টানাপোড়েনে বাঁধা ওদের জীবন। কারও বাবা দিনমজুর, কারও বাবা বুট-মুড়িওয়ালা। এক বেলা পেটে কিছু পড়লে ভাবতে হয়, আরেক বেলা জুটবে তো? এমন প্রতিকূলতার মধ্যেই শিক্ষার আলো নিতে বিদ্যালয়মুখী হয়েছিল ওরা। কিন্তু অনটনের বেড়াজাল একপর্যায়ে বাধা হয়ে দাঁড়ায় ওদের সামনে। বিদ্যালয় থেকে ঝরে পড়ে ওরা। তখন ওদের কাজ শুধু ফ্যা ফ্যা করে ঘুরে বেড়ানো। অভাবের তাড়নায় কিছু ঝরে পড়া শিক্ষার্থী ছোটখাটো অপরাধেও জড়িয়ে পড়ে। তাদের এই অবক্ষয় দেখে কষ্ট অনুভব করেন একদল তরুণ-তরুণী। এসব শিক্ষার্থীকে পড়াশোনায় ফিরিয়ে আনতে কিছু করার কথা ভাবেন তাঁরা। গড়ে ওঠে একটি সংগঠন। চালু হয় দুটি পাঠশালা। এসব পাঠশালায় আজ কেবল ঝরে পড়া শিক্ষার্থীরাই নয়, এলাকার অনেক সচ্ছল ঘরের সন্তানও পড়াশোনা করে উপকৃত হচ্ছে। কোনো ফি ছাড়াই তারা পাচ্ছে বিদ্যানুরাগী কিছু শিক্ষিত তরুণ-তরুণীর আন্তরিক সহযোগিতা। কুমিল্লার আদর্শ সদর উপজেলার বারপাড়া গ্রামের ৩৫ জন তরুণ-তরুণী মিলে গড়ে তোলেন ওই সংগঠন। নাম বারপাড়া সমাজকল্যাণ পরিষদ। ‘জ্ঞানের আলো ছড়াতে চাই, সুশিক্ষার কোনো বিকল্প নেই’ এই মূলমন্ত্র নিয়ে এগিয়ে চলছেন তাঁরা।যেভাবে শুরু: ২০০৯ সালের ২১ ফেব্রুয়ারি বিকেল। বারপাড়া গ্রামে একটি রাস্তায় বসে গল্প করছিলেন কয়েকজন তরুণ। একপর্যায়ে শিক্ষার আলোতে পুরো গ্রামকে আলোকিত করার প্রসঙ্গ ওঠে। প্রসঙ্গটি পাড়েন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. আবদুস সামাদ। ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার উদ্যোগ নেওয়ার প্রস্তাব করেন তিনি। এতে সাড়া দেন বন্ধুরা। সবাই মিলে কাজে নেমে পড়েন।শুরুতে গ্রামজুড়ে জরিপ চালিয়ে তরুণেরা দেখেন, ১২১ জন শিক্ষার্থী অভাবের কারণে পড়াশোনা ছেড়েছে। ওই শিক্ষার্থীদের পাঠদান ও বিদ্যালয়মুখী করার মাধ্যমে সংগঠনের কাজ শুরু করেন তাঁরা। এসব শিক্ষার্থীকে বারপাড়া প্রাথমিক বিদ্যালয় ও পার্শ্ববর্তী ধনেশ্বর উচ্চবিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করা হয়।২০০৯ সালের ১৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় স্বেচ্ছাসেবী সংগঠন বারপাড়া সমাজকল্যাণ পরিষদের। সম্পূর্ণ অরাজনৈতিক, ধূমপানমুক্ত ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তরুণ-তরুণীরাই এর সদস্য।বারপাড়া সমাজকল্যাণ পরিষদের সভাপতি তানভীর রানা, সহসভাপতি শর্মি দাস, সাধারণ সম্পাদক মো. আবদুস সামাদ ও কোষাধ্যক্ষ কাজী মাহবুব জানান, দলীয় সদস্যদের মাসিক চাঁদা, এলাকার বিত্তবান ব্যক্তিদের সার্বিক সহযোগিতায় সংগঠনের কার্যক্রম পরিচালিত হয়। সদস্যরা প্রত্যেকে মাসে ২০ টাকা করে চাঁদা দেন। ওই টাকায় কাগজ-কলম কেনা হয়। গ্রামের ৩৫ জন মুরব্বি এ সংগঠনের উপদেষ্টা। বর্তমানে এ সংগঠনে ৭০ সদস্য রয়েছেন। সদস্যরা বলেন, ‘শিক্ষার হার কম থাকার কারণে আমরা অনগ্রসর এই গ্রামকে আলোকিত করার উদ্যোগ নিই।’ তাঁরা আরও জানান, ২০০৯ সালের ৯ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বারপাড়া গ্রামের পাঁচটি পাড়ার মোট জনসংখ্যার ওপর জরিপ চালিয়ে দেখা যায়, চার হাজার ২৩৯ জন বাসিন্দার মধ্যে মাত্র ৯৬৫ জন পড়াশোনা করে। এখন এ পরিস্থিতির দিন দিন উন্নতি হচ্ছে।বিদ্যালয়মুখী করা ও পাঠদান: ঝরে পড়া শিক্ষার্থীদের পড়াশোনায় ফিরিয়ে আনতে অভিভাবকদের এ ব্যাপারে সচেতন করে তোলার কথা ভাবেন সংগঠনের সদস্যরা। এ লক্ষ্যে অভিভাবকদের নিয়ে চলে উঠানবৈঠক। কয়েকটি উঠানবৈঠকের পর সুফল পাওয়া যায়। বর্তমানে গ্রামের পড়াশোনা ছেড়ে দেওয়া ৮৫ জন শিক্ষার্থী বিদ্যালয়ে যাচ্ছে। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ জন এবং মাধ্যমিক বিদ্যালয়ে ৪০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে।শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠিয়েই কেবল বসে থাকেননি সংগঠনের সদস্যরা। তাঁদের পাঠদানে গ্রামে সম্প্রতি দুটি পাঠশালা চালু করা হয়েছে। এর মধ্যে পাঠশালা-১ রয়েছে গ্রামের পূর্বপাড়ায়। এতে প্রতিদিন বিকেলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যে পাঠ দেওয়া হয়। দক্ষিণ পাড়ায় রয়েছে পাঠশালা-২। এতে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রতিদিন বিকেলে পাঠ দেওয়া হয়। বিনিময়ে কোনো ফি নেওয়া হয় না। সংগঠনের সদস্যরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ভিক্টোরিয়া সরকারি কলেজ ও কুমিল্লা সরকারি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, যাঁরা এই পাঠশালার শিক্ষার্থীদের পড়ান। পাঠশালা দুটিতে শুক্রবার দিনব্যাপী পাঠদান চলে। ঝরে পড়া ও সাধারণ শিক্ষার্থী মিলিয়ে দুটি পাঠশালায় এখন ২২০ জন শিক্ষার্থী রয়েছে। এ শিক্ষার্থীদের জ্ঞান আহরণে সংগঠনের পক্ষ থেকে একটি গ্রন্থাগার গড়ে তোলা হয়েছে। সেখানে বই পড়ার পাশাপাশি বিভিন্ন পত্রিকা পড়ার ব্যবস্থা রয়েছে। পাঠশালায় একদিন: সম্প্রতি এক সকালে পূর্বপাড়ায় পাঠশালা-১-এ গিয়ে দেখা যায়, সংগঠনের সাধারণ সম্পাদক আবদুস সামাদের পৈতৃক বাড়িতে একটি আধাপাকা ভবনে বসেছে এ পাঠশালা। মেঝেতে চট বিছিয়ে পড়ছে ছোট ছোট শিশু।সেখানে সালমা আক্তার নামের একজন অভিভাবক বলেন, তাঁর মেয়ে লিপি আক্তার পাঠশালার ছাত্রী। টাকার অভাবে লিপির বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। দুই বছর এভাবে থাকার পর বারপাড়া সমাজকল্যাণ পরিষদের সদস্যরা লিপিকে স্থানীয় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়ে দেন। একই সঙ্গে পাঠশালায় তাকে পড়ানোর ব্যবস্থাও করেছেন তাঁরা।দক্ষিণপাড়ায় গিয়ে দেখা যায়, একটি পুরোনো ভবনের চারটি কক্ষে চলছে পাঠশালা-২-এর শিক্ষার্থীদের পাঠদানের পালা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সালমা আক্তার, পেয়ারা বেগম ও পপি আক্তার জানায়, তারা প্রত্যেকেই অভাবের কারণে একপর্যায়ে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। পরে সংগঠনের তরুণ সদস্যদের সহযোগিতায় সদর দক্ষিণ উপজেলার ধনেশ্বর উচ্চবিদ্যালয়ে ভর্তি হয়ে তারা আবার পড়াশোনা শুরু করে। একই সঙ্গে সংগঠনের পাঠশালায় তারা আলাদাভাবে পড়ার সুযোগ পাচ্ছে। বারপাড়া গ্রামের আবদুল বারেকের পেশা রাস্তায় রাস্তায় ঘুরে বুট-মুড়ি বিক্রি করা। তিনি জানান, টাকার অভাবে তাঁর মেয়ে সীমা আক্তারের পড়াশোনা দুই বছর বন্ধ ছিল। সংগঠনের সহযোগিতায় এখন সে আবার বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে ভর্তি হয়েছে এবং পাঠশালায় নিয়মিত পড়ছে। একই গ্রামের দিনমজুর শরিফ মিয়া বলেন, তাঁর মেয়ে শেফালি আক্তার তিন বছর পড়াশোনা থেকে দূরে থাকার পর সংগঠনের সহযোগিতায় আবার পড়তে পারছে। এখন সে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।ধনেশ্বর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ বদিউজ্জামান বলেন, বারপাড়া গ্রামের এসব তরুণ-তরুণীর এই সাহসী উদ্যোগের কারণে ঝরে পড়া শিক্ষার্থীরা আবার বিদ্যালয়ে ফিরে এসেছে। বিদ্যালয় থেকে এসব শিক্ষার্থীর বেতন ও ফির ব্যাপারে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।গুণীজনদের সমর্থন: ২০০৯ সালের ১৯ ডিসেম্বর কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কুণ্ডু গোপীদাস, একই বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ইমরুল হাসান ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মমতাজ আহমেদ পাটওয়ারী সংগঠনের কার্যক্রম দেখতে যান। তাঁরা তরুণদের ওই উদ্যোগকে স্বাগত জানান। গত ১২ ফেব্রুয়ারি কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হেলেনা নূর এবং ৬ নম্বর জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাক সংগঠনের দ্বিতীয় পাঠশালার উদ্বোধন করেন। তাঁরাও তারুণ্যের ওই উদ্যোগকে স্বাগত জানান।