ঝামেলা এড়াতে স্বেচ্ছা বন্দী লিন্ডসে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মাত্র ১০ দিন বাদেই শেষ হচ্ছে হলিউডের আলোচিত অভিনেত্রী লিন্ডসে লোহানের সাজার মেয়াদ। ২৯ মার্চের পর থেকে লস অ্যাঞ্জেলেস কাউন্টি মর্গে আর কমিউনিটি সার্ভিস দিতে হবে না তাঁকে। এই সময়ে যাতে নতুন কোনো ঝামেলায় জড়িয়ে না পড়েন, সেই লক্ষ্যে সম্প্রতি বন্ধুদের পরামর্শে স্বেচ্ছা বন্দীত্বের সিদ্ধান্ত নিয়েছেন ২৫ বছর বয়সী এই ‘মিন গার্লস’ তারকা।দিনকয়েক আগে আবারও বিতর্কিত কর্মকাণ্ডের জন্য খবরের শিরোনাম হয়েছেন লিন্ডসে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি তাঁর গাড়ি দিয়ে এক ব্যক্তিকে চাপা দিয়েছেন। ১৫ মার্চ বৃহস্পতিবার ভোরে লিন্ডসের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন হলিউডে অবস্থিত নাইট ক্লাবের একজন অতিথি। তিনি দাবি করেন, ‘বুধবার রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর পাপারাজ্জিরা লিন্ডসের কালো রংয়ের পোর্শে গাড়িটিকে ঘিরেও ধরেছিলেন। কিন্তু পুলিশ ঘটনাস্থলে আসার আগেই সেখান থেকে চম্পট দেন লিন্ডসে। যেহেতু আমার আঘাতটি তেমন গুরুতর নয়, তাই পুলিশ কোনো মামলাও নেয়নি।’অবশ্য এই অভিযোগকে ডাহা মিথ্যে বলেই দাবি করেছেন লিন্ডসে। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘এটা পুরোপুরি মিথ্যা এবং বানোয়াট একটি অভিযোগ। আমি এখন কমিউনিটি সার্ভিস নিয়ে ব্যস্ত আছি। তাই নাইট ক্লাবে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এ ধরনের মিথ্যে অভিযোগ শুনে আমি বিস্মিত।’ঘটনার সত্য-মিথ্যা সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও, এই ঘটনার পর লিন্ডসের কাছের বন্ধুরা তাঁকে অনেক বেশি সতর্ক থাকতে বলেছেন। আর মাত্র ১০ দিন বাদেই তাঁর সাজার মেয়াদ শেষ হচ্ছে। আর তাই এই কয়েকটা দিন ঘর থেকে লিন্ডসেকে বের হতে বারণ করেছেন তাঁর বন্ধুরা। লিন্ডসেও বন্ধুদের পরামর্শ মেনে নিয়ে এই কয়েকটা দিন ঘর থেকে বের না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।