ঝরে পড়া ও ফেল বিবেচনায় বিনিয়োগে সফলতা কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপবৃত্তি পাওয়ায় ছাত্রীদের বিদ্যালয়মুখী হওয়ার প্রবণতা বেড়েছে। তবে ঝরে পড়ার হারে খুব একটা অগ্রগতি হয়নি। আবার উপবৃত্তিপ্রাপ্তদের মাধ্যমিক পরীক্ষায় পাসের হার সচ্ছল পরিবারের ছাত্রীদের তুলনায় কম। এসব বিষয় চিহ্নিত করে সরকারের সমীক্ষা প্রতিবেদন বলছে, ‘ছাত্রীদের ঝরে পড়া ও অকৃতকার্য হওয়ার হার বিবেচনায় নিলে উপবৃত্তি কর্মসূচিতে বিনিয়োগ বহুলাংশে সফল হচ্ছে না।’এ বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ফিমেল সেকেন্ডারি স্টাইপেন্ড প্রজেক্ট (এফএসএসপি-২) সম্পর্কে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এই মন্তব্য করেছে। গত জুন মাসে বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত ওই প্রকল্পের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশিত হয়। দুই ধাপে প্রকল্পের কাজ শেষ হয়েছে। দেশের ৫৬ জেলার ৩০২টি উপজেলার ১৫ হাজার ৬৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে কিছু শর্ত পূরণ সাপেক্ষে ছাত্রীরা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত উপবৃত্তির টাকা পায়। আইএমইডি ৩০টি উপজেলার ৬০টি স্কুলে উপবৃত্তি পাওয়া ছাত্রী, তাদের অভিভাবক ও শিক্ষকদের ওপর সমীক্ষা চালিয়ে প্রতিবেদনটি তৈরি করেছে। সমীক্ষায় আইএমইডিকে সহযোগিতা করে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান। উপবৃত্তি কর্মসূচির কারণেই মাধ্যমিক স্তরে এখন ছেলে ও মেয়ের সংখ্যা সমান। কিন্তু বেসরকারি বিভিন্ন সংস্থার মূল্যায়ন হচ্ছে, উপবৃত্তি খাতে যত টাকা খরচ হচ্ছে, সুফল সে অনুযায়ী মিলছে না। তা ছাড়া শর্তের কারণে দারিদ্র্যের চেয়ে তুলনামূলক সচ্ছল পরিবারে উপবৃত্তি চলে যাচ্ছে। বেসরকারি সংস্থাগুলোর ওই মূল্যায়নের সঙ্গে সরকারি সমীক্ষার বহুলাংশে মিল পাওয়া গেছে। ইমপ্যাক্ট ইভালুয়েশন অব ফিমেল সেকেন্ডারি স্টাইপেন্ড প্রোগ্রাম (পর্ব-২) শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, উপবৃত্তি কার্যক্রমের ফলে স্কুলগুলোতে মেয়েদের উপস্থিতির হার বেড়েছে। এখন মেয়ে ও ছেলেদের ভর্তির অনুপাত ৫৩:৪৭। কিন্তু ছাত্রীদের স্কুলে আসা ও মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়ার হার বাড়লেও অকৃতকার্য হওয়ার হার উদ্বেগজনক। জরিপ করা স্কুলগুলোতে উপবৃত্তি পাওয়া ছাত্রীদের মধ্যে শতভাগ পাস করার উদাহরণ নেই। সিলেটে ২০০৬, ২০০৭ ও ২০০৮ সালে ছাত্রীদের অকৃতকার্য হওয়ার হার ছিল যথাক্রমে ৩২, ৩৬ ও ৩৭ শতাংশ। একই সময়ে নাটোরে এই হার ছিল ১৯, ৫০ ও ৩৬ শতাংশ।