ঝলমলে ঢাকায় উজ্জ্বল উদ্বোধন
‘আর কোনো শহর, আর কোনো দেশ, আর কোনো জাতির কাছে বিশ্বকাপ বিষয়টা এর চেয়ে বড় কিছু হতে পারত না। বিশ্বকাপের যাত্রা শুরু করার জন্য এর চেয়ে ভালো জায়গা আর কিছুই হতে পারত না।’—ক্রিকইনফোডটকমনতুন জুতা আর জামাইয়ের মুখ নাকি বারবার দেখতে ইচ্ছা করে। ঢাকা যেন আজ নতুন জামাই, কী অপরূপ তার বরবেশ, আলোয় আলোয় ঝলমল করছে রাজপথ, সুন্দর বাংলাদেশের রাজধানীটা সেজেছে সাধ্যমতো জরিচুমকির পাগড়ি মাথায়, আর তার মুখটা দেখতে বেরিয়ে পড়েছে ঢাকাবাসী। রাতের বেলাতেও মিরপুর আর বিমানবন্দর সড়কে যানজট, সবাই বেরিয়ে পড়ে ঢাকা দেখতে। শুনে ভাবলাম, বেশি রাতে বেরোব। গায়ে বাংলাদেশের ক্রিকেট দলের একটা জার্সি চাপিয়ে রাত ১২টায় বেরিয়ে পড়ি স্ত্রী, কন্যা আর গৃহপরিচারিকাদের নিয়ে। জগতের আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ। ঢাকাবাসীর আনন্দমেলায় জগৎবাসীর নিমন্ত্রণ। কেউই আজ বাদ পড়বে না। বিজয় সরণি থেকে যানজট শুরু, রাস্তার দুই ধারে গাড়ি থামিয়ে লোকে ছবি তুলছে, নারী-পুরুষনির্বিশেষে খোলা ট্রাকে বসে আছে পুরো পরিবার, কোলে এক বছরের শিশু, তার গালে বাংলাদেশের লাল-সবুজ পতাকা আঁকা। থেকে থেকে বাজছে ভুভুজেলা। গাড়ি চালিয়ে যাই র্যাডিসনের দিকে, মাথার ওপরে আলোকের জলপ্রপাত নীল, বেগুনি, সাদা। সেসব দেখতে দেখতে পথের বাম দিকে সেই বিশাল ব্যাটটা, যাতে হাজার হাজার স্বাক্ষর। যানজট, যানজট। লোকে ভিড় করে ব্যাট দেখছে।গাড়ি ঘুরিয়ে নিয়ে এবার চলি মিরপুরের দিকে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ওদিকটায় খেলোয়াড়দের উডকাটে আলোকমালা, মানুষের মেলা বসে গেছে সেখানে, সবাই ছবি তুলছে। মিরপুর স্টেডিয়ামের পথে আবারও অনড় জট। কিন্তু মানুষের ফুর্তির বিরাম নেই, ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’ বলে পতাকা নিয়ে মিছিল করছে, হেঁটে, মোটরসাইকেলের বহর নিয়ে, ট্রাকে, বাসে। আহা, আমার ঢাকা শহর। মানুষের শহর। মানুষই এই শহরের প্রধান সম্পদ। এই মানুষের উৎসাহের কারণেই ক্রিকইনফো লিখেছে, বিশ্বকাপকে তার আত্মা ফিরিয়ে দিলবাংলাদেশ। আমার চোখ ভিজে আসে আবেগে।১৭ ফেব্রুয়ারি বেলা তিনটায় রওনা দিয়েছি স্টেডিয়ামের দিকে। উদ্বোধনী অনুষ্ঠান দেখে ইতিহাসের সাক্ষী হয়ে থাকব। শাহবাগের মোড়ে গাড়ি ঘুরিয়ে দিল পুলিশ। কারও মুখে কোনো বিরক্তি নেই। সবাই জানে, তারা হোস্ট, স্বাগতিক, মেজবান—সব কষ্ট তাদের হাসিমুখে মেনে নিতে হবে, যাতে অতিথিদের সামান্য কষ্টও না হয়। গুলিস্তানের মোড় লোকে লোকারণ্য। কঠিন নিরাপত্তাফটক পার হতে সময় লাগছে। কিন্তু কারও চেহারায় কোনো ক্ষোভ নেই। আবার সবাই টিকিটও পাননি, তবুও বাংলাদেশের বড় পতাকা নিয়ে এসেছেন মিছিল করতে করতে। আজি কী আনন্দ আকাশে বাতাসে! স্টেডিয়ামের ভেতরে গিয়ে নবরূপে সজ্জিত স্টেডিয়াম দেখতে ভালোই লাগল। সাড়ে চারটায় শুরু হলো অপেক্ষমাণ দর্শকদের জন্য ফাউ বিনোদনের আসর। তরুণ শিল্পীরা গান গাইলেন। সোয়া ছয়টায় আসল অনুষ্ঠান। ছায়ানটের কণ্ঠে জাতীয় সংগীত। সবাই মিলে গলা ফাটিয়ে গাইছি, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। বক্তৃতা পর্বটা একটু ঝুলিয়ে দিল বুঝি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বরং পরিমিত। আর তাঁর হাতের ছোঁয়াতেই শুরু হলো আতশবাজি, রং আর আলোর খেলা। রিকশায় অধিনায়কেরা। ধোনি কিংবা আফ্রিদির জন্য বাড়তি তালি। আর যেই এলেন সাকিব আল হাসান, চিৎকার করে উঠলাম ‘বাংলাদেশ, বাংলাদেশ’। পুরো গ্যালারি চিৎকার করছে ‘বাংলাদেশ’ বলে। এই অনুষ্ঠানটা আরও ভালো করা যেত কি না, রুনা লায়লা কেন উর্দু গান গাইলেন—নানাজনের নানা টুকরো কথা। কিন্তু আমি দেখছি হাজার হাজার বাংলাদেশি ছেলেমেয়ে মাঠজুড়ে নাচছে, এমনকি ভারত-শ্রীলঙ্কার সঙ্গেও যারা মাঠে নেচেছে, তারা আমাদের ছেলেমেয়ে। কত আলো, কত মানুষ, কত বড় আয়োজন। এর মধ্যে খুঁত খুঁজতে নেই। ভিআইপিদের স্টেডিয়াম ছাড়ার আগে দর্শকদের গ্যালারি ছাড়তে দেওয়া ঠিক হয়নি। বেরিয়ে দেখি, জনস্রোতে আটকা পড়েছে খেলোয়াড় আর ভিআইপিদের গাড়িগুলো। সাইরেন বাজাচ্ছে পুলিশের গাড়ি। মানুষ আর মানুষ। গাড়ির কত কাছে মানুষ। নিরাপত্তাকর্মীরা অসহায়। কিন্তু বাংলাদেশের মানুষের মতো অতিথিপরায়ণ আর শান্তিবাদী কে আছে দুনিয়ায়। সবাই হাত নাড়ছে—এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে। সুন্দর বাংলাদেশের সুসজ্জিত রাজধানীতে বিশ্ববাসীকে স্বাগত।