ঝালকাঠিতে বিএনপিদলীয় সাবেক সাংসদের গাড়িতে হামলা
ঝালকাঠি-২ আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ ইসরাত সুলতানাকে (ইলিন ভুট্টো) বহনকারী মাইক্রোবাসে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের শিমুলতলায় এ ঘটনা ঘটে।সাবেক সাংসদের সফরসঙ্গী ও স্থানীয়রা জানায়, ইসরাত সুলতানা আজ সেখানে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় করতে যান। দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতা-কর্মী সাবেক সাংসদকে বহনকারী মাইক্রোবাসের গতিরোধ করে তাঁকে এলাকা ছেড়ে চলে যেতে বলেন। এ সময় ইসরাত সুলতানার সফরসঙ্গীদের সঙ্গে ওই নেতা-কর্মীদের হাতাহাতি হয়। একপর্যায়ে ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীরা ইসরাতকে বহনকারী মাইক্রোবাসের দুটি জানালার কাচ ভাঙচুর করে। এতে বাধা দিতে এসে মোল্লারহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আহত হন। ইসরাত সুলতানা বলেন, ‘আমি দীর্ঘদিন পর এলাকার মানুষের সাথে দেখা করতে এসেছি খবর পেয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্দেশে যুবলীগ নেতা মোত্তাকিন বিল্লাহর নেতৃত্বে এ হামলা চালানো হয়।’ নলছিটি উপজেলা শেখ রাসেল স্মৃতিসংঘের সভাপতি যুবলীগের নেতা মোত্তাকিন বিল্লাহ বলেন, ‘হামলার বিষয়ে আমি কিছুই জানি না, তবে শুনেছি ইউনিয়ন ছাত্রলীগ-যুবলীগ নেতা-কর্মীরা ইলেন ভুট্টোর গাড়িতে হামলা চালিয়েছে।’ নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান বলেন, ‘স্থানীয় চৌকিদারের মাধ্যমে সাবেক সাংসদের গাড়িতে হামলার খবর পেয়ে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কিন্তু তারা সেখানে গিয়ে কাউকে পায়নি। কারা হামলা করেছে তা-ও জানা যায়নি। সাবেক সংসদ সদস্যের পক্ষ থেকেও কোনো অভিযোগ করা হয়নি।’