আড্ডা কিংবা বিকেলের নাশতা হিসেবে ঝালমুড়ি অদ্বিতীয়। তেল-মসলায় মাখানো বলে এই মুড়ি অনেকের কাছে ‘মুড়ি মাখানো’ নামে পরিচিত। ঘরে তৈরি ঝালমুড়ির স্বাদ নেওয়ার সুযোগ যাঁদের কম, তাঁদের অনেকেই ঝালমুড়িওয়ালার কাছে যান। রাস্তার ভ্রাম্যমাণ ঝালমুড়িওয়ালাদের কেউ কেউ এখন কাচঘেরা রিকশাভ্যানে ঝালমুড়ি বিক্রি করছেন। কেউ আবার রাস্তা ছেড়ে দোকান দিয়ে বসেছেন। বিচিত্র নামের এই দোকানগুলোয় দেদার বিক্রি হয় ঝালমুড়ি। এর সত্যতা মেলে শাহবাগের জাতীয় জাদুঘরের মূল ফটকের সামনে আলমের মুড়ির দোকানে গিয়ে। প্রতিদিন বিকেল থেকে আলমের মুড়ির স্বাদ নিতে নানা বয়সী মানুষ ছুটে আসেন। সচিবালয়ের চাকুরে আশিক মাহমুদ নিয়মিত আসেন আলমের দোকানে। তিনি বলেন, ‘বিকেলের নাশতা অফিসে না করে সন্ধ্যায় চলে আসি এখানে।’ মুড়ি মাখানোর স্বাদের রহস্য জানতে চাইলে আলম খান জানান, ‘আরে পুরোটাই তো হাতের কারিশমা!’আলম খান খোলা আকাশের নিচে মুড়ি বিক্রি করলেও পুরান ঢাকার নবাবগঞ্জের ওহিদ ঝালমুড়ির দোকান দিয়ে বসেছেন। ২৫ বছরের বেশি সময় ধরে মুড়ি বিক্রির সঙ্গে জড়িত ওহিদ মিয়া বয়সের ভারে এখন অবসরে। তবে তাঁর হাতের কারিশমা আয়ত্ত করেছেন তাঁর দুই ছেলে জাহিদ ও আরমান। ঘুগনি, ছোলা, কাঁচামরিচ আর পেঁয়াজ মেশানো মুড়ি যে কতটা স্বাদের, তা বোঝা যায় এখানে ভোজনরসিকদের ভিড় দেখে।নবাবগঞ্জের সালেহা স্কুলের পাশে আছে রনির মুড়ির দোকান। তিনি অবশ্য মাখানো মুড়ির সঙ্গে চটপটি, আলুর দম আর ছোলা বিক্রি করেন। নবাবগঞ্জের সাত শহীদ কমিউনিটি সেন্টারের বিপরীতে মিলবে তারজালিতে ঘেরা ছোট্ট একটি মুড়ির দোকান। এর মালিক বর্ষীয়ান আবদুল হক। এলাকায় ‘হকের মুড়িভর্তা’ নামে খ্যাত ভ্রাম্যমাণ এই দোকান।লালবাগ কেল্লার কাছেই ‘ঐতিহ্যবাহী লালবাগ নিরাপদ মুড়ির দোকান’-এর পরিচিতি লালবাগ ছাড়িয়েও অনেক এলাকায় ছড়িয়ে পড়েছে। ছোট্ট দোকানে পা রাখার জায়গা নেই। দোকানের এই অবস্থাই জানান দিচ্ছে সব বয়সী মানুষের কাছে এই মুড়ির কদর কেমন। এখানকার তালিকায় আছে মাখানো মুড়ির নানা পদ। যেমন—রোজার দিনের মুড়ি, মজাদার মুড়ি, রকমারি মুড়ি ও কাসুন্দি মুড়ি। স্বাদ বাড়ানোর জন্য ঝালমুড়ির সঙ্গে আছে শাকিলা পানি আর শাকিলা সস।ঝালমুড়ি খেতে ধানমন্ডি থেকে লালবাগ এসেছেন রাকিব হাসান। নিজে ঝালের স্বাদ নিয়ে গিন্নির জন্যও নিলেন ঝালমুড়ি। তিনি বলেন, ‘সামান্য মুড়ি যে এত মজার খাবার হতে পারে, তা এত দিনে বুঝিনি। ভালো জিনিস তাই নিজে খেলেই তো চলে না, বাড়ির জন্যও নিয়ে যাচ্ছি।’লালবাগেরই হরনাথ ঘোষ রোডের আরেক ঝালমুড়ি বিক্রেতা ফারুকের সুনামও কম নয়। তিনি ২৮ বছর ধরে লালবাগ, চকবাজার, উর্দু রোডের বাসিন্দাদের সুস্বাদু মুড়িভর্তার তৃপ্তি দিয়ে আসছেন। তিনি জানান, তাঁর দোকানে পাঁচ থেকে ১০০ টাকা পর্যন্ত বিভিন্ন দামে মুড়িভর্তা পাওয়া যায়। পাঁচ টাকার মুড়িভর্তায় মিলবে মুরগির গিলা-কলিজার একটি টুকরো। আর স্পেশাল আইটেম হিসেবে আছে সরিষাভর্তার মুড়ি, আলুর দম মুড়ি, টক-ঝাল-তেঁতুলের মুড়ি আর মুরগির গিলা-কলিজার ভুনা মুড়ি। ফারুকের মুড়ির দোকান খোলা হয় সন্ধ্যার পরে।অন্যদিকে নয়াবাজারের ফ্রেন্স রোডে দুপুরে ছোলা ভুনা আর মুড়ির পসরা নিয়ে হাজির হন মোহাম্মদ বিল্লাল। তাঁর দোকানটি ভ্রাম্যমাণ। এর পুরোটাই লালরঙা কাপড়ে মোড়া। কাপড়ে আবার সুঁই-সুতার ফোঁড়নে লেখা ‘বিল্লালের ঝালমুড়ি’। অনেকেই লালরঙা কাপড় দেখে চিনে নেন বিল্লালের দোকানটি। তাঁর মুড়ির পদ একটিই। তাতে ঘুগনির বদলে দেওয়া হয় ছোলা ভুনা। সঙ্গে কাঁচামরিচ, সরিষার তেল, বিট লবণ আর গুঁড়া মসলা।কাচঘেরা রিকশাভ্যানে ঝালমুড়ি বিক্রি করেন মোহাম্মদ মাহফুজ। তাঁর দোকানের নাম ‘মায়ের দোয়া ঝালমুড়ি’। বায়তুল মোকাররমের ফেমাস জুয়েলার্সের পাশে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত তিনি বেচাবিক্রি করেন। তবে শুক্রবার ও যেকোনো সরকারি ছুটির দিনে তাঁকে ওখানে পাওয়া যায় না। তাঁর দোকানে ১০ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত মুড়ি মাখানো পাওয়া যায়। এর মধ্যে মুরগির গিলা-কলিজা মাখানো মুড়ি ‘হাফ’ ১৫ টাকা আর ‘ফুল’ ৩০ টাকা।