প্রাথমিক বিদ্যালয়ে শিশুর ঝরে পড়া রোধে দুর্গম চর, হাওর-বাঁওড়, চা-বাগান ও পার্বত্য অঞ্চলে ২১০০ শিখনকেন্দ্র প্রতিষ্ঠা করবে সরকার। এসব অঞ্চলের ২১০টি উপজেলার প্রতিটিতে ১০টি করে এ কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। এসব কেন্দ্রে শিশুরা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করবে। প্রতিটি কেন্দ্রে একজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু আলম মোহাম্মদ শহিদ খান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।সচিব বলেন, ২০১১ সাল থেকে এ শিখনকেন্দ্র চালু হবে। আপাতত এ প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে তিন বছর। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১৪৮ কোটি টাকা। প্রকল্পটি বর্তমানে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা ও ঝরে পড়া রোধ করাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মূল চ্যালেঞ্জ বলেও জানান সচিব।