ঝালকাঠির দুই উপজেলায় ফল স্থগিত দুটি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে
ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ফলাফল স্থগিত থাকা দুটি কেন্দ্রে আজ শনিবার ফের ভোট গ্রহণ চলছে। সকাল আটটায় কেন্দ্র দুটিতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয়ে কোনো প্রকার বিরতি ছাড়াই বিকেল চারটা পর্যন্ত চলবে।সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবদুল ওয়াহেদ মৃধা অভিযোগ করেছেন, ফুলুহার কেন্দ্রে প্রতিপক্ষ প্রার্থীর কর্মীরা তাঁর কোনো এজেন্টকে আসতে দেয়নি। তবে তাত্ক্ষণিকভাবে এ ব্যাপারে প্রতিপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। প্রসঙ্গত, গত ২৯ মার্চ রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ১৮ নম্বর মধ্য ফুলুহার রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ে ভোট গণনার প্রস্তুতি চলাকালে গুলি ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে। এতে কেন্দ্রটির ভোটের ফলাফল স্থগিত রাখা হয়। কাঁঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে জোড়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শেষে সাধারণ সদস্য পদে দুজন প্রার্থী সমানসংখ্যক ৪৩৫টি ভোট পাওয়ায় কাউকেই বিজয়ী ঘোষণা করা হয়নি। কেন্দ্রটিতে নতুন করে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।