ঝলমলে বর্ণের ভিড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝ দিয়ে ঝগড়া, ঝড়ও তো হয়। কিন্তু এসবের কিছুই ছিল না বর্ণমেলায়। ঝলমলে আলোর ওই দিনটাতে শুধু ছিল ঝকমকে সব বর্ণের ঝংকার। এ জন্যই বুঝি এত বড় একটা ঝ সারা দিন দাপটের সঙ্গে দাঁড়িয়ে ছিল কোলাহলের ভেতর। ‘ঝ’-এর একটু দূরে অতিকায় ‘আ’ কেন ছিল? আকাশের নিচে নতুন একটা আশা আমাদের মনে জাগিয়ে দিয়েছে বলে? শত শত শিশুর কৌতূহলী চোখ আর আনন্দ-উচ্ছ্বাসে ভরা মুখ তো তা-ই বলে—‘আ’ মানে আকাশ আর আশা। অ মানে অজগর নয়—শুধুই অমল। এই জন্যই ভয়হীন ওরা সবাই রাজা হয়ে ওদের রাজত্বে স্বপ্নের মতো একটি দিন কাটাল। কিছুক্ষণের জন্য বর্ণমেলা দেখতে এসেছিল বাংলাদেশ এলিমেন্টারি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র নিবিড় আর ফুলকির ছোট্ট সুজলা। কিন্তু সারা দিন আর বাসায় যাওয়া হয়নি। ওদের দিন কেটেছে ঘোরের ভেতর, বর্ণের খেলায় খেলায়। মেলার প্রাঙ্গণ নাসিরাবাদ বালক উচ্চবিদ্যালয়ের মাঠের মাঝখানে নতুন জামায় নিজের নাম লিখতে লিখতে ওরা বলল, ‘মনে হচ্ছে স্বপ্ন দেখছি, বর্ণমেলা খুব মজার।’ শুধু তা-ই নয়, মহান ভাষা দিবসের ওই আয়োজনে ছোটদের জন্য ছিল অভিনব সব আয়োজন। বর্ণ তৈরি, ছবি আঁকা প্রতিযোগিতা, হাতেখড়ি, বর্ণপোশাক, বর্ণে ডাকটিকিট, বর্ণছায়া, বর্ণভোজ আর বর্ণদোলা, বর্ণবইঘর—এমন মজার নামকরণ করা হয়েছিল প্রতিটি আয়োজনের।সৃজনশীল হাতের ছোঁয়ায় বর্ণের যে কত বিচিত্র রূপ হতে পারে তা-ই অবাক হয়ে দেখেছে সবাই বর্ণ প্রদর্শনীতে। অপরূপ বর্ণে খচিত এসব বর্ণ পাঠিয়েছে ছোটরা। বর্ণমেলার আরেক মজার অনুষঙ্গ ছিল হাতেখড়ি। এখানে যারা ভিড় করেছিল, তাদের এখন মাত্র বর্ণ চেনার বয়স। বর্ণপরিচয়ের এই সময়টা স্মরণীয় করে রাখতে ওদের হাতেখড়ি দিলেন শিল্পী আবুল মনসুর, কে এম এ কাইয়ুম, নাসিমা মাসুদ, অধ্যাপক ভুঁইয়া ইকবালের মতো গুণীজনেরা। ছবি আঁকার প্রতিযোগিতায় এসেছিল নাসিরাবাদ বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ফারিয়া তাবাসসুম। তুলি দিয়ে যে রং সে ছড়িয়ে দিয়েছে কাগজে, তা যেন তার মনেও ছড়িয়ে গেছে। তাই ছবি আঁকা শেষ করে বাসায় ফিরে যায়নি। সে খুব মজা পেয়েছে বর্ণদোলায় (নাগরদোলা) চড়ে। বইঘর থেকে বইও কিনেছে তাবাসসুম। ডা. খাস্তগীর স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী প্রযুক্তা প্রেরণা চৌধুরী ছবি আঁকা আর হাতের লেখা প্রতিযোগিতায় অংশ নিয়েছে। হাতের লেখায় দ্বিতীয় পুরস্কার পাওয়ার আনন্দের চেয়েও তাকে বেশি আনন্দিত করেছে চ্যানেল নাইন। এই টিভি চ্যানেলটি