ঝালকাঠিতে ভাঙছে বেড়িবাঁধ
ঝালকাঠির তিনটি উপজেলা—রাজাপুর, নলছিটি ও কাঁঠালিয়ায় নদীতীরবর্তী এলাকার বেড়িবাঁধ ভাঙছে প্রতিনিয়ত। বেড়িবাঁধের পাশে বসবাসকারী আতঙ্কিত মানুষ ভাঙনের ভয়ে রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারছে না।সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, রাজাপুর উপজেলার মঠবাড়ী ও বড়ইয়া ইউনিয়নের বিষখালী নদীতীরবর্তী ভাঙনকবলিত এলাকায় প্রায় ২০ কিলোমিটার বেড়িবাঁধ নভেম্বরের প্রথম সপ্তাহে অস্বাভাবিক জোয়ারের পানিতে ডুবে গিয়েছিল। এ সময় বাঁধ অতিক্রম করে পানি ঢুকে তলিয়ে যায় মানকি-সুন্দর, ডহরশংকর, পুখুরীজানা, বাদুড়তলা, চল্লিশকাহনিয়া চরপালট, উত্তর পালট, দক্ষিণ পালট, কাছিছোড়া, গুড়াভাঙা, পাড়কান্দা, কলাকোপা ও চরকাঠি গ্রাম। পানিবন্দী হয়ে পড়ে কয়েক হাজার মানুষ। বিষখালী নদীর পাড়ে বসবাসকারী স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন বলেন, ‘ভাঙনকবলিত বেড়িবাঁধের অধিকাংশ এলাকা পানিতে ডুবে গিয়েছিল। পানি কমার সঙ্গে সঙ্গে বেড়িবাঁধ ভাঙতে শুরু করে। ২০ কিলোমিটার বেড়িবাঁধের মাঝামাঝি তিনটি স্থান ভেঙে গেছে। বেশ কয়েকটি স্থানে ফাটল ধরেছে।’ ভাঙনকবলিত এলাকার বড়াইয়া গ্রামের মো. হাকিম বলেন, ‘পানি উঠছে হেই সময় ভয় পাইছি। পানি কমছে ঠিকই, তয় বাঁধ ভাইঙ্গা গ্যাছে, এহন পানি উঠলে আর বাঁচতে পারমু না।’ জানা গেছে, নদীপাড়ের কাঁঠালিয়া সদর, আমুয়া বন্দর, হেতালবুনিয়া, মশাবুনিয়া, চিংড়াখালী, জয়খালী, কচুয়া, সৌলজালিয়া, আওড়াবুনিয়া, জাঙ্গালিয়া ও রগুয়ারচর গ্রামের বাসিন্দারা নিজস্ব উদ্যোগে মাটি কেটে একটি বাঁধ তৈরি করেছিলেন। অস্বাভাবিক জোয়ারের পানি সেই বাঁধ অতিক্রম করে এসব গ্রাম তলিয়ে যায়। টানা তিন দিনের জমে থাকা পানি নদীতে নেমে গেছে। পানির সঙ্গে বাঁধও ভেঙে নেমে গেছে নদীতে। স্থায়ী বাঁধ না থাকায় এখানে জোয়ারের পানি বৃদ্ধি পেলেই তলিয়ে যায় ঘরবাড়ি ও ফসলি জমি। কাঁঠালিয়ার কৃষক মানিক খান বলেন, ‘স্থায়ীভাবে আমাগো একটা বেড়িবাঁধ না কইর্যা দেলে পানিতে ডুবইয়্যা মরতে অইবে।’কাঁঠালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, ‘স্থায়ী বেড়িবাঁধ না থাকায় যেকোনো সময় পানি উঠে প্রায় ১০ হাজার হেক্টর আবাদি জমি তলিয়ে যায়। অনেক সময় পানি স্থায়ী হলে ফসলের ব্যাপক ক্ষতি হয়। কৃষকদের বাঁচাতে নদীতীরবর্তী এই এলাকায় বেড়িবাঁধ নির্মাণ করা প্রয়োজন।’এ ছাড়া নলছিটি উপজেলার হদুয়া, তেতুঁলবাড়িয়া ও ভবানীপুর গ্রামের বিষখালী নদীতীরবর্তী এলাকার বেড়িবাঁধের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। মোল্লারহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সালাম বলেন, ‘সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত করার পর আবার জোয়ারের পানিতে তলিয়ে গিয়ে নতুন করে কিছু অংশ ভেঙেছে এবং বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে।’কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক সিকদার বলেন, ‘এই বেড়িবাঁধ নির্মাণের জন্য নদীতীরবর্তী এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি করে আসছে। বাঁধটি নির্মাণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যেই একটি প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’ এ ব্যাপারে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী মইনউদ্দিন খান বলেন, ‘সম্প্রতি পানি উঠে বেড়িবাঁধের ক্ষতি হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’