ঝালকাঠিতে ১৪৪ ধারা
ঝালকাঠিতে গাউছেল আজম খানকা শরিফের বার্ষিক সম্মেলনকে (ওরস) কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় ওই স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। খানকা শরিফ ও এর আশপাশের ২০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারির আদেশ দেন জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস। আজ শুক্রবার সকাল ১০টা থেকে ২৫ সেপ্টেম্বর সকাল আটটা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। আজ সন্ধ্যায় পশ্চিম ঝালকাঠির খানকা শরিফে এ ওরস হওয়ার কথা ছিল। এলাকাবাসী জানান, শহরের পশ্চিম ঝালকাঠি এলাকায় প্রতিবছরের মতো এ বছরও গাউছেল আজম খানকা শরিফে বার্ষিক ওরসের আয়োজন করেন মো. ইসমাইল হোসেন ও তাঁর অনুসারীরা। প্রতিবছরই এ সম্মেলন প্রতিহত করার ঘোষণা দিয়ে বিভিন্ন কর্মসূচি দেন স্থানীয় এনএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের সভাপতি মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী ও তাঁর অনুসারীরা। অপরদিকে ওরসের নামে অশ্ল¬ীলতা ও মাদকের আসর বন্ধের দাবিতে এনএস কামিল মাদ্রাসার ছাত্ররা এবং মরহুম কায়েদ সাহেব হুজুরের অনুসারীরা আজ সকাল থেকে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভকারীরা সকাল আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমানের নেতৃত্বে এক দল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের অবরোধ তুলে নিতে অনুরোধ করে। এ সময় অবরোধকারীদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা হয়। ঝালকাঠির নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম আল-আমিন ঘটনাস্থলে গিয়ে ওরস আহ্বানকারী ও প্রতিহতকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নিতে অনুরোধ করেন। বেলা ১১টায় অবরোধ তুলে নেওয়া হয়। কিন্তু মরহুম কায়েদ সাহেব হুজুর ও তাঁর ছেলে মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ খলিলুর রহমানের অনুসারীরা যেকোনো মূল্যে ওরস প্রতিরোধের এবং জুমার নামাজের পর বড় ধরনের বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন। পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠকে বসেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। বৈঠকে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত হয়। ওরসের বিরোধিতাকারী খলিলুর রহমান অভিযোগ করেন, ‘গাউছেল আজমের খানকা শরিফের নামে ওরস আহ্বান করে অশ্লীলতা ও মাদকের আসর বসানো হয়। ওরসের নামে ইসলামবিরোধী কর্মকাণ্ড বন্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেওয়া হয়। জেলা প্রশাসক কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় আজ আমরা রাস্তায় নামতে বাধ্য হই।’ ওরসের অন্যতম উদ্যোক্তা ঝালকাঠি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বলেন, ‘আমি এই খানকা শরিফের একজন ভক্ত। এখানে কোনো অশ্লীলতা হয় না। ওরসের বিরোধিতাকারীরা মিথ্যা প্রচারণা চালিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। মহামান্য হাইকোর্ট নির্বিঘ্নে ওরস পালনে সহায়তা করার জন্য জেলা ও পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। স্থানীয় প্রশাসন হাইকোর্টের নির্দেশ অমান্য করে ১৪৪ ধারা জারি করে ওরস প্রতিহতকারী আইনশৃঙ্খলা ভঙ্গকারীদের পক্ষে অবস্থান নিয়েছে। এনএস কামিল মাদ্রাসার ছাত্ররা লাঠিসোঁঠা নিয়ে পুলিশের সামনে সড়ক অবরোধ করলেও পুলিশ তাদের বাধা দেয়নি।’ জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস বলেন, ‘গাউছেল আজম খানকা শরিফের বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষে উত্তেজনা সৃষ্টি হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে।’ঝালকাঠির পুলিশ সুপার মো. মজিদ আলী বলেন, পরিস্থিতি মোকাবিলার জন্য পশ্চিম ঝালকাঠিতে শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রিজার্ভ ফোর্সও প্রস্তুত রয়েছে।