ঝালকাঠি সরকারি মহিলা কলেজ ৫২ শিক্ষক পদের ৩৩টি শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি জেলার একমাত্র মহিলা কলেজের নাম ঝালকাঠি সরকারি মহিলা কলেজ। বর্তমানে এ কলেজে অধ্যয়নরত ছাত্রীর সংখ্যা এক হাজার ৫৫১। ১৯৮১ সালের ১৫ জানুয়ারি ঝালকাঠি মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৬ বছর পর ১৯৯৭ সালের ৭ এপ্রিল কলেজটি সরকারি করা হয়। বর্তমানে এ কলেজে উচ্চমাধ্যমিক ও বিএ পাস কোর্সের বিভিন্ন বর্ষে দেড় হাজারের বেশি ছাত্রী লেখাপড়া করছেন। অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ অনুমোদিত শিক্ষকের পদ ৫২টি। অথচ বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ১৯ জন শিক্ষক। ৩৩টি শিক্ষকপদই শূন্য। কলেজের প্রভাষক আনোয়ার হোসেন জানান, এখানে অনার্স কোর্সের চাহিদা রয়েছে। কিন্তু যেখানে শিক্ষক-সংকটের কারণে উচ্চমাধ্যমিক এবং পাস কোর্সের ছাত্রীদেরই ঠিকমতো পাঠদান করানো যাচ্ছে না, সেখানে অনার্স কোর্স চালুর উদ্যোগ নেওয়ার সাহস পাওয়া যাবে কীভাবে। অফিস সহকারী মো. আউয়াল জমাদ্দার জানান, কলেজটি সরকারি করার সময় থেকে এখন পর্যন্ত অর্থনীতি, ইতিহাস, বাংলা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপকের পদ শূন্য রয়েছে। এ ছাড়া পদার্থবিজ্ঞান, ব্যবস্থাপনা, রসায়ন, অর্থনীতি ও সমাজকল্যাণ বিষয়ের সব কটি শিক্ষকের পদ বর্তমানে শূন্য। ইংরেজি বিষয়ে চারটি পদের বিপরীতে একজন, বাংলা বিষয়ে তিনটি পদের বিপরীতে একজন এবং রাষ্ট্রবিজ্ঞানের চারটি পদের বিপরীতে একজন শিক্ষক বর্তমান। অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘শিক্ষকের শূন্যপদ পূরণের জন্য প্রতি মাসে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। পরীক্ষার ফল ভালো করার জন্য আটটি বিষয়ে একজন করে অতিথি শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। অন্যান্য সমস্যা সমাধানের জন্য স্থানীয় সংসদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।’