ঝরেপড়া ঠেকাতে পারছে না উপবৃত্তি
এক নজরে প্রাথমিক স্তরের শিক্ষার্থী সংখ্যা: এক লাখ ২৬ হাজার ২১। শিক্ষক সংখ্যা: তিন হাজার ১৯৪। প্রাথমিক স্তরের বিদ্যালয়: ৭৮৩টি। সরকারি প্রাথমিক বিদ্যালয়: ৩৭৯টি। রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় : ৩২৩টি। কমিউনিটি বিদ্যালয় : ৫৬টি। পরীক্ষণ বিদ্যালয় একটি। উচ্চবিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় নয়টি। কিন্ডারগার্টেন ১৫টি। এবতেদায়ি মাদ্রাসা ১৪৫টি। বরগুনা জেলায় প্রাথমিক শিক্ষায় সমস্যার অন্ত নেই। অপরিসর শ্রেণীকক্ষ, শিক্ষক ও যোগাযোগ সংকট, পারিবারিক অসচ্ছলতার কারণে ঝরেপড়া, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নিষ্ক্রিয়তা-দলাদলি, দুর্নীতি ও বিদ্যালয় পরিচালনায় অব্যবস্থাপনাসহ নানা কারণে ব্যাহত হচ্ছে সরকারের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কার্যক্রম। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী বরগুনা জেলায় শিক্ষার্থীর সংখ্যা এক লাখ ২৬ হাজার ২১ জন। আর শিক্ষকের সংখ্যা তিন হাজার ১৯৪ জন। আনুপাতিক হারে প্রায় ৪০ জন শিক্ষার্থীকে সব বিষয়ে (পাঁচ থেকে আটটি) পাঠদানের জন্য একজন শিক্ষক রয়েছেন। সরকারি হিসাবে জেলায় ছয় থেকে দশ বছর বয়সী বিদ্যালয় গমনোপযোগী শিশুর সংখ্যা এক লাখ ২৮ হাজার ৫৭০ জন। প্রকৃত অর্থে এই সংখ্যা প্রায় দেড়গুণ। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী জেলায় ঝরেপড়া শিশুর হার শতকরা ১৮ ভাগ। তবে বেসরকারি এক পরিসংখ্যানে জেলার দরিদ্র পরিবারের কমপক্ষে ৫০ ভাগ শিশু প্রথম শ্রেণীতে ভর্তি হয়ে পঞ্চম শ্রেণীতে ওঠার আগেই ঝরে পড়ে। এসব শিশুর অধিকাংশই জেলার চর, নদীতীর ও বঙ্গোপসাগর-তীরবর্তী এলাকার। এ ছাড়া শহরের বিভিন্ন বস্তি, আবাসন প্রকল্প, আশ্রয়ণ প্রকল্পগুলোর ৮৫ ভাগ শিশু বিদ্যালয় থেকে ঝরে পড়ে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই হাজার ১২ জন শিক্ষকের পদ থাকলেও কর্মরত আছেন এক হাজার ৯৪২ জন। এর মধ্যে শিক্ষিকা ৯৫৯ জন। এ ছাড়া রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ে এক হাজার ৯২ জন শিক্ষকের পদ থাকলেও কর্মরত আছেন এক হাজার ৫২ জন। এ ছাড়া কমিউনিটি বিদ্যালয়ে ১৩১ জন শিক্ষকের স্থলে ১২৫ জন কর্মরত আছেন।জেলা ও বিভিন্ন উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশাসনেও কর্মকর্তা-কর্মচারী, অবকাঠামো ও যানবাহন সংকটে শিক্ষার মান উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। জেলার পাঁচ উপজেলায় পাঁচজন উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ থাকলেও সেখানে কর্মরত আছেন তিনজন। এখানে দুটি পদ শূন্য রয়েছে দীর্ঘদিন ধরে। এ ছাড়া সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার ২৩টি পদ থাকলেও কর্মরত আছেন ১৪ জন। এখানেও নয়টি পদ শূন্য থাকায় বিদ্যালয় মনিটরিং, ব্যবস্থাপনা, ক্লাস্টার পরিচালনাসহ সামগ্রিক কাজ ব্যাহত হচ্ছে। এ ছাড়া বিভিন্ন উপজেলা ও জেলা কার্যালয়ে ১২ জন অফিস সহকারীর স্থলে ছয়জন, এমএলএসএস একজন, করনিক একজনের পদ শূন্য রয়েছে।