ঝাড়খণ্ডে ১২ মাওবাদী নিহত
ঝাড়খণ্ড ও ওডিশার নিরাপত্তারক্ষীদের যৌথ অভিযানে শনিবার পর্যন্ত ১২ জন মাওবাদী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার ঝাড়খণ্ডের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এ কথা জানান। ঝাড়খণ্ডের পুলিশপ্রধান নেয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সারান্দা জঙ্গলে পরিচালিত নকশালবিরোধী অভিযানে এ পর্যন্ত ১০ থেকে ১২ জন মাওবাদী নিহত হয়েছে। এদের মধ্যে কয়েকজনের লাশ পাওয়া গেছে।ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) মহাপরিদর্শক ভানু প্রতাপ সিং জানান, আজ সকালে মাওবাদীরা আনন্দপুরের একটি হোস্টেল ও পঞ্চায়েত ভবন বোমা দিয়ে উড়িয়ে দিয়েছে। তা ছাড়া তারা তিরিলপশি জঙ্গলে দুটি মাইন বিস্ফোরণ ঘটিয়েছে। প্রায় দুই মাস আগে নিরাপত্তারক্ষীরা পঞ্চায়েত ভবনটিতে শিবির স্থাপন করেছিল। এদিকে নিরাপত্তারক্ষীরা মাওবাদীদের দুটি ট্রেনিং ক্যাম্প ও একটি বাঙ্কার গুঁড়িয়ে দিয়েছে এবং দুটি মারণাস্ত্র ও পাঁচটি গ্রেনেড উদ্ধার করেছে। এ অভিযানে এ পর্যন্ত তিনজন নিরাপত্তারক্ষী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে মাওবাদী বিদ্রোহীরা তাদের বন্দীদের মুক্তি দেওয়া না হলে অপহূত বাকি চারজন পুলিশকে মেরে ফেলার হুমকি দিয়েছে। গত ১৯ সেপ্টেম্বর বিদ্রোহীরা ভারতের ছত্তিশগড় রাজ্যের বিজাপুর থেকে সাতজন পুলিশকে অপহরণ করে। দুদিন পর তিনজনের লাশ পাওয়া যায়। পিটিআই ও বিবিসি