জয়ের বক্তব্য সমর্থন করলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের একটি বক্তব্যকে সমর্থন করে বলেছেন, জয় যা বলেছে, তা জরিপ ও তথ্যের ওপর ভিত্তি করে বলেছে। তিনি আরও জানান, এ ব্যাপারে তাঁর কাছেও জরিপ ও তথ্য আছে। খবর ইউএনবি ও বাসসের।গতকাল রোববার নিজ কার্যালয়ে তথ্য মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে অসুস্থ সাংবাদিকদের চেক বিতরণ করার সময় এ কথা বলেন প্রধানমন্ত্রী। এ বছর ১৫৮ জন অসুস্থ, অসচ্ছল ও আহত সাংবাদিক এবং মৃত সাংবাদিকদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়।গত শুক্রবার সজীব ওয়াজেদ জয় এক ইফতার অনুষ্ঠানে বলেন, নির্বাচনে আওয়ামী লীগ যে আবার জিতবে এবং ক্ষমতায় আসবে, সে ব্যাপারে তাঁর কাছে তথ্য রয়েছে। প্রধানমন্ত্রী এই বক্তব্যকে সমর্থন করে বলেন, একটি মতামত জরিপে দেখা গেছে, আওয়ামী লীগ এগিয়ে আছে। আওয়ামী লীগের ওপর জনগণের পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। তিনি আরও জানান, ওই জরিপ অনুযায়ী নির্বাচনে আওয়ামী লীগ ভালো করবে। ক্ষমতায়ও আবার আওয়ামী লীগ আসবে।শেখ হাসিনা বলেন, ‘ডিজিএফআই, এনএসআই পরিচালিত জরিপ ছাড়াও আমার হাতে আরও একটি জরিপ রয়েছে। আমরা নিজেরাই এই জরিপ করেছি। দলের অবস্থান জানার জন্য। এতে দেখা গেছে, সব ঠিক আছে।’জয়ের বক্তব্যে ষড়যন্ত্রের গন্ধ খোঁজায় বিস্ময় প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, যাঁরা ষড়যন্ত্রের কথা বলছেন, তাঁদের স্বভাবই ষড়যন্ত্র করা। আর এ কারণে তাঁরা সব সময়ই ষড়যন্ত্রের কথা বলেন। এ ধরনের লোকেরাই ভোট কারচুপি, ব্যালট বাক্স ছিনতাই, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও গণমাধ্যমের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা চালান। প্রধানমন্ত্রী আরও বলেন, যাঁরা ষড়যন্ত্র করে অভ্যস্ত, তাঁরাই সব জায়গায় ষড়যন্ত্রের গন্ধ খোঁজেন। তাঁরা ভালো কিছু ভাবতে পারেন না। এটাই বাস্তবতা।মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির ক্ষমতায় ফিরে আসার ঝুঁকি এবং জনগণকে বিভ্রান্ত করার জন্য ধর্মের নামে বিরোধী দলের অপপ্রচার সম্পর্কে জনগণকে অবহিত করার ব্যাপারে সাংবাদিকদের ব্যাপক ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের হাত থেকে মুক্তি প্রদান এবং আবারও তাদের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়ার বিরোধী দলের নীলনকশা সম্পর্কে জনগণকে অবহিত করার ব্যাপারে সাংবাদিকদের ব্যাপক ভূমিকা রয়েছে। বিরোধীদলীয় নেতার প্রতি যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, খালেদা জিয়া যত দিন পর্যন্ত তাদের ত্যাগ না করছেন, তত দিন দেশের স্বাধীনতার জন্য হুমকি হয়ে থাকবেন। প্রধানমন্ত্রী গণমাধ্যমের জন্য একটি যথাযথ নীতি প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মিডিয়ার জন্য প্রতিটি দেশের নিজস্ব আইন রয়েছে। তিনি তথ্যমন্ত্রীকে যত দ্রুত সম্ভব এই নীতি প্রণয়নের নির্দেশ দেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি ওমর ফারুক ও ডিইউজের সাধারণ সম্পাদক শাবান মাহমুদ এবং তথ্যসচিব মর্তুজা আহমেদ বক্তব্য দেন।