ঝালকাঠি পৌরবাসীর নানা সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি পৌরসভা ১৮৭৫ সালে প্রতিষ্ঠার পর ১৯৮৪ সালে দ্বিতীয় শ্রেণী ও ১৯৯৯ সালে প্রথম শ্রেণীর মর্যাদা পায়। ১৬ দশমিক ৪৮ বর্গকিলোমিটার আয়তনের এ পৌরসভায় বর্তমানে প্রায় ৮০ হাজার লোকের বাস। কিন্তু পৌরভবনে প্রবেশ করলেই এর দৈন্যদশা চোখে পড়ে। সমস্যার বেড়াজালে আটকে গেছে পৌরবাসী। পানি সমস্যা, পয়োনিষ্কাশন সমস্যা, বিদ্যুত্ সমস্যা, ট্রাফিক নিয়ন্ত্রণে অব্যবস্থা, অপ্রতুল শিক্ষাব্যবস্থা, চিত্তবিনোদন সুবিধার অভাব, জনস্বাস্থ্য এবং জননিরাপত্তার প্রতি উদাসিনতাসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত পৌরবাসীর জীবন।পানি সমস্যা: পৌরসভার নয়টি ওয়ার্ডের মধ্যে ছয়টি ওয়ার্ড পৌরসভার পানি সরবরাহের আওতায় থাকলেও ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে পানি সরবরাহের লাইন নেই। ৩ নম্বর ওয়ার্ডে আংশিক পানি সরবারহের লাইন রয়েছে। পৌর পানি শাখা সূত্র জানায়, ঝালকাঠি পৌরসভায় মোট পানির লাইন রয়েছে ৩৫ কিলোমিটার। বর্তমানে গ্রাহক তিন হাজার ৪৩৫ জন। অপরদিকে পৌরসভার হোল্ডিং সংখ্যা সাত হাজার ৭৫০টি। সে হিসাবে অর্ধেক পৌরবাসী এখনো পানি সরবরাহ সুবিধা থেকে বঞ্চিত।পয়োনিষ্কাশন সমস্যা: ঝালকাঠি পৌরবাসীর প্রধান সমস্যা পয়োনিষ্কাশনের সমস্যা। অপরিকল্পিত ড্রেন, গণ-শৌচাগারের অভাব ও যেখানে-সেখানে খোলা ল্যাট্রিন থাকায় এ সমস্যা প্রকট হয়েছে। সর্বোপরি শহরের মধ্য দিয়ে প্রবাহিত খালগুলো ভরাট ও দখলের কারণে পৌরবাসীর জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই শহরের রাস্তাঘাট তলিয়ে যায়। পৌর কর্তৃপক্ষের হিসাবমতে, পৌর এলাকায় পাকা নর্দমার পরিমাণ ১৩ দশমিক ৮৫ কিলোমিটার, কাঁচা নর্দমার সঠিক পরিসংখ্যান নেই। কাঁচা নর্দমার প্রায় পুরোটাই ভরাট হয়ে গড়ে উঠেছে ঘরবাড়ি, দোকান-পাট। পাকা নর্দমার ওপরেও দোকান কিংবা হকারেরা সাজিয়ে বসেছে স্থায়ী দোকান। ফলে এসব নর্দমা পরিষ্কার করা হচ্ছে না। আর আবর্জনা জমে বাধা হয়ে উঠেছে ময়লা পানি নিষ্কাশনের। পৌরসভায় স্থায়ী ডাস্টবিন নেই। প্লাস্টিকের ড্রাম কেটে শহরের বিভিন্ন স্থানে কাগজ-কলমে ১০০টি অস্থায়ী ডাস্টবিন স্থাপন করা হলেও এর বেশির ভাগই চুরি হয়ে গেছে। পয়োনিষ্কাশনব্যবস্থা না থাকায় শহরের ল্যাট্রিনগুলো নিয়মিত পরিষ্কার করতে হলেও ময়লা ফেলার কোনো নির্ধারিত স্থান নেই। সড়ক সমস্যা: পৌর শহরে মোট সড়ক ১০৬ দশমিক ২২ কিলোমিটার। এর মধ্যে কার্পেটিং সড়ক ২৮ কিলোমিটার, সিসি ও আরসিসি সড়ক ২৫ কিলোমিটার, এইচবিবি সড়ক ১৭ কিলোমিটার এবং কাঁচা সড়ক ৩৬ কিলোমিটার। কার্পেটিং সড়কের মধ্যে থানার চৌমাথা থেকে সাধনার মোড়, সদর চৌমাথা থেকে গার্লস স্কুল মোড়, সাধনার মোড় থেকে জনতা ব্যাংক মোড়, পূর্বচাঁদকাঠি ব্র্যাক অফিস থেকে বিকনা পর্যন্ত এবং আমতলা সড়কের কার্পেটিং উঠে ইট