মাদ্রাসা শিক্ষাব্যবস্থার আওতায় প্রথম ইবতেদায়ি (পঞ্চম শ্রেণীর সমমান) সমাপনী পরীক্ষায় ৮৩ দশমিক ৯৩ ভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। অকৃতকার্যের হার ১৬ শতাংশ। এ পরীক্ষায় নিবন্ধন করেও অংশ নেয়নি ২০ শতাংশ শিক্ষার্থী।অকৃতকার্য ও অনুপস্থিত মিলে ইবতেদায়ির এক লাখ নয় হাজার ১১৬ জন শিক্ষার্থী এ স্তরের শেষ বাধা পাড়ি দিতে পারেনি। এটি মোট নিবন্ধিত পরীক্ষার্থীর শতকরা ৩৩ ভাগ। গতকাল মঙ্গলবার প্রাথমিক শিক্ষা সমাপনীর সঙ্গে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলও ঘোষণা করা হয়। এ পরীক্ষায় মোট দুই লাখ ৬৪ হাজার ৮৬৬ জন অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে দুই লাখ ২২ হাজার ৩১৫ জন। পাসের হার ও মেধাতালিকা দুটিতেই মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে আছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের বেশির ভাগ পেয়েছে দ্বিতীয় বিভাগ (এক লাখ এক হাজার ৩০ জন)। ৫৮ হাজার ১৪৬ জন প্রথম বিভাগে এবং ৬৩ হাজার ১৩৯ জন তৃতীয় বিভাগে পাস করেছে।ইবতেদায়িতে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছে ইংরেজিতে। এ বিষয়ে পাসের হার ৮৯ দশমিক ১৯ শতাংশ। অন্য সব বিষয়ে পাসের হার ৯০ এর ওপরে।মোট ৬০০ নম্বরের মধ্যে ৫৮৫ পেয়ে সারা দেশে প্রথম হয়েছে কুমিল্লার জুরানপুর আলিম মাদ্রাসার ছাত্র মাসউদ আলম। পাবনা ইসলামী আলিয়া মাদ্রাসার জাকির উল্লাহ মাহমুদ দ্বিতীয় ও গোপালগঞ্জের পিংগলীয়া সিদ্দিকীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ইব্রাহীম মোল্যা তৃতীয় হয়েছে। মেধাতালিকায় (প্রথম ১০) স্থান পেয়েছে ১৪ জন শিক্ষার্থী। এদের তিনজন মেয়ে।ইবতেদায়িতেও সাতটি বিভাগের মধ্যে পাসের হার সবচেয়ে বেশি বরিশালে। এ বিভাগে পাসের হার ৯১ দশমিক ৫৫ শতাংশ। পাসের হার সবচেয়ে কম সিলেট বিভাগে ৭১ দশমিক ৫৫ শতাংশ। জেলার মধ্যে পাসের হার সবচেয়ে বেশি মুন্সিগঞ্জে (৯৭ দশমিক ৯৫)।স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোর চেয়ে সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসায় পাসের হার বেশি। এ হার যথাক্রমে ৮০ দশমিক ৩০ ও ৮৪ দশমিক ৪৯ ভাগ। সারা দেশে মোট দুই হাজার ৭৯১টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার মধ্যে এক হাজার ২১৫টিতে পাসের হার শতভাগ। আর ৪২২টি মাদ্রাসা থেকে কেউই পাস করেনি। অন্যদিকে, মোট আট হাজার ৬৬২টি সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসার চার হাজার ৫০টির সবাই কৃতকার্য হয়েছে। ১৭২টি থেকে কেউ পাস করেনি।