ঝরনা রিমান্ডে, প্রধানমন্ত্রীর এক লাখ টাকার চেক হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারটেক্স ফ্যাশন লিমিটেডের নিহত পোশাকশ্রমিক কামরুন্নাহার বিউটির পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আজ শনিবার বিকেলে স্থানীয় সাংসদ আসলামুল হকের গাবতলীর বাসভবনে নিহত পোশাকশ্রমিকের মা-বাবার কাছে এক লাখ টাকার চেকটি হস্তান্তর করেন। কাল রোববার প্রধানমন্ত্রী বিউটির মা-বাবাকে তাঁর বাসভবনে দেখা করতে বলেছেন।বিউটি হত্যা মামলায় গ্রেপ্তার ঝরনাকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মিরপুর থানা পুলিশ আজ শনিবার ঝরনাকে আদালতে হাজির করে মুখ্য মহানগর হাকিমের আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম জানান, এজাহারভুক্ত চার আসামি পলাতক। তাঁদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।মিরপুরের টহল পরিদর্শক আবুল হোসেন জানান, আজ সকালে শ্রমিকেরা ভারটেক্স ফ্যাশন লিমিটেডে ঢুকলেও সহকর্মীর শোকে কাজ করেননি। এ সময় কর্তৃপক্ষ আজ কারখানা বন্ধ ঘোষণা করে। গতকাল ও আজ পোশাকশ্রমিকেরা কাজ না করলেও এই দুই দিনের পারিশ্রমিক দেওয়ার ঘোষণা দেয় কারখানা কর্তৃপক্ষ।মিরপুর থানার এসআই জানান, আজ পুলিশ, তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠনের (বিজিএমএইএ) নেতাদের উপস্থিতিতে পোশাকশ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের বৈঠক হয়। এতে সিদ্ধান্ত হয়, বিউটি হত্যা মামলার সুষ্ঠু তদন্তের ব্যাপারে ব্যবস্থা নেবেন কারখানার মালিক। কর্তৃপক্ষ কাল রোববার কারখানা খোলা রাখার কথা জানায়। আজ বিকেলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক কারখানার মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক করেছেন।গতকাল ভারটেক্স ফ্যাশন লিমিটেডের কর্মী কামরুন্নাহার বিউটি কারখানার আটতলার ছাদ থেকে পড়ে মারা যান। কিন্তু গতকালই বিউটির বাবা আবুল কালাম হত্যার অভিযোগ এনে কারখানার ফ্লোর ইনচার্জসহ ঝরনা বেগমসহ পাঁচ কর্মকর্তাকে আসামি করে মামলা করেন। ঘটনার পর ঝরনাকে গ্রেপ্তার করা হয়। মামলাটির তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) স্থানান্তর করা হয়েছে বলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানিয়েছেন।আজ বিউটির বাবা আবুল কালাম প্রথম আলোকে বলেন, তিনি বিউটির সহকর্মীদের কাছে শুনেছেন কারখানার ভেতরে তাঁর মেয়েকে মারধর করে হত্যা করা হয়। এরপর এজাহারভুক্ত আসামিদের সঙ্গে কারখানার লাইন প্রধান জাকির হোসেন, আয়া রোকেয়া বেগম ও রেনু বেগম মিলে বিউটির লাশ গুম করতে কার্টনে ঢুকিয়েছিলেন। আজ সকালে তিনি মিরপুর থানায় এই তিনজনের নামে লিখিত অভিযোগ দিয়েছেন। মিরপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, বিউটির বাবার দেওয়া এই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।