জয়ের জন্যই খেলবে বাংলাদেশ
‘প্রবেশ নিষেধ’ লেখাটাই ঝোলানো বাদ ছিল শুধু। নইলে রুদ্ধদ্বার অনুশীলনের সব রকম ব্যবস্থাই করে ফেলল পাকিস্তান। ইনডোরের ভেতরে অনুশীলন। লোহার মূল গেটটা বন্ধ। সাংবাদিকেরা সেদিকে যেতেই বিনীত বাধা আসল নিরাপত্তাকর্মীদের কাছ থেকে। ঢোকা যাবে না।কাল সংবাদ সম্মেলনে এসে পাকিস্তানের কোচ মহসিন খান বারবার বলছিলেন, ‘বাংলাদেশকে আমরা মোটেও হালকাভাবে নিচ্ছি না।’ রুদ্ধদ্বার অনুশীলন যেন সেটির প্রমাণ হয়ে এল। ১৯৯৯ বিশ্বকাপের পর পাকিস্তান বাংলাদেশের কাছে আর হারেনি। কিন্তু গত কয়েক বছরে বাংলাদেশের সেরা দিনে কে বাঁঁচতে পেরেছে!পাকিস্তান তাই সতর্ক। আরও সতর্ক বোধহয় ঘরের মাঠে বাংলাদেশের টি-টোয়েন্টির ইতিহাসের কারণে। দেশে এ পর্যন্ত দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে দুটিতেই জিতেছে বাংলাদেশ। সর্বশেষ জয়টি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত সিরিজেই।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই জয়টাই বড় অনুপ্রেরণা মুশফিকুর রহিমের দলের। মুশফিকের নিজের জন্যও কি নয়! অধিনায়কই তো ছিলেন সেই জয়ের নায়ক। আজ পাকিস্তান যতই ফেবারিট হোক, দেড় মাস আগের স্মৃতি এখনো তরতাজা বাংলাদেশ অধিনায়কের মনে। অনুপ্রেরণার আধারও, ‘ওয়েস্ট ইন্ডিজও ফেবারিট ছিল। তার পরও আমরা জিতেছি। কালকের ম্যাচে (আজ) ভালো শুরু করলে এবং সেটা ধরে রাখতে পারলে ফল আমাদের পক্ষে আসতেই পারে।’শ্রীলঙ্কাকে দোর্দণ্ড প্রতাপে সিরিজ হারিয়ে আসা পাকিস্তানের আত্মবিশ্বাসের কমতি নেই। তার ওপর বাংলাদেশের মূল শক্তি স্পিন বোলিং পাকিস্তানি ব্যাটসম্যানদের প্রিয় খাদ্য। অন্যদিকে পাকিস্তানের পেস-স্পিনের মিলিত শক্তির সামনে বাংলাদেশি ব্যাটসম্যানরা কতটা মাথা তুলে দাঁড়াতে পারবেন, সেই সংশয়ও আছে। ম্যাচের আগের এসব হিসাব-নিকাশ প্রত্যাশার খাতায় যেন কিছুই রাখতে দিচ্ছে না। তবে মুশফিকের আশার কমতি নেই, ‘বাংলাদেশের ক্রিকেট সেই অধ্যায়টা পার করে এসেছে, যখন বড় কোনো দলের সঙ্গে খেললে সম্মানজনক হারের লক্ষ্য থাকত। এ রকম মানসিকতা কোনো খেলোয়াড়েরই নেই। আমরা প্রতিটি ম্যাচ জেতার জন্য খেলব। প্রতিপক্ষ বিচার না করে সামর্থ্যের শতভাগ দিয়ে খেললে একটা ভালো সিরিজ হবে।’সামর্থ্যের আগে আসে শক্তির বিচার। তা বাংলাদেশ এই ম্যাচে খেলবে পূর্ণ শক্তি নিয়েই। পূর্ণ শক্তি মানে কাল রাত পর্যন্ত যাঁদের যাঁদের খেলানো হবে বলে ভাবা হচ্ছিল, সবাই খেলার মতো অবস্থায় ছিলেন। শঙ্কা দেখা দিয়েছিল শুধু তিন বছর পর দলে ফেরা ফরহাদ রেজাকে নিয়ে। ভাগনের অকালপ্রয়াণে পরশু হঠাৎ করেই রাজশাহী চলে যেতে হওয়ায় কাল অনুশীলনে ছিলেন না। কাল রাতে এ প্রতিবেদন লেখার সময় ফেরার পথে ছিলেন তিনি। ১৪ জনের দল থেকে একাদশের বাইরে থাকার সম্ভাবনা অলক কাপালি, ইলিয়াস সানি ও নাজমুল হোসেনের। তবে একাদশটা চূড়ান্ত হবে আজ দুপুরের টিম মিটিংয়ে।একাদশ যা-ই হোক, টি-টোয়েন্টি, ওয়ানডে বা টেস্ট—পাকিস্তানের কোচ মহসিন খানের চোখে কোনো ক্রিকেটেই বাংলাদেশ ফেলনা নয়। বিশেষ করে বললেন টি-টোয়েন্টির কথাই, ‘টি-টোয়েন্টি খুব মজার খেলা। এক-দুই ওভারেই বদলে যেতে পারে পুরো দৃশ্যপট।’১৭ ম্যাচ খেলে জয় মাত্র ৪টি। তার পরও টি-টোয়েন্টিতে প্রতিপক্ষের সমীহ পেতে শুরু করেছে বাংলাদেশ। তা-ও এমন প্রতিপক্ষ, এক যুগেরও বেশি সময় ধরে যাদের বিপক্ষে হারটাই নিয়তি।