ঝালকাঠিতে ট্রলার ডুবে দুই যাত্রী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির সুগন্ধা নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে মিরাজ হোসেন (৪৮) ও বেলায়েত হোসেন (৫০) নামের দুজন যাত্রী নিখোঁজ রয়েছেন। গতকাল শনিবার রাতে লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজ রোববার দুপুর দুইটা পর্যন্ত তাঁদের সন্ধান পাওয়া যায়নি।ট্রলারের মাঝি হাকিম হাওলাদার জানান, ১৬ জন যাত্রী নিয়ে ট্রলারটি লঞ্চঘাট থেকে সুগন্ধা নদীর দক্ষিণ পাড়ে কিস্তাকাঠি যাচ্ছিল। এ সময় ফাইভ স্টার শিপিং কোম্পানির মুন্নি শাহ-১ নামের মালবাহী জাহাজের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। যাত্রীদের মধ্যে ১৪ জন সাঁতরে তীরে পৌঁছাতে সক্ষম হলেও সদর উপজেলার দেউরি গ্রামের বেলায়েত হোসেন ও কিস্তাকাঠি গ্রামের মিরাজ হোসেন নিখোঁজ হন। এ ঘটনায় জাহাজের সুকানি বিপ্লব ও মাস্টার মোতালেব হোসেনকে পুলিশ আটক করেছে।ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমেদ জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, জাহাজের মালিক বাকেরগঞ্জের হাজি মককুল হোসেন। তিনি ঢাকায় থাকেন। দুর্ঘটনার খবর তাঁকে জানানো হয়েছে।