বেরিয়ে গেছে। বর্ষাকালে এসব সড়ক দিয়ে চলাচল করা দায়। এ ছাড়া বাঁশপট্টি, কাটপট্টি, ফকিরবাড়ি আরসিসি সড়কের অবস্থা খুবই করুণ। বর্ধিত পৌর এলাকার এইচবিবি সড়কের অধিকাংশ স্থানেই ইট সরে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অপরদিকে শহরে নিয়ন্ত্রণহীনভাবে ভারী ট্রাক চলাচল করায় প্রায় সবাই সড়কই চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। নর্দমার ওপর ঢাকনা নেই: শহরের অধিকাংশ সড়কের দুই পাশে গভীর ও অগভীর নর্দমা নির্মাণ করা হলেও কোনো নর্দমার ওপরই ঢাকনা নেই। ফলে পথচারীরা প্রায়ই নর্দমায় পড়ে আহত হচ্ছে। রাস্তা ও ড্রেনের উচ্চতা সমান হওয়ায় একটি রিকশা আরেকটি রিকশাকে সাইড দিতে গিয়ে অনেক সময় চাকা ড্রেনে পড়ে চালক ও যাত্রী দুর্ঘটনার শিকার হচ্ছেন। যেসব সড়কের নর্দমায় ঢাকনা নেই, সেগুলো হলো রোনালসে রোড, থানা রোড, আমতলা রোড, ডিসি অফিস সড়ক ও পোস্ট অফিস সড়ক। হাটবাজারের হ-য-ব-র-ল অবস্থা: পৌরসভায় স্বীকৃত বাজার রয়েছে একটি। তাও আবার ঘিঞ্জি অলিগলির মতো। পয়োনিষ্কাশন-ব্যবস্থার অভাবে সব সময় কাদা আর নোংরা পানিতে মাখামাখি করে ক্রেতা-সাধারণ তাঁদের প্রাত্যহিক কেনাকাটা সারেন। বাজারের ওপর পৌর কর্তৃপক্ষ কিংবা স্বাস্থ্য বিভাগের আদৌ নিয়ন্ত্রণ আছে বলে মনে হয় না। মাছের বাজারে দালাল আর ফড়িয়াদের প্রতারণার ফাঁদে পড়ে সধারণ মানুষ গলাকাটা দামেই পচা-বাসি মাছ কিনতে বাধ্য হন। মাংস বিক্রি হচ্ছে অহরহ। মহিষের মাংস হয়ে যাচ্ছে গরুর মাংস, ভেড়ার মাংস হচ্ছে খাসির মাংস।পৌর এলাকায় কমপক্ষে আরও নয়টি বাজার বসে। এগুলো সবই রাস্তার ওপর। এগুলোর মধ্যে চাঁদকাঠি বাজার, পালবাড়ি (পূর্ব ও পশ্চিম) বাজার, স্টিমারঘাটের মোড়, কাটপট্টি ট্রলারঘাট বাজার, বাসন্ডা বাজার ও বিশ্বরোড কলেজ মোড় বাজার। এর বাইরে গুরুধাম এবং সুতালরিতেও দুটি বাজার বসে। পৌর এলাকার হোটেল রেস্তোরাঁগুলোতে পচা-বাসি খাবার বিক্রি হচ্ছে। চিত্তবিনোদনের ব্যবস্থা নেই: পৌর শহরে চিত্তবিনোদনের কোনো ব্যবস্থা নেই। ঝালকাঠি পৌরসভার এক প্রান্তে গড়ে উঠেছে সিটি পার্ক। পৌর কর্তৃপক্ষ ও রাজনৈতিক দলগুলোর অসহযোগিতার কারণে এটি তার ঐতিহ্য ধরে রাখতে পারেনি। পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রের কারণে সিটি পার্কের পরিবেশ নষ্ট হয়েছে। শহরে বড় অনুষ্ঠান করার মতো কোনো মিলনায়তন না থাকায় ১৯৮১ সালে নির্মাণ করা হয় পৌর টাউন হল। কিন্তু ডিজাইনে ত্রুটি থাকায় এ হলে খুব একটা অনুষ্ঠান করা হয়নি। পরে ১৯৯১ সালের ঝড়ে টাউন হলের টিনের চালা উড়িয়ে নিলে এটি প্রায় পরিত্যক্ত হয়ে যায়। এরপর ধীরে ধীরে এর স্টেজ জানালা, দরজা-কপাট, চালের টিন সবকিছু চুরি হয়ে যায়। বর্তমানে এ টাউন হলে সাত-আটটি সংগঠন ও একটি কলেজের সাইনবোর্ড ঝোলান আছে। তবে কেউ এটি মেরামতের ব্যবস্থা করছে না। এটি ছাড়া থানা পরিষদে সীমিত পরিসরের একটি হলই