ঝটিকা সফরে আফগানিস্তান গেছেন ক্যামেরন, সেনা প্রত্যাহারের ইঙ্গিত
আগামী বছরই আফগানিস্তান থেকে ব্রিটিশ সেনারা যত দ্রুত সম্ভব তাদের দেশে ফিরতে শুরু করবেন। গতকাল সোমবার এক ঝটিকা সফরে আফগানিস্তান পৌঁছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এ ঘোষণা দেন।আফগানিস্তানের পরিস্থিতি সরেজমিনে মূল্যায়ন করতে ক্যামেরন সেখানে গেছেন বলে ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে জানানো হয়েছে।তবে বিবিসির রাজনীতি-বিষয়ক উপসম্পাদক জেমস ল্যান্ডেল বলেছেন, বড়দিনের আগে আফগানিস্তান সফর করাটা ব্রিটিশ প্রধানমন্ত্রীদের জন্য নিয়মিত ব্যাপার হয়ে উঠেছে। ক্যামেরন তাঁর পূর্বসূরির মতোই আফগানিস্তানে কর্মরত ব্রিটিশ সেনাদের ধন্যবাদ জানাতে সে দেশে গেছেন।ক্যামেরন আফগানিস্তানে বলেছেন, তালেবানদের বিরুদ্ধে অগ্রগতি এবং আফগান সেনা ও পুলিশের প্রশিক্ষণ সে দেশ থেকে ব্রিটিশ সেনা প্রত্যাহারে তাঁকে আশাবাদী করে তুলেছে।গত মাসে ক্যামেরন ব্রিটিশ এমপিদের কাছে ২০১৫ সালের মধ্যে আফগানিস্তান থেকে ব্রিটিশ যুদ্ধ সেনাদের প্রত্যাহারের বিষয়ে একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন। মূলত তিনি তাঁর প্রতিশ্রুতির বাস্তবায়নের প্রেক্ষাপট মূল্যায়ন করতেই তাঁর এ সফর।বর্তমানে আফগানিস্তানে ১০ হাজারেরও অধিক ব্রিটিশ সেনা কর্মরত রয়েছেন। বিবিসি।