ঝালকাঠির বেড়িবাঁধ সংস্কার প্রকল্প ফাইলবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি জেলায় সিডরে ক্ষতিগ্রস্ত ৪৮ কিলোমিটার বেড়িবাঁধ সংস্কার না হওয়ায় কৃষকদের আবাদি জমির ফসল স্বাভাবিক জোয়ার এবং বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে। প্রতি বছরই নষ্ট হচ্ছে কয়েক শ একর জমির ফসল। তাই আসন্ন বর্ষার আগেই এ বাঁধ নির্মাণ করা না হলে এবারও কৃষকেরা বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, ঝালকাঠির গাবখান থেকে কাঁঠালিয়া উপজেলার আমুয়া বন্দর পর্যন্ত ৩০ কোটি টাকা ব্যয়ে ৪৮ কিলোমিটার প্রস্তাবিত বাঁধ নির্মাণ প্রকল্প ফাইলবন্দী হয়ে রয়েছে। বর্ষার আগে এটি বাস্তবায়িত হলে জেলার প্রায় ১৫ হাজার ১৫৭ হেক্টর জমি বন্যা, প্লাবন এবং স্বাভাবিক জোয়ারের পানির চাপ থেকে রক্ষা পেত। ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের মহতপুর গ্রামের কৃষক আবদুল গনি বলেন, ‘গাবখান নদীর পাড়ের বাঁধ সিডরে সম্পূর্ণ ভেঙে গেছে।’একই গ্রামের কৃষক জয়নাল আবেদীন বলেন, ‘বাঁধ না থাকায় জোয়ারের সময় এবং বর্ষা মৌসুমে নদীর পাড় উপচে পানিতে তলিয়ে যায় আবাদি জমি। ফসলি জমিতে তখন থাকে হাঁটুসমান পানি।’সাঙ্গেল গ্রামের কৃষক মজিবুর রহমান বলেন, ‘বাঁধটি সংস্কার না করায় নদী থেকে পানি উঠে পাঁচ-ছয়টি গ্রাম তলিয়ে যায়।’ চরকাঠি গ্রামের আইনুল হক বলেন, ‘সিডরের পর পানি উন্নয়ন বোর্ড মাত্র দুই কিলোমিটার বাঁধ সংস্কার করে। এতে এলাকার কৃষকের কোনো উপকার হয়নি।’ রাজাপুর উপজেলার নাপিতেরহাট গ্রামের কৃষক আবদুস ছোবাহান বলেন, ‘নাপিতেরহাট থেকে বড়ইয়া পর্যন্ত বেড়িবাঁধ না থাকায় জাঙ্গালিয়া নদীর পানিতে জোয়ারের সময় আবাদি জমি তলিয়ে থাকে।’ কাঁঠালিয়া উপজেলার হেতালবুনিয়া গ্রামের কৃষক মন্টু মিয়া, চিংরাখালী গ্রামের তোতা মিয়া ও আমুয়ার মজনু গাজী জানান, কাঁঠালিয়ায় বেড়িবাঁধ না থাকায় উপজেলার হেতালবুনিয়া, মাশাবুনিয়া, জয়খালী, চিংড়াখালী, সৌলজালিয়া ও আওড়াবুনিয়া গ্রামের আবাদি জমি প্লাবন এবং জোয়ারের পানিতে তলিয়ে যায়।ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বেড়িবাঁধ না থাকায় জেলার নলছিটি, কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলায় রবিশস্যের বেশি ক্ষতি হয়। রবিশস্যের মধ্যে মুগ ডাল, মরিচ, তিল, আলু, কুমড়া ও শাকসবজির ক্ষতি হয় বেশি। ঝালকাঠির পানি উন্নয়ন বোর্ড কার্যালয় সূত্রে জানা গেছে, সিডরের পর জেলার গাবখান থেকে কাঁঠালিয়ার আমুয়া বন্দর পর্যন্ত ৪৮ দশমিক ৭ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের জন্য ৩০ কোটি টাকার একটি প্রকল্প তৈরি করে ঢাকায় পাঠানো হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে জেলার চার হাজার হেক্টর জমির ফসল ক্ষতির হাত থেকে রক্ষা পেত। ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী কিরণ চন্দ্র হালদার বলেন, ‘এ জেলায় বেড়িবাঁধ না থাকায় প্রতি বছর বর্ষা মৌসুমে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। আমরা প্রকল্প তৈরি করে ঢাকায় পাঠাতে পারি, অনুমোদন করাতে পারি না।