ঝালকাঠিতে মোটরসাইকেল উল্টে তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি সদরে ঝালকাঠি-খুলনা আঞ্চলিক মহাসড়কের গাবখান সেতুর পূর্ব ঢালে মোটরসাইকেল উল্টে তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন ঝালকাঠি জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সৈয়দ শামসুল আলম (৬২), তাঁর বড় ভাই রাজাপুর বড়ইয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সৈয়দ শাহ আলম (৭০) ও মোটরসাইকেলের চালক মো. ইলিয়াস আলী খান (২৮)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে রাজাপুর সদরের বাসা থেকে মো. ইলিয়াস আলী খানের মোটরসাইকেল ভাড়া করে শামসুল আলম ও তাঁর ভাই শাহ আলম ঝালকাঠির দিকে রওনা হন। মহাসড়কের গাবখান সেতুতে পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি ফুটপাতের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে শামসুল আলম নিহত হন। স্থানীয় লোকজন আহত শাহ আলম ও মোটরসাইকেল চালক ইলিয়াস আলী খানকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর দুপুরের দিকে তাঁদের মৃত্যু হয়। ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত শামসুল আলম ও শাহ আলম রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা গ্রামের মৃত সৈয়দ মোবারেক আলী এবং নিহত মোটরসাইকেল চালক ইলিয়াস আলী খান একই উপজেলার বাইপাস মোড় এলাকার আবদুর রশীদ খানের ছেলে।