জয়ের পথে রুহানি
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পথে অনেকটাই এগিয়ে গেছেন মধ্যপন্থী নেতা হাসান রুহানি। সর্বশেষ ভোট গণনায় তিনি ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন। আজ শনিবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, এ পর্যন্ত দেশটির ৫২ লাখ ভোটারের ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে ৫২ দশমিক ৩০ শতাংশ ভোট পেয়েছেন রুহানি। ৫০ শতাংশের বেশি ভোট পাওয়ায় তাঁকে দ্বিতীয় দফার নির্বাচনে অংশ নিতে হবে না বলে জানানো হয়েছে।রুহানির নিকটতম প্রতিদ্বন্দ্বী তেহরানের মেয়র বাঘের ঘালিবাফ সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ১৭ দশমিক ৩৩ শতাংশ ভোট পেয়েছেন। অন্য চারজন প্রার্থী আরও কম ভোট পেয়েছেন।ইরানের নির্বাচনী আইন অনুযায়ী, কোনো প্রার্থীর প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে তাঁকে কমপক্ষে ৫০ শতাংশ ভোট পেতে হবে। প্রথম দফায় কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলে ২১ জুন দ্বিতীয় দফা ভোট নেওয়ার কথা।গতকাল শুক্রবার ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট নেওয়া হয়।নির্বাচনে এগিয়ে থাকা মধ্যপন্থী প্রার্থী হাসান রুহানি ঘোষণা দিয়েছেন, নির্বাচিত হলে তাঁর পররাষ্ট্রনীতি বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের তুলনায় কম দ্বন্দ্বমুখর হবে।