প্রথম নগরপিতা নির্বাচনের জন্য গতকাল বৃহস্পতিবার দিনভর ভোট উৎসবে মেতেছিল রংপুর সিটি করপোরেশনের বাসিন্দারা। সর্বশেষ পাওয়া ফলাফল অনুযায়ী মেয়র পদে বিপুল ভোটে এগিয়ে আছেন আওয়ামী লীগের নেতা সরফুদ্দীন আহমেদ (ঝন্টু)।মোট ১৭৮টি ভোটকেন্দ্রের মধ্যে গতকাল রাত পৌনে একটা পর্যন্ত ১২০টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এর মধ্যে মেয়র পদপ্রার্থী সরফুদ্দীন আহমেদ (মোটরসাইকেল) পেয়েছেন ৬৯ হাজার ৯৬৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির পদত্যাগী নেতা মোস্তাফিজার রহমান মোস্তফা (হাঁস) পেয়েছেন ৫১ হাজার ৯৩ ভোট।তবে কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১৫৯টি কেন্দ্রের মধ্যে সরফুদ্দীন আহমেদ পেয়েছেন ৯৬ হাজার ১২৭ ভোট। আর মোস্তাফিজার রহমান পেয়েছেন ৬৭ হাজার ৩২৫ ভোট।রংপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনকে ঘিরে সর্বত্র ছিল উৎসবমুখর পরিবেশ। ভোটাররা ঘন কুয়াশা আর তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকেই কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়ান। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ করা হয়। উপস্থিতি বেশি থাকায় অনেক কেন্দ্রে বিকেল চারটার পরও ভোট গ্রহণ করা হয়েছে। নির্বাচন কর্মকর্তারা বলেছেন, আনুমানিক ৭০ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।রংপুর সিটি করপোরেশন নির্বাচনে পরীক্ষামূলকভাবে চারটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হয়েছে। এ নিয়ে ভোটারদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। রানী বালা নামের এক ভোটার বললেন, আগে তিনি এই মেশিন দেখেননি। তবে ভোট দিতে তাঁর কোনো অসুবিধা হয়নি। ভোট শেষ হওয়ার এক থেকে দেড় ঘণ্টার মধ্যে এসব কেন্দ্রের ফলাফল জানতে পারেন প্রার্থী ও ভোটাররা। এই চারটি কেন্দ্রে প্রায় ৮৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মনিরুল ইসলাম। ভোট নেওয়ার জন্য নির্ধারিত ১৭৮টি কেন্দ্রের মধ্যে ৭০টি ছিল বিদ্যুৎবিহীন। এই কেন্দ্রগুলোতে নেওয়া হয় বিশেষ নিরাপত্তাব্যবস্থা। এসব কেন্দ্র নিয়ে নির্বাচন কমিশন, প্রশাসন ও পুলিশ চিন্তিত ছিল। তবে কোথাও কোনো সমস্যা হয়নি। অতিরিক্ত চার্জার লাইট ব্যবহার করে সমস্যার সমাধান করেছেন তাঁরা।পুরুষদের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতিও উল্লেখযোগ্য ছিল। প্রতিটি ভোটকেন্দ্রে নারী ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। ভোটদানের নির্ধারিত সময়ের পরও অনেক কেন্দ্রে নারী ভোটারদের ভোট দিতে দেখা গেছে।বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী সরফুদ্দীন আহমেদ ও মোস্তাফিজার রহমান ভোটের পরিবেশ নিয়ে গণমাধ্যমের কাছে সন্তুষ্টি প্রকাশ করেন।শান্তিপূর্ণ এই নির্বাচনে শুধু শহরের মাহিগঞ্জে মহেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে মেয়র পদপ্রার্থী কাওসার জামান (বাবলা) ও সরফুদ্দীন আহমেদের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর।মেয়র পদে মোট ১২ জন প্রার্থী হয়েছেন। বাকি প্রার্থীরা হলেন: জাতীয় পার্টির আরেক পদত্যাগী নেতা এ কে এম আবদুর রউফ (মানিক), বিএনপির নেতা কাওসার জামান (বাবলা), জেলা আওয়ামী লীগের প্রার্থী সাফিউর রহমান, আবদুল কুদ্দুস, কাজী মাজিরুল ইসলাম, ফারুক আজিজ, ফিরোজ কবির চৌধুরী, এ টি এম গোলাম মোস্তফা, আলী হায়দার সরকার ও মেহেদী হাসান।এ ছাড়া ৩৩টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৩২৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলরের ১১টি পদে ৯১ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।এ বছরের ৫ জুন রংপুরকে দশম সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করে সরকার। গত ৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এখানে মোট ভোটার তিন লাখ ৫৭ হাজার ৭৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭৯ হাজার ১২৮ এবং নারী ভোটার এক লাখ ৭৮ হাজার ৬১৪ জন।সিইসির সন্তোষ: রংপুর সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ। ভোট গ্রহণের সময়সীমা পার হওয়ার পর গতকাল বিকেলে ঢাকায় নিজ কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এই সন্তুষ্টির কথা জানান।সিইসি জানান, যে চারটি কেন্দ্রে ইভিএম ব্যবহার হয়েছে, সেখানে ভোট গ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টার মধ্যে ফল ঘোষণা করা হয়েছে এবং এই চারটি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে গড়ে ৮৫ শতাংশ।তবে বর্তমান কমিশনের অধীনে রংপুর সিটির নির্বাচনকে ‘মডেল’ হিসেবে ধরতে রাজি নন সিইসি। তিনি বলেন, রংপুরে মাত্র তিন লাখ ভোটার। বরং ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ভালোভাবে করতে পারলে সেটাকে মডেল নির্বাচন হিসেবে গ্রহণ করা যাবে।ব্রিফিং শেষে কমিশনার আবদুল মোবারক বলেন, রংপুর সিটি নির্বাচনে ভোট গ্রহণের হার ৭০ থেকে ৭৫ শতাংশ হতে পারে। তাঁর দাবি, এই নির্বাচন শান্তিপূর্ণ হওয়ায় নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা আরও বাড়বে।