সাংস্কৃতিক সংগঠনগুলোর একমাত্র ভরসা। ২০০০ সালে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে জেলা শিল্পকলা একাডেমি ভবন নির্মাণকাজ শুরু হয়। ২০০৬ সালে এর নির্মাণকাজ ৯৫ ভাগ শেষ হতেই এটাকে উপকারাগার ঘোষণা করা হয়। ২০০৭ সাল থেকে ২০০৮ সালের ডিসেম্বর পর্যন্ত এটি ব্যবহূত হয় অস্থায়ী সেনাক্যাম্প হিসেবে। তাই শিল্পকলা একাডেমি আর সাংস্কৃতিক কর্মীরা ব্যবহার করতে পারেনি। একসময় শহরের অফিসার্স কোয়ার্টারের সামনের খালি জায়গায় প্রতিষ্ঠা করা হয়েছিল একটি শিশুপার্ক। কিছু খেলার সরঞ্জামও বসানো হয়েছিল। পরে পার্কের এক পাশে ব্যক্তিমালিকাধীন একটি কেজি স্কুল প্রতিষ্ঠা করা হয়। এরপর ক্রমে শিশুপার্কের খেলার সরঞ্জামগুলোও উধাও হতে থাকে। এখন এটি গোচারণ ভূমি। পৌরসভা চত্বরে একটি গণপাঠাগার রয়েছে। তবে সেখানে পাঠকের আনাগোনা অত্যন্ত সীমিত। অবশ্য সরকারি গণগ্রন্থগারটি ইদানীং যথেষ্ট পাঠক আকৃষ্ট করতে পারছে। এটুকু ছাড়া চিত্তদিনোদন সুযোগ বলতে আছে একটি সিনেমা হল আর ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা সাইনবোর্ডসর্বস্ব কয়েকটি ক্লাব। পরিবেশ দূষণের সব উপাদানই উপস্থিত: যত্রতত্র গজিয়ে ওঠা ওয়েল্ডিং কারখানা, জেনারেটরের শব্দ, শহরের সর্বত্র মালবাহী ট্রাকের অবাধ চলাচল, ডাস্টবিনবিহীন যত্রতত্র ময়লা-আবর্জনার স্তূপ আর অসংখ্য পরিত্যক্ত আগাছাপূর্ণ ডোবা-পুকুর ঝালকাঠির পরিবেশ ক্রমশ বিষিয়ে তুলছে। পৌর শহরের পোস্ট অফিস তথা বর্তমান বঙ্গবন্ধু সড়ক, স্টেশন রোড আব্দুল গনি বয়াতী সড়ক, কবি কামিনী রায় সড়কসহ বিভিন্ন স্থানে গড়ে উঠেছে অসংখ্য ওয়েল্ডিং কারখানা—এসব কারখানায় দিন-রাত চলে ওয়েল্ডিংয়ের কাজ, সড়কের ওপরই চলে এ কাজ। ফলে তীব্র ঝাঁঝালো আলো জনস্বাস্থ্যের ক্ষতি করছে। ইদানীং শহরের প্রধান আবাসিক এলাকা ডাক্তার পট্টি, পোস্ট অফিস রোড এবং সদর রোডে গজিয়ে উঠেছে অসংখ্য জুয়েলারির দোকান। এসব দোকানের বেশির ভাগেরই কারখানা দোকানেই। ফলে এসিডের ঝাঁঝালো ক্ষতিকর গন্ধ সইতে হচ্ছে পৌরবাসীকে প্রতিনিয়ত। ঝালকাঠি পৌরসভার প্রায় প্রতিটি রাস্তায় রয়েছে একাধিক রিকশা গ্যারেজ। আর এসব গ্যারেজের কাজ চলে রাস্তার ওপরেই। পৌরসভায় বেতনভুক্ত পরিচ্ছন্নতাকর্মী যেদিন খুশি সেদিন এসব আবর্জনা সরিয়ে নিতে আসেন। আবর্জনা ফেলার জন্য বেছে নেওয়া হয়েছে বাসন্ডা, সুগন্ধা নদী ও শহরের মধ্য দিয়ে প্রবাহিত খালগুলো। বাসন্ডা নদীর পূর্ব পাড়ে পালবাড়ি গোডাউন ঘাট থেকে কাটপট্টি ট্রলার ঘাট পর্যন্ত প্রায় ৫০টি কাঁচা ও আধাপাকা ল্যাট্রিন স্থাপন করেছে স্থানীয় লোকজন। যারা পাকা ল্যাট্রিন তৈরি করেছেন, তার ময়লাও পাইপ দিয়ে নদীতে ফেলা হচ্ছে। শহরে ছোট-বড়ো সরকারি-বেসরকারি পুকুর-ডোবার সংখ্যা ৫০টি। এসব পুকুরডোবার এক-দুটি বাদে বাকিগুলো কচুরিপানা আর আবর্জনায় পূর্ণ থাকে সারা বছর। এ কারণে পৌরবাসীকে সারা বছরই মশার উত্পাত সহ্য