ঝড় রুখতে পারেনি তাঁদের
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগে শহীদ রুমী স্কোয়াডের অনশনস্থল গতকাল রোববার শেষরাতের ঝড়ে লন্ডভন্ড হয়ে যায়। তবে এই ঝড় রুখতে পারেনি সেখানকার ২০ জন অনশনকারীর মনোবল। এদিকে, অবস্থার অবনতি হওয়ায় গতকাল রাতে অনশনকারী তরুণ শুভ্র মাহমুদকে বারডেমে ভর্তি করা হয়েছে।শহীদ রুমী স্কোয়াডের অনশন পালনকারী মেহেদী হাসান শুভ্র প্রথম আলো ডটকমকে বলেন, ‘কীভাবে যে ঝড়ের সময় নিজেদের রক্ষা করেছি, তা বলতে পারব না। আমাদের সঙ্গে থাকা কয়েকজন স্বেচ্ছাসেবী পলিথিন দিয়ে অনশনস্থল ঘিরে ফেলে। তবে পানির তোড়ে সব ভিজে লন্ডভন্ড হয়ে যায়।’ তিনি আরও জানান, ঝড়ের সময় অনেকে স্যালাইন নিচ্ছিলেন। তাই অনশনস্থল থেকে সরে যাওয়ার উপায় ছিল না তাঁদের। টানা ছয় দিন ধরে অনশন করায় অনেকের উঠে দাঁড়ানোর শক্তি ছিল না।ঝড়ে ভিজে অনশনকারীদের অনেকের শরীরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে বলে জানালেন মেহেদী হাসান শুভ্র। তিনি বলেন, ‘ভীষণ খারাপ লাগছে। দোয়া করবেন, আমরা যেন এই আন্দোলনে জয়ী হতে পারি।’শহীদ রুমী স্কোয়াডের মুখপাত্র সেঁজুতি শোণিমা নদী আজ সোমবার জানান, অনশনস্থলে থাকার উপযোগী করার চেষ্টা চলছে। রাস্তা শুকিয়ে এলে তোশক সেখানে রাখা হবে। এ ছাড়া বন্ধু-বান্ধবের কাছ থেকে বিকল্প কিছুর ব্যবস্থা করা হচ্ছে। সেঁজুতি আরও জানান, গতকাল রাতে শারীরিক অবস্থার অবনতি হলে শুভ্র মাহমুদকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। আগে থেকে সেখানে ভর্তি আছেন আরেক অনশন পালনকারী স্বাগতম সাহা। প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো ই-মেইলের কোনো জবাব দেওয়া হয়নি বা সরকারের তরফ থেকে কেউ কোনো যোগাযোগ করেনি বলেও সেঁজুতি জানান।জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে ২৬ মার্চ রাত সাড়ে ১০টা থেকে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে শহীদ রুমী স্কোয়াডের ডাকে শুরু হয় এ আমরণ অনশন কর্মসূচি। অনশনের ১০০ ঘণ্টা পূরণ হওয়ায় প্রধানমন্ত্রীর দপ্তরে ই-মেইল করে অনশন পালনকারীরা খোলা চিঠি পাঠান।