বিদ্যালয়গুলোতে অবকাঠামো, বেঞ্চ, শ্রেণীকক্ষ সংকট লেগেই আছে। ঘূর্ণিঝড় সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলো মেরামতের জন্য যে সহায়তা পাওয়া গেছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ঘূর্ণিঝড় সিডরে জেলার ৭৩০টি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বিদ্যালয় মেরামতের জন্য বরাদ্দ পাওয়া গেছে ছয় কোটি ৮৪ লাখ ৮৭ হাজার টাকা। ২০০৯ সালের ২৫ মের ঘূর্ণিঝড় আইলায় ৩৫৬টি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হলে সেগুলো মেরামতে এখন পর্যন্ত কোনো বরাদ্দ পাওয়া যায়নি। ফলে এসব বিদ্যালয়ে ঝুঁকির মধ্যে শিক্ষার্থীরা ক্লাস করছে। উপবৃত্তি ঝরেপড়া রোধ করতে পারছে না: সরকার প্রাথমিক শিক্ষাকে শতভাগ সফল করার ক্ষেত্রে শিক্ষার্থীদের উপবৃত্তির প্রথা চালু করলেও শিশুদের ঝরেপড়ার হার রোধ করা যাচ্ছে না। সরকারি হিসাবে, বরগুনা জেলায় ৪৮ হাজার ৯৭৫ জন শিক্ষার্থীকে প্রায় দুই কোটি ২১ লাখ টাকা উপবৃত্তি দেওয়া হয়। এর মধ্যে সদর উপজেলায় ১০ হাজার ৩৪৭ জনের মধ্যে ৩১ লাখ ৮৪ হাজার টাকা, বামনায় দুই হাজার ৮৩৬ জনকে আট লাখ ৪০ হাজার ৩৬০ টাকা, আমতলী উপজেলায় ১৭ হাজার ৯১৭ জনকে ৮০ লাখ ৪১ হাজার ৫৫০ টাকা, পাথরঘাটায় ছয় হাজার ৫৬৮ জনকে ১৪ লাখ ১১ হাজার ৩৫০ টাকা, বেতাগী উপজেলায় চার হাজার ৩৩০ জন শিক্ষার্থীকে ১০ লাখ ৫৬ হাজার ৬১০ টাকা উপবৃত্তি দেওয়া হয়। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলায় ২০০৯ সালে শিক্ষার্থী ভর্তির হার ৯৯ দশমিক ৫৮ শতাংশ এবং উপস্থিতির হার ৭৫ শতাংশ দেখানো হয়েছে। আর জেলায় ঝরেপড়া শিশুর সংখ্যা শতকরা ১৮ ভাগ দেখানো হয়েছে।বরগুনার বেসরকারি সংস্থা ফারিয়া লারা ফাউন্ডেশন ২০০৬ সালে জেলার তিনটি উপজেলার ১৭টি চর ও নদী তীরবর্তী এলাকার শিশুদের ওপর প্রায় নয় মাস ধরে সমীক্ষা চালায়। ওই সমীক্ষা প্রতিবেদনে দেখা যায়, সেখানে এসব এলাকার ৯৫৫ জন শিশুর সাক্ষাত্কার নেওয়া হয়েছে, যাদের বয়স চার থেকে ১৪ বছর। এসব শিশুর মধ্যে স্কুলে যায় মাত্র ৩১০ জন, পোনা মাছ ধরে জীবিকা নির্বাহ করে ৫৯০ জন ও ১৫৫ জন রয়েছে ভবঘুরে শিশু।সমীক্ষার কাজে অংশগ্রহণকারীদের দলনেতা চিত্তরঞ্জন শীল জানান, শিক্ষার্থীদের ঝরেপড়ার মূল যেসব কারণ চিহ্নিত করা গেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে দারিদ্র্য। তিনি পরিসংখ্যান দিয়ে বলেন, ‘বরগুনা জেলায় বর্তমানে দারিদ্র্যের হার ৪৯ ভাগ। এর মধ্যে সিংহভাগই আবার অতিদরিদ্র। এসব দরিদ্র পরিবারের অভিভাবকেরা যেসব পেশায় জীবিকা নির্বাহ করেন, তা দিয়ে সংসারের ভরণপোষণ হয় না। এ জন্য তাঁরা চান সংসারের একটু আয় বাড়াতে তাদের শিশুরা আত্মনিয়োগ করুক। জেলার অধিকাংশ মানুষের পেশা হচ্ছে মাছশিকার। বিশেষ করে পোনা মাছ ধরার মৌসুমে চর, নদীতীর, সাগরসংলগ্ন এলাকার শিশুরা বিদ্যালয়ে যায় না বললেই চলে। এভাবে চার-পাঁচ মাস বিদ্যালয়ে না যাওয়ায় এসব শিশু শিক্ষার প্রতি অমনোযোগী হয়ে পড়ে। আর এভাবে একসময় সে একেবারে বিদ্যালয়ে যাওয়াই বন্ধ করে দেয়। এ ক্ষেত্রে পারিবারিক অসচ্ছলতার পাশাপাশি অসচেতনতাও দায়ী।’তিনি বলেন, শহর ও আশপাশের বিদ্যালয়গুলোতে আগের চেয়ে শিক্ষকদের দায়িত্বশীলতা কিছুটা বৃদ্ধি পেলেও প্রত্যন্ত গ্রামে তা তেমন বাড়েনি। এ ক্ষেত্রে মনিটরিং ব্যবস্থার ঢিলেমি অন্যতম কারণ। বিশেষ করে বেসরকারি ও রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষকদের দায়িত্বশীলতা আরও বাড়াতে মনিটরিংয়ের ব্যবস্থা জোরদার করা দরকার। গত দুই বছর জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী উপস্থিতির হার কিছুটা বৃদ্ধি পেয়েছে এটা ঠিক। তবে এর পেছনে কারণ হলো সিডরবিধ্বস্ত এলাকা হিসেবে বরগুনা জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিশ্ব খাদ্য সংস্থার বিস্কুট বিতরণ। এ সহায়তা বন্ধ হয়ে যাওয়ার পর যাতে শিক্ষার্থী উপস্থিতি ঠিকঠাক রাখা যায় সে ব্যাপারেও এখন থেকে উদ্যোগী হওয়া দরকার।