ঝাড়খণ্ডে রাষ্ট্রপতির শাসন জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে ১০ দিনের রাজনৈতিক সংকটের পর রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে। রাষ্ট্রপতি ভবন সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানায়, আজ শুক্রবার রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এ-সংক্রান্ত ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।পিটিআই জানায়, এ নিয়ে রাজ্যটি গঠিত হওয়ার পর গত ১২ বছরের মধ্যে তৃতীয়বারের মতো সেখানে রাষ্ট্রপতির শাসন জারি করা হলো। ৮ জানুয়ারি ঝাড়খণ্ডের রাজ্যপালের কাছে পাঠানো এক চিঠিতে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জোটের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়ে দেয় ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)। এতে দুই বছর চার মাসের মধ্যে এ জোট সরকার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারায়।এ বিষয়ে রাজ্যপাল সাঈদ আহমেদ ঝাড়খণ্ডে রাষ্ট্রপতির শাসন চালুর প্রস্তাব করে একটি প্রতিবেদন দেন। প্রতিবেদনের বিষয়ে বিধানসভায় আলোচনার পর গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতির শাসন জারির সুপারিশ করা হয়। বিজেপির নেতৃত্বাধীন জোট বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর রাজ্যটির মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা পদত্যাগ করেন। এর আগে ২০০৯ ও ২০১০ সালে আরও দুবার রাজ্যটিতে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছিল। বিধানসভায় বিজেপি ও জেএমএমের ১৮টি করে আসন ছিল। বিরোধী কংগ্রেসের ছিল মোট ১৩টি আসন।