করতে হয়। বাজার এলাকায় একটি গণশৌচাগার চালু থাকলেও বাস টার্মিনালের গণশৌচাগারটি ব্যবহারের অযোগ্য। ফলে পথচারী ভাসমান ছিন্নমূল মানুষ যত্রতত্র প্রকৃতির ডাকে সাড়া দেন। শিক্ষা ও আবাসনসংকট: পৗরসভার প্রায় ৮০ হাজার লোকের শিক্ষার জন্য কলেজ দুটি, মাধ্যমিক বিদ্যালয় ছয়টি এবং প্রাথমিক বিদ্যালয় রয়েছে ২০টি। এর বাইরে এখানে ব্যক্তিমালিকাধীন দুটি শিশু বিদ্যালয় এবং তিনটি মাদ্রাসা রয়েছে। দুটি সরকারি কলেজে শিক্ষকের স্বল্পতার কারণে পড়াশোনা ঠিকমতো হচ্ছে না। ছয়টি মাধ্যমিক বিদ্যালয়ের একটি সরকারি বালক ও একটি সরকারি বালিকা বিদ্যালয়। দীর্ঘদিন এ দুটি বিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষক একই স্থানে চাকরি করছেন। আর ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বিভিন্ন সমস্যার ভারে জর্জরিত। মাত্রাতিরিক্ত ছাত্রছাত্রী এসব সমস্যার অন্যতম। সরকারি কোয়ার্টারে যাঁরা সুযোগ পাননি তাঁরা ব্যক্তিমালিকানাধীন ঘর ভাড়া নিয়ে থাকতে বাধ্য হচ্ছেন। যাঁরা সরকারি প্রতিষ্ঠানগুলোতে আশ্রয় নিতে পেরেছেন, তাঁরা নিজেরা শান্তি ও স্বস্তি দুটিই পাচ্ছেন, তবে ওই সব স্থানের প্রকৃত দাবিদারেরা হচ্ছেন বঞ্চিত। অপরদিকে ব্যক্তিমালিকানাধীন বাড়ির মালিকেরা গলাকাটা ভাড়া আদায় করছেন। তাঁদের ওপর নিয়ন্ত্রণ নেই কারও। রিকশার শহর: পৌরসভা থেকে এক হাজার ৮০০ রিকশার লাইসেন্স দেওয়া হলেও শহরে কমপক্ষে ছয় হাজার রিকশা চলাচল করে। শহরের কোথাও রিকশা রাখার স্ট্যান্ড নেই। রাস্তার ওপরই চলে রিকশাচালকদের যাত্রীর জন্য অপেক্ষা। এ কারণে শহরের গুরুত্বপূর্ণ কালীবাড়ী সড়কে যানজট লেগেই থাকে। পৌরসভা থেকে রিকশা ভাড়া নির্ধারণ না করায় রিকশাচালকেরা নিজেদের ইচ্ছামতো ভাড়া আদায় করেন। ঝালকাঠি লঞ্চঘাট থেকে দুই কিলোমিটার দূরত্বের বাস টার্মিনালের ভাড়া আদায় করা হয় ২৫ থেকে ৩০ টাকা। আর খুব ভোরে অথবা রাতের বেলা হলে তো কথাই নেই, তখন আদায় করা হয় ৫০ থেকে ১০০ টাকা। পৌর কর্তৃপক্ষের বক্তব্য: ঝালকাঠি পৌরসভার মেয়র আব্দুল হালিম গাজী বলেন, ‘পৌরসভার রাজস্ব আয় থেকে পৌরসভার একটি কার্পেটিং রাস্তাও পুনর্নির্মাণ সম্ভব নয়। রাস্তা নির্মাণের জন্য সরকারি বরাদ্দের ওপরই নির্ভর করতে হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চলমান দ্বিতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ঝালকাঠি পৌরসভা অন্তর্ভুক্ত হয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই প্রকল্পের কাজ শুরু হবে। যেসব রাস্তার কার্পেটিং উঠে গেছে, তা ওই প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে। অবৈধ রিকশা আটক এবং প্রতিরোধের দায়িত্ব ট্রাফিক পুলিশের। স্থানীয় বাসিন্দাদের ময়লা-আবর্জনা ফেলার ব্যাপারে আরও সচেতন হতে হবে। নাগরিকদের সহযোগিতা ছাড়া শুধু পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন না।’