বর্ণমেলার সব অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে। তারই এক ফাঁকে প্রেরণার সাক্ষাৎকারও প্রচারিত হয়। সে অভিজ্ঞতার কথা তার মনে থাকবে চিরদিন। বর্ণের ডাকটিকিটের সামনে অবাক হয়ে তাকাচ্ছিল কেজি ওয়ানের শিক্ষার্থী সুবাহ। তার হাতে ছিল একটা রসাল মিষ্টি ‘ম’। এই বর্ণের পিঠাটি মা তাকে কিনে দিয়েছেন বর্ণভোজ নামে খাবার দোকান থেকে। বর্ণভোজের পাশেই ছিল বর্ণপোশাক। এখানে মহান একুশের ভাব আর মেজাজ মিলিয়ে তৈরি করা নানা পোশাকের পসরা সাজিয়েছেন কয়েকজন। সব কটা আয়োজনে ঘুরতে ঘুরতে সময় কেটে যাচ্ছিল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী সিয়ামের। হঠাৎ দেখল মঞ্চে চলছে মজার পাপেট শো। পুতুলগুলো কেমন মানুষের মতো কথা বলল, গাইল, নাচল, হাসল আর সবাইকে হাসাল। শুধু কি পাপেট শো? সারা দিনের এই মহাযজ্ঞে মঞ্চে গান গাইল কণ্ঠশিল্পী রাশেদ, নিশিতা, অরিন ও চৈতি। জাদু দেখালেন রাজীব বসাক। নাটকের মাধ্যমে ইতিহাসকে তুলে ধরেছে নাটকের দল নাটুয়া, লোকগান গেয়েছেন গিরিজা, যন্ত্রসংগীত বাজিয়ে মন্ত্রমুগ্ধ করেছে প্রিয়তোষ ও তার দল, দেশ ও উদ্দীপনার গান গাইল উদীচী শিল্পীগোষ্ঠী ও সংগীত ভবন, দলীয় আবৃত্তি পরিবেশন করেছে আবৃত্তি সংগঠন প্রমা। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বাংলাদেশ মহিলা সমিতি উচ্চবিদ্যালয়, মেরিন সান স্কুল, কুসুমকুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় ও সিলভার বেলস স্কুল অ্যান্ড কলেজের বন্ধুদের পরিবেশনাও উপস্থিত হাজারো দর্শককে মোহিত করে রাখে সারা দিন। আর এসব পরিবেশনার সঙ্গে সঙ্গে প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক জাহীদ রেজা নূর, সায়েম এবং নুসরাতের সরস উপস্থাপনা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে রাখে। সেই সকালে একুশের এই শীতল সকালে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেছিলেন ভাষাসৈনিক ডা. সৈয়দুর রহমান চৌধুরী। তার পরপরই সংগীতের দল রক্তকরবী জাতীয় সংগীত আর দেশের গানের মাধ্যমে অনুষ্ঠানমালার শুরু হয়। তারপর নানা কর্মকাণ্ডের মধ্যে সূর্য কখন পাটে নেমে গেছে কেউ যেন টেরও পায়নি। সবশেষে সবাইকে ধন্যবাদ দিয়ে প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী অনুষ্ঠানের সমাপ্তি টানার পর মাঠ ছেড়ে যেতে যেতে অভিভাবক অধ্যাপক আবু তাহের চৌধুরী বললেন, ‘ছোটদের জন্য এমন আয়োজন কোনো দিবসেই কেউ তো করে না, প্রথম আলো করল। বিবর্ণ শৈশবের অন্তত একটা দিন বর্ণিল করে দিল বর্ণমেলা।’ এই স্মৃতি তাদের কাছে অমলিন হয়ে থাকবে।