ঝালকাঠিতে সাবেক পুলিশকে কুপিয়ে জখম
ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া গ্রামে মো. হুমায়ুন কবির (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। হুমায়ুন কবির পুলিশের একজন অবসরপ্রাপ্ত হাবিলদার। জুয়া খেলায় বাধা দেওয়ার জন্য তাঁর ওপর হামলা করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। হুমায়ুন কবিরকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় সন্দেহভাজন দুই যুবকের মাকে আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে উত্তর সাতুরিয়ার বাড়ি থেকে পার্শ্ববর্তী বাজারে যাওয়ার পথে তিন-চারজন যুবক হুমায়ুন কবিরকে ঘিরে ধরেন। এ সময় তাঁরা হুমায়ুনের দুই হাত ও ডান পা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সকেরা উন্নত চিকিত্সার জন্য তাঁকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। ঘটনায় জড়িত সন্দেহে লিটন হোসেন ও নাইম হোসেনের মা মাহিমা বেগম ও ইয়াসমিন বেগমকে আটক করেছে পুলিশ। হুমায়ুন কবিরের স্ত্রী মিনি বেগম বলেন, ‘একই এলাকার ফিরোজ কাজীর ছেলে নাইম ও মজনু মিয়ার ছেলে লিটন তাদের দলবল নিয়ে কিছুদিন থেকে গ্রামে গাঁজা ও জুয়ার আসর বসিয়ে আসছিল। আমার স্বামী তাঁদের এ কাজে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে এ হামলা চালিয়েছে।’রাজাপুর থানার উপপরিদর্শক হালিম তালুকদার জানান, স্থানীয় পর্যায় থেকে যত দূর জানা গেছে, সন্দেহভাজন যুবকদের কিছুদিন আগে জুয়া খেলায় ও গাঁজা সেবনে বাধা দেন পুলিশের অবসরপ্রাপ্ত হাবিলদার হুমায়ুন। এ ঘটনার জের ধরে এ ধরনের কর্মকাণ্ড ঘটতে পারে বলে সন্দেহভাজন যুবকদের মায়েদের আটক করা হয়েছে।