জন্ম হতে পারে কুঁড়েঘরে, দিন কাটতে পারে ছেঁড়া কাঁথায় শুয়ে, কিন্তু সুদূরে হাতছানি দেওয়া সোনালি দিনের স্বপ্ন দেখতে বাধা নেই। তাই ওরা স্বপ্ন দেখে—পড়াশোনা করে বড় হবে, দাঁড়াবে নিজের পায়ে। কিন্তু বাস্তবতার কঠিন দেয়ালে অঙ্কুরেই হোঁচট খায় সেই স্বপ্নসাধ। অভাবের কারণে অনেকে ঝরে পড়ে প্রাথমিক বিদ্যালয় পার হওয়ার আগেই। তবে সবল সহায়তা তহবিল নিয়ে কেউ যদি পাশে দাঁড়ায়, স্বপ্নসিঁড়ি ধরে এগিয়ে যেতে ভয় নেই।এমন সহায়ক ভূমিকায় রয়েছেন ঝিনাইদহের সদর উপজেলার বিষয়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। স্থানীয় অভিভাবকদের অর্থ-সহায়তায় গড়া তহবিল দিয়ে ঝরে পড়া দরিদ্র শিক্ষার্থীদের বিদ্যা অর্জনে সহযোগিতা করছেন তাঁরা। এই সহযোগিতা নিয়ে এরই মধ্যে অনেক শিক্ষার্থী কাঙ্ক্ষিত সাফল্যের মুখ দেখেছে।বিদ্যালয়ের পরিচয়: ঢাকা-খুলনা মহাসড়কের পাশে বিষয়খালী বাজারে ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয় এই সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখন ৩৫০ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষক ১২ জন। বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফল ভালো। প্রধান শিক্ষক আফরোজা খাতুন জানান, গত বছর পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় ছয়জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। তিনি জানান, এলাকার অভিভাবকেরা এই বিদ্যালয়ের প্রতি খুব আন্তরিক। এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী যাতে অভাবের কারণে ঝরে না পড়ে, এ জন্য অভিভাবকদের অর্থ-সহায়তায় একটি বেসরকারি তহবিল গঠিত হয়েছে এই বিদ্যালয়ে। নাম দেওয়া হয়েছে ‘বিষয়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কল্যাণ তহবিল’। পদাধিকারবলে এর সদস্যসচিব তিনি। এই তহবিলের সহায়তার কারণে বিদ্যালয়ে ঝরে পড়া কোনো শিশু নেই বলে তিনি জানান। তহবিলের পক্ষ থেকে এ পর্যন্ত প্রায় ৫০ জন শিশুকে সহযোগিতা করা সম্ভব হয়েছে।যেভাবে হলো তহবিল: কল্যাণ তহবিলের বর্তমান সভাপতি ইসরাফিল হোসেন জানান, ২০০৫ সালে তাঁরা এই তহবিল গঠন করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য থাকা অবস্থায় এক দিন সভায় এসে তিনি জানতে পারেন, দারিদ্র্যের কারণে প্রতিবছর ১০-১২ জন শিশু বিদ্যালয় ত্যাগ করে। অনেক শিশুর অভিভাবক দিনমজুর বা শ্রমিক। ছেলেমেয়েদের বই, খাতা ও কলম কিনে দেওয়া সম্ভব হয় না তাঁদের।এসব শিক্ষার্থীর ঝরে পড়া রোধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আলোচনা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, এসব শিশুকে আর্থিক সহায়তা দেওয়া হবে। দেওয়া হবে শিক্ষার উপকরণ ও বিদ্যালয়ে আসার পোশাক। এ ব্যাপারে একটি কল্যাণ তহবিল গঠনের সিদ্ধান্ত নেন তাঁরা। ইসরাফিল হোসেন জানান, ২০০৫ সালেই কল্যাণ তহবিলের কাজ শুরু হয়। সচ্ছল পরিবারের শিক্ষার্থীদের অভিভাবকদের এই তহবিলের সদস্য করা হয়। প্রথম বছরই শতাধিক সদস্যের নাম লেখা হয়। প্রতি মাসে পাঁচ টাকা করে তহবিলে জমা দিতে থাকেন তাঁরা। এককালীন অনুদান, শিক্ষকদের দেওয়া অনুদানসহ বিভিন্ন খাত থেকে আসা অনুদান জমা হতে থাকে তহবিলে। এভাবে প্রতি বছর ১৫ থেকে ২০ হাজার টাকা জমা হয় এই তহবিলে। গত ছয় বছরে লক্ষাধিক টাকা জমা পড়েছে। তহবিল থেকে এ পর্যন্ত যত টাকা ব্যয় করা হয়েছে, সবই করা হয়েছে গরিব শিক্ষার্থীদের কল্যাণে।বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী সুমাইয়া আরেফিনের বাবা আমিনুর কবির পেশায় একজন ব্যবসায়ী। তিনি জানান, গরিব শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে তহবিল হয়েছে শুনে তিনি এতে প্রতি মাসে টাকা জমা দিচ্ছেন। আরেক অভিভাবক হাফিজুর রহমান বলেন, এই টাকায় দরিদ্র শিক্ষার্থীরা উপকার পাচ্ছে, এটি ভাবতেই তাঁর খুব ভালো লাগে।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাজেদুল হক বলেন, তহবিলে নিয়মিত টাকা দেওয়া ছাড়াও এই অর্থ কীভাবে ব্যয় হচ্ছে, তা তিনি তদারকি করেন।সহায়তা পাচ্ছে যারা: বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী লিখন জানায়, বৃদ্ধা দাদি নুরজাহান বেগমের কাছে থেকে পড়াশোনা করছে সে। দাদি অন্যের বাড়িতে কাজ করেন। তৃতীয় শ্রেণীতে ওঠার পর পড়াশোনার খরচ আর দিতে পারেননি তিনি। তখন থেকেই কল্যাণ তহবিলের অর্থে পড়াশোনা করেছে লিখন। বই-খাতা থেকে শুরু করে পোশাক পর্যন্ত—সবই শিক্ষকদের কাছ থেকে পেয়েছে। ২০০৯ সালে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে সে প্রমাণ করেছে তাকে দেওয়া এই সহায়তা বিফলে যায়নি।অপর ছাত্র সাকিল আহম্মেদের বাবা রিকশাভ্যানচালক আহাদ আলী জানান, কল্যাণ তহবিলের সহায়তায় ছেলের পড়াশোনা চলছে।শিক্ষার্থী আবদুল কাদেরের মা হেমেলা খাতুন জানান, তাঁর ছেলে প্রাথমিক বিদ্যালয়ে থাকা অবস্থায় অভাবের কারণে একপর্যায়ে পড়াশোনা বন্ধ করে দিয়েছিল। পরে শিক্ষকেরা এসে তাকে আবার বিদ্যালয়ে ভর্তি করান। এই আর্থিক সহযোগিতায় আবদুল কাদের প্রাথমিক বিদ্যালয় পেরিয়ে মাধ্যমিকে ভর্তি হয়। হূদয় ঘোষ, আম্বিয়া খাতুন, রুসিয়া খাতুন, সোহাগ মিয়া, রহমান বিশ্বাস, মামুনুর রশিদসহ অনেক শিশু এই তহবিল থেকে সহায়তা পাচ্ছে বলে জানায়।তাঁরা যা বলেন: স্থানীয় মহারাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, এ ধরনের তহবিল সাধারণত কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে থাকে না। ঝিনাইদহে আর কোনো বিদ্যালয়ে এমন তহবিল আছে বলে আমার জানা নেই। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হক খান বলেন, এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। আমি যদিও এই কর্মসূচির সঙ্গে সরাসরি জড়িত নই, তবু এ তহবিল সম্পর্কে জানি। এই আর্থিক সহায়তা থেকে অনেক দরিদ্র শিক্ষার্থী উপকার পাচ্ছে।ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও আংশিক সদর) আসনের সাংসদ আবদুল মান্নান বলেন, ‘এই কল্যাণ তহবিল থেকে দুস্থ মেধাবী শিক্ষার্থীরা যে সহায়তা পাচ্ছে, তা অতুলনীয়। এ ব্যাপারে আমার কোনো সহযোগিতার প্রয়োজন হলে আমি করব। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের তহবিল থাকলে দরিদ্র শিক্ষার্থীরা ঝরে পড়া থেকে রক্ষা পাবে।’