ঝালকাঠি বরিশালসহ ৮ রুটে বাস চলাচল শুরু
টার্মিনাল ফি বৃদ্ধির প্রতিবাদে আজ শুক্রবার ঝালকাঠি, বরিশালসহ আটটি রুটে আড়াই ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। পরে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বেলা আড়াইটার দিকে আবার বাস চলাচল শুরু হয়। বাস চলাচল বন্ধ থাকাকালে সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়ে।ঝালকাঠি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী জানান, প্রতিবছর ঝালকাঠি পৌরসভা থেকে বাস টার্মিনাল ইজারা দেওয়া হতো। ইজারাদারেরা বাসপ্রতি ১০ টাকা টার্মিনাল ফি আদায় করতেন। এ বছর পৌর কর্তৃপক্ষ টার্মিনাল ইজারা না দিয়ে নিজেরাই গাড়িপ্রতি ৫০ টাকা টার্মিনাল ফি আদায় করতে থাকেন। আজ শুক্রবার সকাল থেকে অতিরিক্ত ফি আদায় শুরু হলে শ্রমিক ও মালিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে দুপুর ১২টা থেকে তাঁরা বাস চলাচল বন্ধ করে দেন।ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র প্রণব কুমার নাথ জানান, নবনির্বাচিত মেয়র পৌরসভার বাজেট নিয়ে ব্যস্ত থাকায় এ বছর যথাসময়ে ইজারার দরপত্র আহ্বান করা সম্ভব হয়নি। আপাতত পৌরসভা কর্মচারী দিয়ে টার্মিনাল থেকে ফি আদায় করা হচ্ছে। শিগগিরই দরপত্র আহ্বান করা হবে। ঝালকাঠি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জানান, পৌর মেয়র আফজাল হোসেনের সঙ্গে মালিক-শ্রমিকদের বৈঠক হয়েছে। বৈঠকে টার্মিনাল ফি ৫০ টাকা না নেওয়ার আশ্বাস দিলে আবার বাস চলাচল শুরু হয়।