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, উপবৃত্তি কার্যক্রম ছাত্রীদের স্কুলে ধরে রাখায় অনেকাংশে সফল হয়েছে। কিন্তু শিক্ষার মানোন্নয়নে তেমন ভূমিকা রাখতে পারেনি। ছাত্রীরা ৪৫ শতাংশ নম্বর না পেলেও তাদের শুধু উপবৃত্তি পাইয়ে দেওয়ার জন্য পাস করিয়ে দেওয়ার অভিযোগ আছে।সেকেন্ডারি এডুকেশন স্টাইপেন্ড প্রোগ্রামের (এসইএসপি) পরিচালক আফজাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা আমাদের জন্য এখনো একটি বড় চ্যালেঞ্জ। বিভিন্ন গবেষণায় আমরা দেখেছি, কর্মসূচি বাস্তবায়নের ফলে বাল্যবিবাহ রোধ করা গেছে। এর ফলে জনসংখ্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন সামাজিক আন্দোলনে মেয়েরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’১৯৯৩ সালে উপবৃত্তি কার্যক্রম চালুর আগে মাধ্যমিক স্তরে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ছিল ৩৩ শতাংশ, তাদের মধ্যে মাত্র পাঁচ শতাংশ মাধ্যমিক পরীক্ষায় পাস করত। এই প্রেক্ষাপটে নেশনওয়াইড ফিমেল স্টাইপেন্ড প্রোগ্রাম (এনএফএসপি) শুরু হয়। প্রথম পর্যায়ে জানুয়ারি ১৯৯৪ থেকে জুন ২০০৫ পর্যন্ত এবং দ্বিতীয় পর্যায়ে জুলাই ২০০৫ থেকে ডিসেম্বর ২০০৮ পর্যন্ত চলা প্রকল্পের বরাদ্দ ছিল ৪৬ কোটি ৬২ লাখ টাকা। এ টাকার পুরোটাই জোগান দিয়েছে বাংলাদেশ সরকার। প্রকল্প শেষ হওয়ার পর এর লক্ষ্য ও উদ্দেশ্য কতটা পূরণ হয়েছে, তা খতিয়ে দেখছে আইএমইডি। পর্যালোচনায় দেখা গেছে, উপবৃত্তির আশায় ছাত্রীদের মাধ্যমিক স্তরে ভর্তি হওয়ার হার বেশির ভাগ ক্ষেত্রেই বেড়েছে। জরিপের আওতাভুক্ত ১৫ জেলার মধ্যে ছিল সুনামগঞ্জ, নেত্রকোনা, ঠাকুরগাঁও, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, টাঙ্গাইল, পটুয়াখালী, বরিশাল, গাজীপুর, রাঙামাটি, সিলেট, কুষ্টিয়া, খুলনা, নওগাঁ ও নাটোর। এগুলোর মধ্যে সুনামগঞ্জে ভর্তির হার সর্বোচ্চ ১০ দশমিক ২৩ ভাগ পর্যন্ত বেড়েছে। রাঙামাটি ছাড়া অন্য জেলায় বিদ্যালয়ে গড় উপস্থিতির হার এ সময়ে ৮৩ শতাংশে পৌঁছায়। অন্যদিকে উপবৃত্তিপ্রাপ্ত মেয়েদের বিয়ের গড় বয়স ছিল ২২ বছর। আইএমইডি বলছে, বেশির ভাগ ক্ষেত্রে উপবৃত্তি কর্মসূচি উদ্দেশ্য অর্জনে সফল হলেও মাধ্যমিক পরীক্ষায় পাসের হার অধিকাংশ ক্ষেত্রে বাড়েনি। বরং মাধ্যমিক স্তরে ঝরে পড়া মেয়ে শিক্ষার্থী এবং অকৃতকার্য শিক্ষার্থীদের যোগ করা হলে যে সংখ্যাটা পাওয়া যায়, তা খুবই উদ্বেগজনক। ২০০৯ সালে সিলেটে ৩৭ শতাংশ, নাটোরে ৩৬, কুষ্টিয়ায় ৩৪, কক্সবাজারে ৩২ এবং গাজীপুরে ৩০ শতাংশ ছাত্রী গত বছর মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়। যদিও এই ছাত্রীরা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতিটি বিষয়ে কমপক্ষে ৪৫ শতাংশ নম্বর পেয়েছিল। ছাত্রীদের অকৃতকার্য হওয়ার কারণগুলো খতিয়ে দেখে আইএমডি মন্তব্য করেছে, প্রাথমিকভাবে এই দায় বর্তায় স্কুলের শিক্ষকদের ওপর। জরিপের সময় ছাত্রীদের ভালো শিক্ষকের সংখ্যা ও তাঁদের উপস্থিতি সম্পর্কে প্রশ্ন করা হয়। মাত্র ২৫ শতাংশ স্কুলে পর্যাপ্ত শিক্ষক আছে, আর ৭৫ শতাংশ প্রতিষ্ঠানই অল্পসংখ্যক শিক্ষক নিয়ে চলছে। প্রতিবেদনে বলা হয়েছে, মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে ভালো শিক্ষকের চাহিদা পূরণ করা সম্ভব হয়নি। ৭৩ শতাংশ স্কুলের শিক্ষক কোনো ধরনের প্রশিক্ষণ পাননি। অবশিষ্ট ২৭ শতাংশ শিক্ষক কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। তবে তাঁদের প্রশিক্ষণের বিষয়বস্তু ছিল উপবৃত্তির ফর্ম কীভাবে পূরণ করতে হবে, কেমন করে উপকারভোগী ছাত্রীদের বাছাই করতে হবে ইত্যাদি। প্রতিবেদনে বলা হয়েছে, যথেষ্ট সংখ্যক ভালো শিক্ষক নিয়োগ না দিলে উপবৃত্তি কর্মসূচির সুফল পাওয়া যাবে না। এতে স্কুলগুলোতে যোগ্য ও জনপ্রিয় শিক্ষকদের নিয়োগ এবং ৯০ শতাংশ উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষকদের বিশেষ বোনাস দেওয়ার সুপারিশ করা হয়েছে। জরিপে অংশগ্রহণকারী অভিভাবকেরা বলছেন, ভালো শিক্ষক নিয়োগ, শিক্ষকেরা মাঝেমধ্যে বাসায় গিয়ে ছাত্রীদের সহযোগিতা করলে এবং উপবৃত্তির টাকা বাড়িয়ে দিলে এই প্রকল্পে আরও বেশি সুফল পাওয়া যাবে।গণসাক্ষরতা অভিযান (ক্যাম্পে) এ বছরের গোড়ার দিকে জাতিসংঘ পরিবারভুক্ত সংগঠন ইউনাইটেড নেশনস গার্লস এডুকেশন ইনিশিয়েটিভের (ইউএনজিইআই) কাছে যে প্রতিবেদন জমা দিয়েছে তাতে বলা হয়েছে, উপবৃত্তি কর্মসূচি চালু হওয়ার কারণে মাধ্যমিক পর্যায়ে মেয়েদের ভর্তির হার বেড়েছে। কিন্তু ওই একই সময়ে শিক্ষকের সংখ্যা কিংবা শ্রেণীকক্ষের সংখ্যা প্রয়োজন অনুপাতে বাড়েনি। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সময়কালে এখনো মেয়েদের ঝরে পড়ার হার ছেলেদের চেয়ে বেশি ( ৪৬:৩৯)। এ প্রসঙ্গে জানতে চাইলে আইএমইডির মূল্যায়ন বিভাগের মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ হায়দার আলী প্রথম আলোকে বলেন, কিছু সীমাবদ্ধতা থাকলেও মাধ্যমিক স্তরে ভর্তি ও লেখাপড়া চালিয়ে যাওয়া, বাল্যবিবাহ রোধ এবং স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এই উপবৃত্তি কর্মসূচি অনেকটা সফল বলে প্রমাণিত হয়েছে।