ঝালকাঠির সেই মানিক জমাদ্দার অবশেষে গ্রেপ্তার
ঝালকাঠির ত্রাস সৃষ্টিকারী সন্ত্রাসী মোরশেদ জমাদ্দারের অন্যতম সহযোগী সেই মানিক জমাদ্দারকে (৪৮) অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাজাপুর থানার পুলিশ উপজেলার নৈকাঠি বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়। একটি হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তারি পরোয়ানার আসামি মানিক জমাদ্দার আদালতের নথিতে সাড়ে নয় বছর ধরে পলাতক ছিলেন। এ ছাড়া তিনি একটি চাঁদাবাজির মামলায় আট বছরের সাজাপ্রাপ্ত আসামি। কিন্তু তাঁর চলাফেরা ছিল পুলিশের সঙ্গেই। এলাকায় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্স হিসেবে পরিচিত। গত ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে র্যাবের গুলিতে পা হারানো লিমনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে এলাকায় আলোচিত ছিলেন এই মানিক জমাদ্দার। লিমন ও তাঁর পরিবারকে সন্ত্রাসী আখ্যা দিয়ে বিভিন্নজনকে সাক্ষী হিসেবে সরকারি তদন্ত কমিটির সামনে হাজির করার ক্ষেত্রেও তাঁর বড় ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া যেসব গ্রামবাসী লিমনের পক্ষে গণমাধ্যমের কাছে বক্তব্য দিয়েছেন, তাঁদেরও আইনশৃঙ্খলা বাহিনীর নাম ভাঙিয়ে ভয় দেখিয়েছিলেন। এমনকি র্যাবের বিরুদ্ধে দায়ের করা মামলাটি তুলে নিতেও মানিক জমাদ্দার লিমনের পরিবারকে হুমকি দিয়ে আসছিলেন বলে লিমনের পরিবার অভিযোগ করে। এই ফেরারি আসামিকে লিমনের ঘটনায় সরকারি তদন্ত কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এলাকায় ঘুরতে দেখা গেলেও পুলিশ এত বছর তাঁকে খুঁজে পায়নি।গত ২৭ জুলাই প্রথম আলোতে ‘পরোয়ানায় আসামির পরোয়া নেই’ শিরোনামে সংবাদ প্রকাশের পর পুলিশ মানিক জমাদ্দারকে গ্রেপ্তারে ত ৎ পর হয়ে ওঠে। রাজাপুর থানার উপপরিদর্শক আবদুল হালিম তালুকদার গতকাল প্রথম আলোকে বলেন, ‘মানিক জমাদ্দারের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলায় ২০০২ সালে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। কিন্তু থানায় কোনো তথ্যপ্রমাণ ছিল না। পত্রিকায় সংবাদ প্রকাশের পর আমরা আদালতের নথি পর্যবেক্ষণ করে বিষয়টি নিশ্চিত হয়ে তাঁকে গ্রেপ্তার করেছি।’ তিনি বলেন, অপর একটি মামলায় মানিক আট বছরের সাজাপ্রাপ্ত হলেও হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন।