ঝাড়ুদারের ইনজেকশনে মৃত্যু, ১১ দিনেও গ্রেপ্তার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে ঝাড়ুদারের ইনজেকশনে স্কুলছাত্রী ইমা আক্তারের মৃত্যুর ১১ দিন পরও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় এবং তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। আজ সোমবার দুপুরে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যক্তিরা তীব্র ক্ষোভ জানান। ‘সম্মিলিত নাগরিক সমাজ’ এই সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষের এ অবহেলার প্রতিবাদে লাগাতার কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ সেলিম কবির সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন। লিখিত বক্তব্যে, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ঘটনার ১১ দিন পরও অভিযুক্ত চিকিত্সক, সেবিকা ও ঝাড়ুদারকে গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি আগামীকালের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য তদন্ত কমিটিকে চূড়ান্ত সময়সীমা দেন। এ সময়ের মধ্যে প্রতিবেদন না দিলে প্রাইমারি স্কুলের ক্লাস বর্জন, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে পুলিশ সুপার ও সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, যাঁদের দিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তাঁরা সবাই বেসরকারি ক্লিনিকে রোগী দেখেন। সঠিক সময়ে ও প্রকৃত দোষী ব্যক্তিদের চিহ্নিত করে প্রতিবেদন প্রকাশ করার মতো তাঁদের সময় নেই, এমনকি মানসিকতাও নেই। তদন্ত কমিটির নামে পুরো বিষয়টি আড়াল করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা। সংবাদ সম্মেলনে ইমার বাবা জালাল উদ্দিন ও মা রেখা আক্তার কান্নাজড়িত কণ্ঠে মেয়ের খুনিদের গ্রেপ্তারসহ বিচার দাবি করেন। বাংলাদেশ মহিলা পরিষদের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি সুলতানা রাজিয়া, সাধারণ সম্পাদক মায়া ভৌমিক, সহসাধারণ সম্পাদক আতিয়া রহমান, সাংস্কৃতিক সম্পাদক প্রতিভা শীল, তেল-গ্যাস-বন্দর রক্ষা কমিটির জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী মো. শহীদুল্লাহ, সাবেক পৌর কাউন্সিলর ও যুবলীগের নেতা নজরুল ইসলাম জুয়েল, গুরুদয়াল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান, ব্যবসায়ী নেতা আবদুল কাদির মাসুমসহ বিভিন্ন নারী ও মানবাধিকার সংগঠনের নেতারা সংবাদ সম্মেলনে অংশ নিয়ে কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। ইমার স্বজনদের অভিযোগ, গত ২৪ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ইমা ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে চিকিত্সাধীন ছিল। এ সময় কর্তব্যরত চিকিত্সক হাবীবুর রহমান হাসপাতাল থেকে ছাড়পত্র না দিয়েই তাকে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে অস্ত্রোপচার করেন। পরে আবার ইমাকে হাসপাতালে ফেরত দেন। গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় চিকিত্সকের পরামর্শমতো নির্ধারিত ইনজেকশন দেওয়ার জন্য কর্তব্যরত সেবিকা আকলিমা খাতুনকে অনুরোধ করা হয়। তিনি এ জন্য ৫০ টাকা দাবি করেন। সেবিকা রাজি না হলে ঝাড়ুদার রাফিজা আক্তার ইমাকে ইনজেকশন দেন। এর পরই ইমার অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়। ইমার স্বজনদের দাবি, ঝাড়ুদারের ভুল ইনজেকশনের কারণেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় শুক্রবার রাতেই ইমার বড় ভাই হেলাল মিয়া সেবিকা, ঝাড়ুদার ও চিকিত্সক হাবীবুর রহমানকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন। ইমার মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারসহ শাস্তির দাবিতে এর মধ্যে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি পালিত হয়েছে।