নিয়ে যেতে পারবেন তামিম, সেটাই দেখার বিষয়। মোহাম্মদ আশরাফুলকে নিয়ে যত সমালোচনা, তা বন্ধ করতে পারে একমাত্র তাঁর দুর্জয়ী ব্যাট। সেটা তিনি করতে পারলেই বাংলাদেশের উদ্দেশ্য ও লক্ষ্য অনেকটাই পূরণ হয়ে যায়। তিনি ক্রিজে আছেন ৬ রানে।কাল চট্টগ্রাম টেস্টের শেষ দিন। এই টেস্ট শুরু হওয়ার আগে অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন জয় নয়, ড্র-ই তাঁর মূল লক্ষ্য। সেই লক্ষ্য পূরণের দিকে পথ চলতে হলে ব্যাটসম্যানদের হতে হবে স্থিতধী। এটা অবশ্যই সাকিব ও তাঁর দল ভালো করেই জানেন। কেবল কাল গোটা দিনটাকে পার করে দেওয়া। বলতে বেশ সোজা মনে হলেও, কাজটা মোটেও সহজ নয়। অন্তত ভারতীয় আভিজাত্য সমুন্নত রাখতে আর বীরেন্দর শেবাগের কথামতো বাংলাদেশকে ‘সাধারণ মানের’ প্রমাণ করতে সর্বশক্তি নিয়ে কাল ঝাঁপিয়ে পড়বেন জহির খান, ইশান্ত শর্মা আর শ্রীশান্তরা। কঠিন একটি দিন কাল বাংলাদেশের জন্য—এ কথা বলতে খুব বড় ক্রিকেট-বিশেষজ্ঞ হতে হয় না।সকালে ব্যাটিং উপযোগী পরিবেশ পেয়েই স্বরূপে আবির্ভূত হন গৌতম গম্ভীর। ভারতের পক্ষে টেস্ট ক্রিকেটে টানা পাঁচ ম্যাচে সেঞ্চুরির রেকর্ডটা করেই ফেললেন গৌতম গম্ভীর। ১১৬ রানের ইনিংস খেলে নিজের যোগ্যতার প্রমাণ করেই ছাড়লেন ভারতীয় ক্রিকেটের এই নতুন ‘মি. ওয়াল’। বাংলাদেশের বুকে কাঁটা হয়ে বিঁধেছে নাইটওয়াচম্যান অমিত মিশ্রর হাফ সেঞ্চুরি। তাঁর ক্রিজে টিকে থাকার লড়াই বাংলাদেশের অনেক টপ অর্ডার ব্যাটসম্যানদের জন্য শিক্ষনীয় হতে পারে। এরপর শচীন টেন্ডুলকার আর রাহুল দ্রাবিড়কে খুব তাড়াতাড়ি ফিরিয়ে দিতে পারাই আজকে বোলিংয়ে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য বলে ধরে নেওয়া যেতে পারে। ভারতীয় দলের পক্ষে আজকে আরেকজন সফল ব্যাটসম্যান ভি ভি এস লক্ষণ। তাঁর সংগ্রহ ৬৯ রান। সব মিলিয়ে ভারতের সংগ্রহ ৪১৩ আর বাংলাদেশের লক্ষ্য ৪১৫, জয়ের জন্য। হাতে একটি পুরো দিন, খেলা হবে ৯০ ওভার। অতিমানবীয় কিছু নয়, লক্ষ্যটা থাকুক ড্র করারই। আর সেটা সম্ভবও।