ঝালকাঠিতে জঙ্গি সন্দেহে ৯ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির রাজাপুর উপজেলায় জঙ্গি সন্দেহে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলা সদরের শরীফ বাড়িসংলগ্ন একটি টিনশেড ঘর থেকে পুলিশ এদেরকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে। তাদেরকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আজ মঙ্গলবার আদালতে আবেদন করা হবে বলে পুলিশ জানিয়েছে।গ্রেপ্তারকৃতেরা হলেন—আনোয়ার কবির মিলন, সাইফুল ইসলাম, মো. মাসুম, আবদুর রহমান, আবদুল আউয়াল, মো. ওয়ালিউল্লাহ, আল আমিন সিকদার এবং দুই শিশু মো. আরিফ ও মো. আবদুল্লাহ। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন জানান, খুলনা, পটুয়াখালী, কক্সবাজার ও গোপালগঞ্জ জেলার নয় ব্যক্তি দেড় মাস ধরে শরীফ বাড়িসংলগ্ন ওই ঘরে বাস করে আসছিল। জঙ্গিদের সঙ্গে সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ হওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি ইসলামি বই, তিনটি স্ক্রু ড্রাইভার, একটি তাতাল ও একটি টেস্টার উদ্ধার করা হয়েছে।জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতেরা পুলিশকে জানায়, রাজাপুরের বিভিন্ন স্থানে ইসলাম প্রচার (দীনের দাওয়াত) এবং পেনসিল কাটার, টেস্টার ও তাতাল বিক্রি করার জন্য তারা রাজাপুরে অবস্থান করছিল। তারা আরও জানায়, ভোলার চরফ্যাশন উপজেলার প্রফেসর আবদুল মজিদ নামের এক ব্যক্তি তাদের ওস্তাদ। তিনি চরফ্যাশন কলেজের সাবেক অধ্যক্ষ। তাঁর নির্দেশেই এরা ইসলাম প্রচারের (দীনের দাওয়াত) জন্য রাজাপুরে আসে।